প্রতীক পেয়েই প্রচারণা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাতজন মেয়র, ৪৬৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ নিয়ে প্রার্থী-সমর্থকেরা নেমে পড়েন প্রচারণা উৎসবে।এদিকে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারের মেয়র পদপ্রার্থী ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খানের সমর্থনে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, মেয়র পদপ্রার্থীদের মধ্যে আজমত উল্লা খান (আওয়ামী লীগ-সমর্থিত) পেয়েছেন দোয়াত-কলম প্রতীক, এম এ মান্নান (বিএনপি-সমর্থিত) পেয়েছেন টেলিভিশন, মো. জাহাঙ্গীর আলম (সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী) আনারস, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল (মুক্তিযোদ্ধা প্রজন্ম দল) হাঁস, মো. আমান উল্লাহ (স্বতন্ত্র) তালা এবং রীনা সুলতানা পেয়েছেন প্রজাপতি প্রতীক। প্রতীক বরাদ্দের সময় একাধিক মেয়র পদপ্রার্থী আনারস ও টেলিভিশন চাইলে লটারির মাধ্যমে তাঁদের সেগুলো বরাদ্দ দেওয়া হয়।প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে লিফলেট বিতরণ করে তাঁদের প্রচারকাজ শুরু করেছেন। এ কারণে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত। আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম বলেন, তৃণমূলের মানুষ তাঁকে ভালোবাসেন। তিনি সব সময় মানুষের পাশে ছিলেন, তাই জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অসুস্থতার কারণে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান প্রতীক বরাদ্দের সময় উপস্থিত হতে পারেননি।২২ মে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এই সিটি করপোরেশনের নির্বাচন হবে ৬ জুলাই। এটি হচ্ছে গাজীপুর সিটির প্রথম নির্বাচন। ৫৭টি ওয়ার্ডে ভোটারসংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এগুলোর মধ্যে ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত রয়েছে। মোরগ লড়াই: প্রতীক বরাদ্দের সময় গতকাল সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে মোরগ প্রতীক নিয়ে লড়াই হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী তাঁদের পছন্দের তালিকায় ‘মোরগ’ প্রতীকের নাম লিখিয়েছেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। পরে নির্বাচন কর্মকর্তারা লটারির মাধ্যমে ‘মোরগ’ প্রতীক রবাদ্দ দেন।কলস নিয়ে কাড়াকাড়ি: সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কলস প্রতীক নিয়ে একই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানেও একইভাবে লটারির মাধ্যমে তাঁদের সমস্যার নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, বেশ কিছু প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় ছিল। এ কারণে তাঁদের লটারির মাধ্যমে ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। লটারির ফলাফল সবাই মেনে নিয়েছেন।মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা: মো. জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার রাতে ফোনে প্রথম আলোকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি স্বীকার করেন। প্রথম আলোকে একই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বৈঠকে ঐক্যবদ্ধভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।সমঝোতায় ছাত্রলীগের সাবেক নেতারা: আমাদের টঙ্গী প্রতিনিধি জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খানকে সমর্থন দিলেও নির্বাচন করার ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীরের পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে জটিলতায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গত রোববার হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পান তিনি। নির্বাচনের জন্য গতকাল আনারস প্রতীকও বরাদ্দ পান।কিন্তু গতকাল বিকেল পৌনে পাঁচটায় টঙ্গীর নতুন বাজার এলাকার একটি বাড়িতে জাহাঙ্গীরের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রলীগের সাবেক নেতারা। বৈঠকে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিক কোতোয়াল উপস্থিত ছিলেন। আধা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ছাত্রলীগের নেতারা জাহাঙ্গীরকে সাংসদ নজরুলের সরকারি গাড়িতে বসিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।বৈঠকের কারণ জানতে চাইলে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীর ও আমরা একসঙ্গে ছাত্ররাজনীতি করেছি। সেই হিসেবে সৌজন্য সাক্ষাৎ করা।’তবে লিয়াকত শিকদার জানান, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী যাতে একজনই প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তাঁরা সেই চেষ্টাই করছেন।