প্রতিশ্রুতি পূরণ না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, গত দেড় বছরে সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে পারেনি। বিদ্যুত্, পানি ও গ্যাসের চাহিদা পূরণ হয়নি। ঘরে ঘরে চাকরি দেওয়ার যে ওয়াদা করেছিল তা পূরণ করতেও ব্যর্থ হয়েছে সরকার। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করা না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আজ রোববার খুলনার শিববাড়ী মোড়ে বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় কমিটি এ মহাসমাবেশের আয়োজন করে।খালেদা জিয়া বলেন, ভোলার উপনির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয় তাহলে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করা হবে। কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনকে ছাড় দেওয়া হবে না। মহাসমাবেশে খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, বেগম সারোয়ারী রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মঈন খান, সৈয়দা রাজিয়া ফয়েজ প্রমুখ।বেগম খালেদা জিয়া বলেন, তারা বলেছিল ক্ষমতায় গেলে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে, বিনা মূল্যে সার দেবে এবং ঘরে ঘরে চাকরি দেবে। অথচ সরকার গত দেড় বছরে তার কোনো ওয়াদা পূরণ করতে পারেনি। এখন এ সরকারের মন্ত্রীরাই বলেন, ঘরে ঘরে চাকরি দেওয়া সম্ভব নয়। কাজেই আওয়ামী লীগ যা বলে তা সত্য নয়। তারা মিথ্যুক ও ভণ্ড। জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। বিএনপির সময় বিদ্যুতের অবস্থা ভালো ছিল বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমরা জাতীয় গ্রিডে ১৫০০ মেগাওয়াট বিদ্যুতের নতুন সংযোজন করেছিলাম। আমাদের সময় নয়টি বিদ্যুত্ প্লান্ট স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু মইনুদ্দিন-ফখরুদ্দিনের সরকার এসে তা বন্ধ করে দিয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার গত দেড় বছরেও বিদ্যুতের উত্পাদন বাড়াতে পারেনি। এখন সারা দেশে বিদ্যুত্-পানির হাহাকার চলছে, একে একে কল-কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। সংসদকে মাছের বাজার ও চিড়িয়াখানা বানানো হয়েছে। সত্য কথা বলায় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে সারা দেশে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকারের অপকর্ম ও দুর্নীতি নিয়ে কথা বলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও নুরুল কবিরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।’ এদিকে খুলনার বিভাগীয় মহাসমাবেশে নড়াইলের লোহাগড়া থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য কাল সোমবার সারা দেশে দলীয়ভাবে শোক দিবস পালন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলেন।এদিকে মহাসমাবেশ উপলক্ষে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে। প্রায় সাড়ে ৪০০ পুলিশ সমাবেশস্থল আশপাশে মোতায়েন করা হয়।