প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণের মধ্যে এখন পর্যন্ত ৭৫ কোটি ডলার অনুমোদন করেছে ভারত। অবকাঠামো উন্নয়নে এই অর্থ দেওয়া হবে।তবে এখন পর্যন্ত কোনো অর্থ ছাড় করা হয়নি, বাংলাদেশ কোনো অর্থ হাতেও পায়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ১০০ কোটি ডলারের ঋণ-প্রস্তাব পায় বাংলাদেশ। ২০টি প্রকল্পে এই অর্থ দেবে ভারত।যোগাযোগ করা হলে ইআরডির সচিব মোশাররাফ হোসাইন ভূঁঞা প্রথম আলোকে জানান, এ পর্যন্ত ১৩টি প্রকল্পের অনুকূলে বিভিন্ন সময়ে এই অর্থ অনুমোদন করেছে ভারত। এর মধ্যে রেলওয়ে লাইন নির্মাণ, সংস্কার ও ছয়টি ড্রেজার কেনার প্রকল্প রয়েছে। ক্রমান্বয়ে সব প্রকল্পের অর্থই ছাড় করা হবে।অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো: সমীক্ষাসহ খুলনা-মংলা রেললাইন নির্মাণ, দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতুতে সংযোগ রেললাইন নির্মাণ, রেলওয়ের জন্য ১০টি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট সংগ্রহ, ছয়টি ড্রেজার কেনা, শীতাতপনিয়ন্ত্রিত ডবল ডেকার, সিঙ্গেল ডেকার বাস ও আর্টিকুলেটেড বাস কেনা, ১৮০টি বিজি ট্যাংক ওয়াগন ও ছয়টি বগি ওয়াগন ব্রেকভ্যান সংগ্রহ, ৫০টি এমজি ফ্ল্যাট ওয়াগন ও পাঁচটি এমজি ভ্যান এয়ারব্রেক কনটেইনার সংগ্রহ, ৩০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ১০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, বিমানের জ্বালানি পরিবহনের জন্য ১০০টি এমজি বগি ট্যাংক ওয়াগন ও পাঁচটি এমজি ব্রেকভ্যান এয়ার ব্রেক যন্ত্রপাতি কেনা, ১৭০টি এমজি ফ্ল্যাট ওয়াগন ও ১১টি বগি ব্রেকভ্যান সংগ্রহ, ২৬৪টি এমটি যাত্রীবাহী ক্যারেজ ও দুটি বিজি পরিদর্শন কার সংগ্রহ এবং ১৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্প।ইআরডি সূত্রে আরও জানা গেছে, প্রতিশ্রুত ঋণের প্রতিটি প্রকল্পে মালামাল ক্রয়, সেবা ও পরামর্শ বাবদ ৮৫ শতাংশ কেনাকাটা ভারত থেকে করতে হবে, এমন শর্তের কারণে ঋণের অর্থ অনুমোদন ও ছাড়-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। প্রকল্পভেদে কেনাকাটার এই শর্তও শিথিল করতে রাজি হয়েছে ভারত।সাতটি প্রকল্পে এখনো ভারতের অনুমোদন পাওয়া যায়নি। এগুলো হলো: আশুগঞ্জ কনটেইনার বন্দর নির্মাণ, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবদী স্থলবন্দর পর্যন্ত সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা, বারইয়ারহাট-রামগড়-সাবরুম স্থলবন্দর পর্যন্ত সড়ক উন্নয়ন, লালমনিরহাট-বুড়িমারী সড়ক উন্নয়ন, ঢাকার জুরাইন রেললাইন ওভারপাস নির্মাণ, বিএসটিআই আধুনিক ও শক্তিশালীকরণ এবং ১২৫টি যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্প।