প্রতিশ্রুতি পূরণ করবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের কেজি ১৮-২০ টাকায় নামিয়ে আনা হলেও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাড়িয়ে ২৮ টাকা করা হয়। ভরা মৌসুমে চালের দাম কেন বেড়েছে, তদন্ত করা হচ্ছেমহাজোট সরকারের দুই বছরের শাসনামলে কতটুকু সাফল্য অর্জিত হয়েছে, তার বিচারের ভার দেশবাসীর উদ্দেশে ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘একটু ধৈর্য ধরুন। আমাদের সহযোগিতা করুন। আমরা প্রতিশ্রুতি পূরণ করবই।’গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, মতপার্থক্য ভুলে, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশবাসীর কল্যাণে কাজ করি।’মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাষণ দেন। তাঁর ভাষণ বাংলাদেশ বেতার ও টেলিভিশন একযোগে সম্প্রচার করে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে গত দুই বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। আগামী দিনের বেশ কিছু উন্নয়ন পরিকল্পনাও ছিল ভাষণে।২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার শপথ নেয়।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রায় ৪০ বছর পার হতে চললেও জাতির পিতা শোষণ-বঞ্চনামুক্ত, সুখী-সমৃদ্ধ যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।’বিরোধী দলের সংসদে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, সংসদের ১৭৪টি কার্যদিবসের মধ্যে মাত্র ৪৪ কার্যদিবসে বিরোধী দল উপস্থিত ছিল। বিরোধীদলীয় নেতা মাত্র পাঁচ দিন উপস্থিত ছিলেন। অথচ সংসদে কথা বলতে তাঁদের বাধা নেই। তিনি বলেন, জনগণের সম্পদ লুট করে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, যারা জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, অতীতের মতো এখনো তারা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার যেমন তারা পদে পদে বাধাগ্রস্ত করেছে, এবার তারা চাইছে যুদ্ধাপরাধীদের বিচার যাতে এ দেশে না হয়। জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী চিহ্নিত যুদ্ধাপরাধীদের কয়েকজনকে আটক করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিচারকাজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথম দুই বছরের সঙ্গে বর্তমান সরকারের দুই বছরের তুলনা করার অনুরোধ করে বলেন, ‘গত দুই বছরে জনকল্যাণে আমরা যেসব কর্মসূচি নিয়েছি, তার সবগুলোর ফলাফল হয়তো এখনই পাওয়া যাবে না। সময়ের পরিক্রমায় দেশবাসী এসব কর্মসূচির ফল দেখতে পাবে। কারণ, আমাদের সবকিছু শুরু করতে হয়েছে নতুন করে। এর পরও অনেক সফলতা অর্জিত হয়েছে।দ্রব্যমূল্য প্রসঙ্গ: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চালের কেজি ৪৫ টাকা থেকে ১৮-২০ টাকায় নামিয়ে আনা হলেও কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য পরবর্তী সময়ে তা বাড়িয়ে ২৮ টাকা করা হয়। ভরা মৌসুমে চালের দাম কেন বেড়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকভাবে বেড়েছে। এর প্রভাব দেশে পড়েছে। তিনি উৎপাদন বাড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এক ইঞ্চি জমিও ফেলে রাখবেন না। নিজেরা উদ্যোগী হয়ে উৎপাদন করুন। সরকার সহায়তা দেবে।’ তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষের বেতন বাড়ানো হয়েছে। মানুষের আয়ও দেড় থেকে দুই গুণ বেড়েছে।বিদ্যুৎ-জ্বালানি: বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ-জ্বালানির সংকটের মূলে রয়েছে বিএনপি-জামায়াত জোট সরকারের চরম ব্যর্থতা এবং এই খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি। এদের সময় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না হলেও লুটপাট হয়েছে হাজার কোটি টাকা। তিনি বলেন, এ পর্যন্ত ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে দুই হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এ ছাড়া তিন হাজার ৮৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও ২৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এরই মধ্যে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আগামী বছরের মধ্যে আরও দুই হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। সরকার আগামী পাঁচ বছরে প্রায় ১২ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, রাশিয়ার সহযোগিতায় রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পর্যায়ক্রমে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০১২ সালের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গ্যাস উত্তোলন বাড়াতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোতে নতুন কূপ খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ২০১২ সালের মধ্যে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।