প্রতিষেধক নিলে অ্যানথ্রাক্সে ভয়ের কিছু নেই: মোদাচ্ছের আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, অ্যানথ্রাক্স রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। তাই প্রতিষেধকমূলক ব্যবস্থা নিলে এই রোগ বিস্তারের সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সার জন্য পর্যাপ্ত ওষুধ সরকারের কাছে মজুদ আছে। তাই এই রোগ নিয়ে ভয়ের কিছু নেই। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে এক সভায় অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।সৈয়দ মোদাচ্ছের আলী আরও বলেন, অ্যানথ্রাক্স রোগ থেকে মানুষকে রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই রোগ কখনো সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। কারণ মাটির নিচে অ্যানথ্রাক্স রোগের জীবাণু জীবন্ত অবস্থায় দীর্ঘ সময় থাকে। সেখান থেকেই গবাদিপশুর মাধ্যমে রোগটি বিস্তার লাভ করে।আজ সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।এদিকে, আজ মঙ্গলবার উল্লাপাড়ায় আরও দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীরা হলেন উপজেলার বানিয়াকৈড় গ্রামের মোছাম্মৎ বেগম (৪৫) এবং তাঁর মেয়ে হ্যাপি (১২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়াল আটজনে।উল্লাপাড়ায় আরও অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হতে পারে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায়।