প্রতিহিংসায় পুকুরে বিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শত্রুতা হলে তার প্রতিশোধ নেওয়ার সহজ উপায় বেছে নিয়েছে দুষ্কৃতকারীরা—তা হলো পুকুরে বিষ দিয়ে শত শত মণ মাছ নিধন। শত্রুকে আর্থিকভাবে পুঙ্গু করতে এ কাজ করছে তারা। দুষ্কৃতকারীরা গত এক মাসে প্রায় ছয়টি বড় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে লাখ লাখ টাকার ক্ষতি করেছে মৎস্যচাষি ও পুকুর মালিকদের।উপজেলা মৎস্য কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, গত ১৭ নভেম্বর ঈদের দিন ভোররাতে উপজেলার মনঝার আটি দাশড়া গ্রামের শিক্ষক মকলেছার রহমানের এক একর একটি পুকুরে দষ্কৃতকারীরা বিষ ঢেলে দেয়। রুই, কাতলা, মৃগেল, বিগহেড, হাঙ্গেরিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মণ মাছ ছিল। মাছগুলো দুই থেকে তিন কেজি ওজনের হয়েছিল। পুকুরের মালিক বলেন, রাতে কোনো একসময় বিষ প্রয়োগ করা হয়। খুব সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। ঈদুল আজহার দিন হওয়ায় মাছগুলো গোবিন্দগঞ্জ, রংপুর পর্যন্ত বিক্রির উদ্দেশ্য নিয়ে গিয়েও বিক্রি করা যায়নি। গাড়ি ভাড়ার টাকাও পকেটে আসেনি। তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকা লোকসান হয়েছে বলে জানান।একই দিনে উপজেলার তেলিহারা গ্রামের মৎস্যচাষি নাসির উদ্দিনের এক একরের একটি পুকুরে বিষ ঢেলে ৩০ মণ রুই, কাতলা ও মৃগেল মাছ মেরে ফেলে। গত ২৫ নভেম্বর জামুহালী গ্রামের মৎস্যচাষি আবদুল করিমের ৩ দশমিক ৪ একর অর্থ্যাৎ ৯ বিঘার অধিক একটি পুকুরে বিষ দিয়ে চার-পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এই পুকুরে বাণিজ্যিক পদ্ধতিতে পাঙাশ মাছ চাষ করা হতো। আবদুুল করিম বলেন, ‘পুকুরে বিষ দিলে ওই পুকুরের পানি বিষাক্ত হয়ে যায়। মাছের উপযোগী পানি তৈরি করতে আবারও প্রায় এক মাস সময় লাগে। এতে করে আমাদের ব্যাপক ক্ষতি হয়।’ তার একদিন পর ২৬ নভেম্বর শিবপুর গ্রামে ৩ দশমিক ৯২ একর দিঘি পুকুরে বিষ ঢেলে ৯০ মণ মাছ মেরে ফেলে দুষ্কৃতকারীরা। দিঘি পুকুরটি চাষ করতে ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। তিনি বলেন, পুকুরে দৃষ্কৃতকারীরা রাজনৈতিক প্রতিহিংসাবশত বিষ প্রয়োগ করেছে। কিন্তু পুরো উপজেলায় যে এই অপকর্ম চলছে, এতে করে ক্ষুদ্র মৎস্যচাষিরা ওই পেশা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এবং মাছ চাষে অনীহা বাড়ছে। গত মে মাসে ক্ষেতলাল উপজেলার ঐতিহাসিক আছরাঙ্গা দিঘিতে বিষ প্রয়োগ করে দষ্কৃতকারীরা। ইজারা নেওয়া আইমাপুর গ্রামের মৎস্যচাষি আশরাফ তালুকদার বলেন, ওই দিন দিঘির পাড়ে মাছের লাফালাফি, ছটফটানি আর মৃত মাছ দেখে পাষাণের চোখেও জল এসেছিল। পুরাদিঘি পুকুর মরা মাছে সাদা হয়ে গিয়েছিল। আর বড় মাছগুলো তাড়াতাড়ি মারা না গিয়ে পুকুর পাড়ে লাফিয়ে ওঠার চেষ্টা করছিল। দুঃখের বিষয়, এসব অপকর্মের জন্য প্রশাসন কিছুই করতে পারছে না। এমনকি সন্দেহবশত থানায় নাম ধরে এজাহার করার পরও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তার পাশের গ্রাম মিনিগাড়ির আল আমিন নামের একজনকে এ ঘটনায় পুলিশ গ্রেপ্তারও করেছিল কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে কয়েক দিনের মধ্যে বেড়িয়ে আসছে। ৭২ বিঘার দিঘিটিতে ওই সময় তাঁর লাখ লাখ টাকা লোকসান হয়েছে। ট্রাক দিয়ে মাছ সরিয়ে নিতে হয়েছে পুরো একদিন। তার পরও ছোট মাছ পচে পরিবেশ দূষণ হওয়ার উপক্রম হয়েছিল। এরপর থেকে পুকুরে ১৫ জন নাইটগার্ড নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাঁর দিঘিতে দুবার বিষ প্রয়োগ করা হয়েছিল।এ ব্যাপারে ক্ষেতলাল উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ক্ষেতলাল উপজেলায় পুকুরে বিষ দেওয়ার মতো এই নিকৃষ্ট কাজটি ইদানীং বেশি হচ্ছে। প্রশাসনিকভাবে বিষয়টি মোকাবিলা করা উচিত। আমরা উপজেলা পরিষদের মাসিক আলোচনায় বিষয়টি উপস্থাপন করব।’