কৃষি: কৃষি খাতে ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত দুই বছরে সারের দাম তিন দফা কমানো হয়েছে। কৃষকদের সেচের জন্য ডিজেল ও বিদ্যুতে চলতি অর্থবছরে প্রায় ছয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষক পরিবারের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হয়েছে। এ কারণেও চালের দাম বেড়েছে। তিনি বলেন, এখন পাটের মণ দুই থেকে আড়াই হাজার টাকা। সবচেয়ে বড় সাফল্য পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার। এই আবিষ্কারের ফলে পাটের উন্নত জাত উদ্ভাবন ও বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য বিনা মূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। দেশের উত্তরাঞ্চল থেকে মঙ্গা বিতাড়িত হয়েছে।শেখ হাসিনা বলেন, বয়স্ক ভাতার হার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা ২০ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ২২ লাখ করা হয়েছে। দুস্থ মহিলা ভাতা ৩০০ টাকা করা হয়েছে। এই খাতে ৩৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অসচ্ছল প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যা দুই লাখ থেকে বাড়িয়ে দুই লাখ ৬০ হাজার করা হয়েছে। চলতি অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচিতে এক হাজার ১৭৬ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।যোগাযোগ খাত: এই খাতে উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুলতানা কামাল সেতু, শহীদ বুদ্ধিজীবী সেতু ও চট্টগ্রামে শাহ আমানত সেতু উদ্বোধন করা হয়েছে। ঢাকা বাইপাস সড়ক চালু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ককে চার লেনে এবং জয়দেবপুর-ময়মনসিংহ সড়কসহ আরও কয়েকটি সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। রেলের সংযোগসহ বহু আকাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুর মূল নির্মাণকাজ এবং পদ্মা সেতুর উভয় প্রান্তে রেললাইন স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে। এ ছাড়া ঢাকার যানজট নিরসনে বিজয় সরণি ও টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার উড়ালসেতু চালু করা হয়েছে। কুড়িল ও গুলিস্তান-যাত্রাবাড়ী এবং বনানী-জুরাইন ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। ২৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে।শিক্ষা: সরকারের শিক্ষা খাতে উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সবার মতামতের ভিত্তিতে একটি বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব ছাত্রছাত্রীর মধ্যে চলতি বছর ২৩ কোটি বই বিতরণ শুরু হয়েছে। ২০০৯ থেকে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা এবং গত বছর থেকে অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষার পদ্ধতি চালু করা হয়েছে। গত দুই বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। দুই বছরে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫২ হাজার সহকারী শিক্ষক এবং প্রায় দুই হাজার প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চশিক্ষার প্রসারে ঢাকায় ইউনিভার্সিটি অব প্রফেশনালস, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। আরও ছয়টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০টি মডেল মাদ্রাসা স্থাপন করা হয়েছে। ১০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স খোলা হয়েছে। ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ১৩ হাজার ৫০০ হেলথকেয়ার প্রোভাইডার, সাড়ে চার হাজার চিকিৎসক, দুই হাজার সেবিকা ও সাড়ে ছয় হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ২২৩টি নতুন অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। জাতীয় উৎপাদন বেড়ে যাওয়ায় মাথাপিছু আয়ও ৭৮০ ডলার হয়েছে। ২১ ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৯৫ কোটি ডলার। বর্তমান অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি। তিনি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে দেশে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার আগের ১৬-১৭ শতাংশ থেকে কমিয়ে ১২-১৩ শতাংশ করা হয়েছে।শেখ হাসিনা বলেন, পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দিয়ে সহযোগিতা করায় তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। আমদানিকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে। গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি ২০০৬ সালের এক হাজার ৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। প্রবাসী-আয় বেড়েছে। গত অর্থবছরে আয় হয়েছে এক হাজার ৯৯ কোটি ডলার।প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের নৃশংস বিডিআর হত্যাকাণ্ড এবং বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে। এ জন্য নতুন আইন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। মুুক্তিযোদ্ধাদের চাকরির ৩০ শতাংশ কোটা তাঁদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য প্রযোজ্য হবে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন গঠন করেছে। গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে।