প্রতিহিংসাবশত রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যখনই রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়রানিমূলক কোনো মামলা করা হবে, তখনই ক্ষমতাসীন সরকার সেসব মামলা প্রত্যাহার করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কারও বিরুদ্ধে কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেনি।আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের চার বছরের সাফল্যের চিত্র তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কামরুল ইসলাম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এ সময় আইন মন্ত্রণালয়ের চার বছরের অর্জিত সাফল্যের অগ্রগতি তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলা প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দেশের সর্বোচ্চ আদালতে বাতিল করা হয়েছে। এ পদ্ধতি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা দেশে ২০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার জট খুলতে বিচারব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভুল প্রমাণিত হলে ওই মামলা বাতিল হয়ে যাবে। তদন্তের আগে এ বিষয়ে আর বেশি কিছু বলা যাবে না।