প্রতিশ্রুত ১০০ কোটি ডলার দিচ্ছে না আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণ শিগগিরই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘টাকাটা আমাদের দরকার হলেও তারা একটু পিছিয়ে গেল। তবে এ বিষয়ে আলোচনা সম্পূর্ণ হয়নি। ওয়াশিংটনে আবারও আলোচনা হবে।’এদিকে জ্বালানি তেলের দাম সমন্বয় ও ভর্তুকি পর্যালোচনা করতে আইএমএফের পরামর্শের কথা জানান অর্থমন্ত্রী। স্পষ্ট কিছু না জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলেও মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না।গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সফররত আইএমএফ মিশনের এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থসচিব মোহাম্মদ তারেক এ সময় উপস্থিত ছিলেন।আইএমএফ গত বছর বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অর্থের ব্যবহার নিয়ে শুরু থেকেই ঋণদাতা ও গৃহীতার মতপার্থক্য রয়েছে। আইএমএফ চেয়েছিল বাজেট-সহায়তা হিসেবে এ অর্থ দিতে। আর বাংলাদেশ চেয়েছিল অর্থ ব্যয় করা হবে লেনদেনের ভারসাম্য (বিওপি) বজায় রাখার জন্য। কিন্তু সেই অর্থ গত এক বছরেও পাওয়া যায়নি।অর্থমন্ত্রী বলেন, আগামী দিনে আমদানি কমবে। রপ্তানি-প্রবৃদ্ধি বাড়বে, বাড়বে প্রবাসী-আয়ও (রেমিট্যান্স)। তবে ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার অর্জনের ব্যাপারে আইএমএফের সন্দেহ আছে। মুদ্রা বিনিময়ের হার নিয়েও কথা বলেছেন তাঁরা। বিনিময়ের হার বাড়ছে-কমছে। মন্ত্রীর ধারণা, এটি আর বেশি বাড়বে না।ইসিএফের অর্থ পাওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি একটু পিছিয়ে গেল। তবে সব আন্তর্জাতিক সংস্থারই অর্থ ছাড়ের কিছু প্রক্রিয়া আছে। এ ক্ষেত্রেও সেই প্রক্রিয়া অনুসরণ করেই অর্থ ছাড় হবে।অর্থ পেতে গেলে বাংলাদেশকে কী করতে হবে—প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কিছু করতে হবে না। আগের প্রক্রিয়াই থাকবে। আইএমএফ আগে যেমন বলেছিল বাজেট-ঘাটতি ৫ শতাংশের মধ্যে থাকতে হবে, কর আইন করতে হবে, জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হবে, ভর্তুকি কমাতে হবে প্রভৃতি।গণমাধ্যমের প্রতি ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো আপনাদের সাধারণ অভ্যাস। সব সময়ই বলেন, আইএমএফের শর্তাবলি। মনে রাখবেন, আইএমএফের শর্তাবলি কিন্তু উল্টেও যায়।’ তিনি বলেন, ‘আইএমএফ এসেছে আমাদের অর্থনীতির স্বাস্থ্য দেখতে এবং এ বিষয়ে তাদের অভিমত জানাতে। নতুন কিছু না, সংস্থাটির আইনানুযায়ী প্রতিবছরই তারা আসে।’মুহিত জানান, ইসিএফ উদ্ভাবন করে আইএমএফ নিজেই। গত বছরের জুলাইয়ে কোরিয়াতে আইএমএফ জানায়, ‘আমরা একটা সহায়তা-কৌশল তৈরি করেছি। তোমাদের মতো দেশের জন্য তা ভালো হবে।’ তখনই ইসিএফের কথা বলা হয়।দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। কী কী চ্যালেঞ্জ—জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অনেক। এই মুহূর্তে বলা ঠিক হবে না।’জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলে যে মূল্যস্ফীতি বাড়বে, তা কীভাবে সামাল দেওয়া হবে—প্রশ্নের জবাবে মুহিত বলেন, না, তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না। কীভাবে বাড়বে না, এর ব্যাখ্যা দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে।’অর্থমন্ত্রী বলেন, খাদ্য ও জ্বালানি তেল—এ দুই বিষয়ে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার প্রশংসা করে অনেকেই। তা ছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও বাংলাদেশের সুনাম রয়েছে এবং সেটা ১৯৭২ সাল থেকেই। এর একটি পুরস্কারও থাকা উচিত।অর্থসচিব মোহাম্মদ তারেক বলেন, ‘রাজস্ব সংগ্রহে আমরা মাইলফলক উন্নতি করেছি বলে জানিয়েছে আইএমএফ।’প্রসঙ্গত, আইএমএফ থেকে এর আগে দারিদ্র্য নিরসন প্রবৃদ্ধি সহায়তা (পিআরজিএফ) কর্মসূচির আওতায় ১৯৮৭-৯০, ১৯৯০-৯৩ এবং ২০০৩-০৭ সময়কালে বড় অঙ্কের ঋণ নিয়েছে বাংলাদেশ। ইসিএফের আওতায় ১০০ কোটি ডলারের ঋণের বিষয়টি চতুর্থ উদ্যোগ।