প্রতীকী নয়, সব যুদ্ধাপরাধীরই বিচার হবে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘১৯৭১-এর যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার নয়, সব ঘাতকের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল সিকিউরিটি পার্টি (এনএসপি) আয়োজিত ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি: হাওয়া ভবনের ভূমিকা এবং সাম্প্রতিক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন, প্রসিকিউটর নিয়োগ ও তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। তদন্ত সংস্থা ১২ জন যুদ্ধাপরাধীর প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে। তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা হবে। তবে বিচারপ্রক্রিয়া যাতে কোনোক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এ প্রক্রিয়া শেষ করার পদক্ষেপ নিয়েছে।আইন প্রতিমন্ত্রী বলেন, শুধু যুদ্ধাপরাধীদের নয়, বর্তমান সরকার তার ওয়াদা অনুযায়ী ১০ ট্রাক অবৈধ অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মূল হোতাদেরও বিচার নিশ্চিত করবে। ইতিমধ্যে তদন্তে এসব অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের নাম বেরিয়ে এসেছে। তদন্তে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অনেকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে হাওয়া ভবন থেকেই সব জঘন্য অপরাধের মূল পরিকল্পনা করারও প্রমাণ মিলেছে। এদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।এ সময় ন্যাশনাল সিকিউরিটি পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু হামিদুর রেজা খান ভাসানী, শেখ আসাদ ও মোয়াজ্জেম খান মজলিশ উপস্থিত ছিলেন। —বাসস।