আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে উত্সবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরশাদের সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় জাতীয় পার্টির ভোটগুলো কোথায় পড়বে—এ নিয়ে আজ দিনভর ছিল ব্যাপক গুঞ্জন। আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরফুদ্দীন আহমেদ ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মোস্তাফিজার রহমান।জাতীয় পার্টির ভোটব্যাংক বলে পরিচিত রংপুরের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এরশাদের সমর্থিত কোনো প্রার্থী থাকছেন না—এটিই ছিল আলোচনার মূলে।সরফুদ্দীন আহমেদ পেয়েছেন মোটরসাইকেল ও মোস্তাফিজার রহমান পেয়েছেন হাঁস প্রতীক। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতীক বরাদ্দের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত মানুষ ভিড় জমান।রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ১২ জন মেয়র পদে, ৩৩ জন ওয়ার্ডের কাউন্সিলর পদে, ৩২১ জন সাধারণ পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত ১১ জন মহিলা কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। ১২ জন মেয়র প্রার্থীর প্রতীক হলো: মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ (মোটরসাইকেল), মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান (দোয়াত-কলম), সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী (কাপ-পিরিচ), জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত দুই নেতা সদর উপজেলা পরিষদের পদত্যাগ করা চেয়ারম্যান ও জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (হাঁস) ও পৌর জাপার সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ (চশমা), বিএনপির কাওসার জামান (আনারস), ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম (টেলিভিশন), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল কুদ্দুস (তালা), মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের মো. ফারুক আজিজ (ঘোড়া), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা (জাহাজ), স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার সরকার (টেবিল), মেহেদী হাসান (প্রজাপতি)।