প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা প্রথা উঠে যাওয়ার পর তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের পুনরায় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন সে সময়ের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ওই অর্থবছরে এক টাকাও খরচ হয়নি। ২০০৬-০৭ অর্থবছরের বাজেটে আবারও একই ঘোষণা দেন সাইফুর রহমান। প্রায় পাঁচ বছর পর সেই তহবিল ব্যয় করা শুরু হয়েছে ১৩ মে থেকে। এ রকমভাবে প্রতিবারই বাজেটে অর্থমন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন, বেশ কিছু নতুন তহবিল তৈরি করা হয়, কিন্তু সেগুলোর অনেক কিছুই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। পরের অর্থবছরের বাজেট বক্তৃতায় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের কিছু পরিসংখ্যান দেওয়া হয়। কিন্তু সম্পূর্ণ বাজেট বাস্তবায়নের কোনো তথ্য বাংলাদেশের ইতিহাসে কখনোই দেওয়া হয়নি। অর্থমন্ত্রী এ এম এ মুহিত প্রথমবারের মতো ছয় মাসের বাজেট বাস্তবায়ন পরিস্থিতি গত মার্চে সংসদে উপস্থাপন করেছেন। তবে সেটি ছিল মূলত বাজেটের সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর একটি পর্যালোচনা। এর বাইরে বাজেটের অনেক কিছুই রয়ে গেছে আলোচনার বাইরে। বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, বাজেট বক্তৃতা আসলে অর্থমন্ত্রীর একটি ইচ্ছাতালিকার সমষ্টি। অনেক প্রতিশ্রুতি দেওয়া থাকে, ভালো ভালো কথা বলা হয়, কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না, বাস্তবায়নের দিকনির্দেশনাও থাকে না। আর এসব বাস্তবায়নে পুরো সরকারকে কাজ করতেও আমরা দেখি না। ফলে বাজেট বক্তৃতা শেষ পর্যন্ত ভালো ভালো কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের বাজেটকে তিন ভাগে ভাগ করেছিলেন। উন্নয়ন বাজেট, অনুন্নয়ন বাজেট ও সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি বাজেট। এ জন্য তিনি দীর্ঘ বাজেট বক্তৃতায় তিনটি পাতা বরাদ্দ রেখেছিলেন, পৃথক একটি অবস্থানপত্র তৈরি করেছিলেন এবং অর্থ বরাদ্দ রেখেছিলেন দুই হাজার ১০০ কোটি টাকা। এর আগে কয়েক মাস ধরে পিপিপি নিয়ে ব্যাপক আশাবাদ তৈরি করা হয়েছিল। এ পিপিপি যে বিনিয়োগ খরা দূর করবে, তা-ও বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি শূন্য। একটি টাকাও ব্যয় হয়নি, এমনকি নীতিমালাও চূড়ান্ত করতে পারেনি সরকার। অর্থমন্ত্রী আরেকটি নতুন ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন বাজেটে। তিনি বলেছিলেন, ২০১০-১১ অর্থবছর থেকে তিনি জেলা বাজেট উপস্থাপন করবেন। সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও কর্মসূচি বাস্তবায়নের দায়বদ্ধতা নিশ্চিত করতে জেলাওয়ারি বাজেট তৈরি এবং এর ফলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন জেলা পর্যায়ে কার্যকর হলে উন্নয়ন উদ্যোগে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন।জেলাওয়ারি বাজেট শেষ পর্যন্ত করতে পারেননি অর্থমন্ত্রী। এ নিয়ে সারা বছর ধরে তেমন কোনো কাজ হয়নি। আরেকটি অসফল উদ্যোগ এ জেলা বাজেট।নির্বাচনী ইশতেহার অনুযায়ী, এক হাজার ২৪ কোটি টাকা ব্যয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প ২০০৯ সাল থেকে শুরু করার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। দুই দিন আগে মাত্র এর অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন, নতুন করে যুগোপযোগী জ্বালানি ও কয়লানীতি প্রণয়নের কাজ চূড়ান্ত হয়ে এসেছে। এ চূড়ান্ত কাজটি এখনো সেই অবস্থায়ই রয়ে গেছে।অর্থমন্ত্রী বলেছিলেন, ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান শীর্ষক একটি বড় আকারের কর্মসৃজনমূলক কর্মসূচির আওতায় এক হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’ এ কর্মসূচির বাস্তব কোনো অগ্রগতি চলতি অর্থবছরে দেখা যায়নি। এটি মূলত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শুরু হয়। প্রথম পর্যায় শেষ হওয়ার পর কর্মসূচিটি স্থগিত করা হয়েছিল। এরপর বাজেটে ঘোষণা থাকলেও কর্মসূচিটি আর আলোর মুখ দেখেনি। অর্থমন্ত্রী বলেছিলেন, এ কর্মসূচির আওতায় ৪৯ লাখ জনমাসের সমপরিমাণ কাজ সৃষ্টি হবে। অর্থাত্ অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু না হওয়ায় পরিকল্পনা অনুযায়ী কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর অনেক পদক্ষেপের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এর মধ্যে বিনিয়োগ বোর্ডে ওয়ানস্টপ সেবা সুবিধা থেকে শুরু করে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কার্যক্রম অব্যাহত রাখার কথাও ছিল। বিনিয়োগ বোর্ডে আগেও নামসর্বস্ব ওয়ানস্টপ সেবা সুবিধা ছিল, এখনো তাই আছে। বড় কোনো পরিবর্তন ঘটেনি। অন্যদিকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বেটার বিজনেস ফোরামের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমান সরকারের সময়ে এ ফোরামের আর কোনো কার্যক্রম দেখা যায়নি। বাজেট বক্তৃতায় উল্লেখ থাকলেও কার্যত এ বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম বলতে আসলে এখন আর কিছু নেই। অথচ বিনিয়োগ মন্দা কাটাতে এবং সরকারের সঙ্গে বেসরকারি খাতের সুসম্পর্ক সৃষ্টির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে বিশেষজ্ঞরা মনে করেন। অর্থমন্ত্রী এ এম এ মুহিত বাজেট বক্তৃতায় আরও বলেছিলেন, ‘আমরা কোনোভাবেই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করব না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হবে।’ বাজেট বক্তৃতার ৭৭ নম্বর পৃষ্ঠায় ছিল, ‘অর্থনৈতিক উন্নতির অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি। দুর্নীতি দূর না হলে সুশাসন নিশ্চিত হবে না। আমরা দুর্নীতি দমন কমিশনের স্বাধীন ভূমিকা নিশ্চিত করতে নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করব।’অর্থমন্ত্রীর এ বক্তব্য কেবল বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, দুর্নীতি দমন কমিশন নিয়ে উল্টো পদক্ষেপই দেখা গেছে। বিশেষ করে দাতারা দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আইন সংশোধনের প্রবল আপত্তি জানিয়ে বলেছে, এর ফলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। গবেষণা পরিচালক জায়েদ বখত সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলেন, অর্থবছর শেষে অর্থমন্ত্রীরা যখন নতুন বাজেট দেন, তখন আগের অর্থবছরের বাজেটের তেমন কোনো মূল্যায়ন থাকে না। প্রতিশ্রুতিগুলো কেন পূরণ হলো না, তা-ও বলা হয় না। অথচ এগুলো বললে ভালো হতো।