এক যুগে পা রাখতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ ও সীমাবদ্ধতা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩২টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দিয়েছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। এগুলোর মধ্যে বর্তমানে মাত্র তিনটি প্রতিষ্ঠান ঢিমেতালে চলছে। আর ২৯টিই বন্ধ, বেহাত বা বিক্রি হয়ে গেছে।প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা গেলে চার হাজার ৯৯১ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আড়াই হাজার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ নিশ্চিত হতো। পাশাপাশি ট্রাস্টের অভাব-অনটন, দায়দেনাও ঘুচত।সরকার অবশ্য ট্রাস্টের ১২৬ কোটি ৪০ লাখ টাকার ব্যাংকঋণ মওকুফ করে দিয়েছে। একাধিক ব্যাংক থেকে ট্রাস্ট বিভিন্ন সময় ঋণ নিলে তা সুদে-আসলে ওই অঙ্কে উন্নীত হয়েছিল।ট্রাস্টের তিন হাজার ৮১টি নিরীক্ষা আপত্তি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। এর সঙ্গে ছিল ৩০৪ কোটি ৭৬ লাখ টাকার সংশ্লেষ। ট্রাস্ট সূত্র জানায়, ইতিমধ্যে দুই হাজার আপত্তি নিষ্পত্তি হয়েছে।প্রতিষ্ঠানগুলোর হাল: যে লক্ষ্যে ট্রাস্ট গঠিত হয়েছিল, মূলত অব্যবস্থাপনার কারণে তা বাস্তবায়িত না হওয়ায় লাভজনক প্রতিষ্ঠানগুলো একে একে মুখ থুবড়ে পড়ে। একপর্যায়ে প্রতিষ্ঠানগুলো ট্রাস্টের বোঝা হয়ে দাঁড়ায়। এই অবস্থায় এইচ এম এরশাদের শাসনামলে ট্রাস্টের সাতটি প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়া হয়। কার্যক্রম গুটিয়ে ফেলা হয় আরও ছয়টির। এরপর বিভিন্ন সময় আরও ১৬টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।এখন মাত্র তিনটি প্রতিষ্ঠান চালু আছে। এগুলো হচ্ছে: ঢাকার পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মিমি চকলেট লিমিটেড এবং চট্টগ্রামের ইস্টার্ন কেমিক্যাল লিমিটেড। ট্রাস্ট সম্পর্কে গত ২৭ জুন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওই তিনটি প্রতিষ্ঠান থেকে এখন প্রতি মাসে ১০-১২ লাখ টাকা আয় হচ্ছে। এই আয় এবং কয়েকটি মার্কেট থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়ে কোনোমতে ট্রাস্টের ব্যয় নির্বাহ করা হচ্ছে। ট্রাস্টের আওতায় বর্তমানে মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন সাত হাজার ৮৩৭ জন।জমি দিয়ে টিকে থাকার চেষ্টা: নির্মাণপ্রতিষ্ঠানকে জমি দিয়ে বিকল্প আয়ের দিকে ঝুঁকছে ট্রাস্ট। ট্রাস্টের জমিতে ঢাকার পোস্তগোলায় বহুতল আবাসিক ভবন এবং চট্টগ্রামের আগ্রাবাদে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু হয়েছে। এই দুটি ভবন থেকে ৩০০ কোটি টাকা মূলধন পাবে ট্রাস্ট।এ ছাড়া মোহাম্মদপুরের গজনবী সড়কে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারটি আধুনিকায়ন করে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলছে। ২০১৩ সালের জুনের মধ্যে এই কাজ শেষ হলে ৪০ থেকে ৪৫ কোটি টাকা পাবে ট্রাস্ট।চট্টগ্রামের নাসিরাবাদে ১ দশমিক ৯৩ একর জমির ওপর ৬০ হাজার বর্গফুট ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক ওয়্যারহাউস নির্মাণকাজ শুরু করা হচ্ছে। এটাও ট্রাস্টের আয়ের একটি বড় উৎস হয়ে উঠবে।এক যুগ ঝুলে থাকার পর গুলিস্তান কমপ্লেক্সটির নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। কমপ্লেক্সটির প্রশাসক মাহমুদ পারভেজ বলেন, নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে গত জুলাইয়ে চুক্তি বাতিল হওয়ার পর দোকান ক্রেতাদের সঙ্গে চুক্তি হয়েছে। নির্মাণপ্রতিষ্ঠান ১১ তলা পর্যন্ত কাজ করে চলে গেছে। ২০ তলা পর্যন্ত করলে প্রতি মাসে ১৭ লাখ টাকা আয় হতো। এখন হবে সাত-আট লাখ টাকা।নির্মাণপ্রতিষ্ঠানের মালিক এ এস এম আলাউদ্দিন ছয় বছরে ভবন নির্মাণের চুক্তি করে ১২ বছরেও তা করেননি। ভবনের প্রায় সব স্পেস বিক্রি করে তিনি গিয়ে উল্টো মামলা করেছেন।ঢাকার ঠাটারীবাজারে যন্ত্রপাতি তৈরির কারখানা মডেল ইঞ্জিনিয়ারিং বন্ধ হওয়ার পর সেখানে ভবন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে মাসে চার লাখ টাকা ভাড়া পাচ্ছে ট্রাস্ট।পাহারায় খরচ লাখ টাকা: ট্রাস্টের অন্যতম বন্ধ প্রতিষ্ঠান বহুমুখী ফলের কারখানা পাহারা দিতে মাসে ব্যয় হচ্ছে প্রায় এক লাখ টাকা। সরেজমিন ওই কারখানাটি পরিদর্শন করে প্রথম আলোর চট্টগ্রাম অফিস থেকে প্রণব বল জানান, ৩৫ কোটি টাকা ব্যয়ে কালুরঘাটের মোহরায় নির্মিত ‘মাল্টিপল জুস কনসেনট্রেট প্ল্যান্টটি (এমজেসিপি)’ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৯৮৭ সালে উৎপাদনে যাওয়ার মাত্র তিন মাসের মাথায় এটি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে কারখানার অনেক যন্ত্রপাতি খোয়া যাওয়ার পর গত ৬ নভেম্বর থেকে এর নিরাপত্তায় ১১ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।সরেজমিনে দেখা যায়, সাড়ে ১৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত কারখানার একটি অংশে ট্রাস্টের চট্টগ্রামে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারী অফিস করছেন। তাঁরা সেখানে বসে ট্রাস্টের অপর প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কার্যক্রম দেখভাল করেন। কারখানাটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপক (প্রশাসন) মো. জাহিদ বলেন, এটি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব রয়েছে।তাবানী বেভারেজ বন্ধই আছে: ২০০৮ সালের ৩১ আগস্ট ট্রাস্টের সবচেয়ে সম্ভাবনাময় প্রতিষ্ঠান তাবানী বেভারেজ লিমিটেড (কোকা-কোলা) বন্ধ করে দেওয়া হয়। ১৯৯২-৯৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল দুই কোটি ১১ লাখ টাকা। পর্যায়ক্রমে মুনাফা বেড়ে ১৯৯৯-২০০০ অর্থবছরে দাঁড়ায় ১৮ কোটি এক লাখ। ২০০০-০১ অর্থবছর থেকে মুনাফা কমতে থাকে। ২০০৩-০৪ অর্থবছরে তা তিন কোটি টাকায় নেমে আসে।এরপর শুরু হয় ক্রমাগত লোকসান। ২০০৭-০৮ সালে লোকসান হয় দুই কোটি ৫৯ লাখ টাকা। এই অবস্থায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে কোকা-কোলা কোম্পানির (আটলান্টা) কাঁচামাল (কনসেনট্রেট) সরবরাহ বন্ধ করে দেওয়াকে দায়ী করা হয়।এ ব্যাপারে কোকা-কোলার সঙ্গে ট্রাস্টের চলমান মামলাটি এ বছরের ৭ ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী মন্ত্রণালয় সমঝোতার উদ্যোগ নিয়েছে।মাহমুদ পারভেজ বলেন, মামলায় জয়ী হওয়ার পরও কোকা-কোলা কারখানাটি চালু করতে দিচ্ছে না। এটা চালু করলে বছরে কম করেও এক কোটি টাকা মুনাফা করা সম্ভব।হাসপাতালটির পরিণতি কী: ১৯৯১ সালে মিরপুরে প্রতিষ্ঠিত হয় ট্রাস্ট আধুনিক হাসপাতাল। ১৯৯৩ সাল থেকে সেটি বন্ধ। বিএনপি সরকারের সময় হাসপাতালটি ইসলামী উম্মাহ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। ট্রাস্টের কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ এ নিয়ে আন্দোলন করে। এরপর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে হাসপাতালটি পরিত্যক্ত।পরামর্শক নিয়োগ: ট্রাস্ট্র পরিচালনায় সব ধরণের জটিলতা নিরসন, সম্পদ পুনরুদ্ধার ও পরিকল্পনা গ্রহণের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। ২০১০ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের ৬৪তম সভায় ‘উদ্ধার পরিকল্পনা-২০১০’ নেওয়া হয়।এ প্রসঙ্গে মাহমুদ পারভেজ বলেন, উদ্ধার পরিকল্পনার লক্ষ্য ২০১৪ সালের মধ্যে সব জটিলতা নিরসন ও ট্রাস্টকে দায়দেনামুক্ত করা।