প্রতীক্ষা শেষে শ্রমিকের পাওনা পরিশোধ
সাভারের রানা প্লাজার চার পোশাক কারখানার মজুরি নিতে এসে শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। দেরিতে হলেও গতকাল শুক্রবার পোশাক শিল্প মালিক সমিতি বিজিএমইএর পক্ষ থেকে শ্রমিকদের নির্ধারিত মজুরি পরিশোধ করা হয়েছে। ঘোষণা ছিল দুপুর ১২টায় মজুরি দেওয়া শুরু হবে। কিন্তু তা শুরু হয় বিকেল প্রায় চারটায়। মজুরি ও অন্যান্য পাওনা নিয়ে বিজিএমইএর গাড়ি সেখানে পৌঁছে বেলা সাড়ে তিনটায়। বিজিএমইএর একটি সূত্র জানায়, ঢাকা থেকেই টাকাবাহী গাড়ি পুলিশ পাহারায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রওনাই হয় বেলা একটার পরে। সরেজমিনে দেখা গেছে, পাওনা নিয়ে শ্রমিকদের মধ্যে পরিষ্কার কোনো ধারণা নেই। প্রায় কেউই জানেন না তাঁদের পাওনা আসলে কত বা বিজিএমইএ কী হিসেবে পাওনা পরিশোধ করছে। ফ্যান্টমস অ্যাপারেলসের কোয়ালিটি ইনসপেক্টর ছিলেন সোনালী আক্তার। তিনি এ কারখানায় কাজে যোগ দেন ২১ এপ্রিল, অর্থাৎ নতুন শ্রমিক। রানা প্লাজা ধসে গেছে ২৪ এপ্রিল সকালে। সোনালীকে মোট অর্থ পরিশোধ করা হয়েছে আট হাজার ৮৯৫ টাকা। জানতে চেয়েছিলাম, কীভাবে তাঁকে এই টাকা দেওয়া হলো। বললেন, জানেন না। তাঁর সঙ্গেই ছিলেন ঝর্ণা। এরা দুজন একই দিন এই কারখানায় যোগ দেন। তিনিও পেয়েছেন একই পরিমাণ অর্থ। তিনিও জানেন না। তবে উভয়ই সন্তুষ্ট পাওনা পেয়ে।আবার উল্টোটাও আছে। লাবণী অপারেটর হিসেবে কাজ করতেন। এক দিন আগে তিনি পাওনা বুঝে নিয়ে গেছেন। ১ এপ্রিল এখানে যোগ দিয়ে পেয়েছেন ছয় হাজার ৩৫০ টাকা। গতকাল শ্বশুরসহ লাবণী আসেন শুটিং ক্লাবের মাঠে। শ্বশুরের অভিযোগ, লাবণীর সঙ্গে কাজ করেন আরেক শ্রমিক সে বেশি পেয়েছে। দেড় বছর ধরে লক্ষ্মী কাজ করতেন ফ্যান্টম অ্যাপারেলসে। বিজিএমইএর হিসাবে দেখা গেল, পাবেন ১৪ হাজার ২৩৩ টাকা। তাঁকে দেওয়া হয়েছে ১৪ হাজার ২০০ টাকা। তিনি পাওনা ঠিকমতোই পেয়েছেন মনে করেন। কারণ, বিজিএমইএর হিসাবটি তিনি দেখেছেন জানালেন। নিউ ওয়েভ বটমসের কোয়ালিটি ইনসপেক্টর এস এম শাহীন পেয়েছেন নয় হাজার ২০০ টাকা। আগের মাসে ২৭ দিন কাজ করে পেয়েছিলেন ছয় হাজার ৮০০ টাকার মতো। এপ্রিলে বেশি কীভাবে পেলেন বলতে পারেননি।বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম জানান, যাঁরা এক মাসের কম চাকরি করেছেন এমন শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন ও ওভারটাইমের (৬০ ঘণ্টা ধরে) পুরো টাকা দেওয়া হচ্ছে। তিন মাসের বেশি যাঁরা কাজ করেছেন, তাঁরা পাচ্ছেন এপ্রিল মাসের পুরো বেতন, ওভারটাইম ও এক মাসের নোটিশ বিবেচনাতে একটি মূল বেতন। বছর পার করে থাকলে এপ্রিল মাসের পুরো বেতন, ওভারটাইম, নোটিশের জন্য একটি মূল বেতন এবং যে কয় বছর পার করেছেন গ্র্যাচুইটি না থাকলে সেই কয়টি মূল বেতন আর ছুটির টাকা। ছুটির ক্ষেত্রে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৪০ দিনের মজুরি। ২০০৬ সালের শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী পাওনা পরিশোধ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, তাঁরা দুই-তিনবার নাম লিখিয়েছেন বিভিন্ন জায়গাতে। কিন্তু তালিকাতে তাঁদের নাম নেই। এমন বেশ কিছু শ্রমিককেও কাল পাওনা পরিশোধ করার কথা বলা হয়। বিজিএমইএর লেবার কমিটির চেয়ারম্যান আহাদ আলী আনসারী জানান, যাঁদের তালিকাতে নাম আছে তাঁদের আগে পাওনা পরিশোধের পর যাঁদের নাম নেই, তাঁদেরটাও পরিশোধ করা হবে। তিনি জানান, আগের দিন (বৃহস্পতিবার) রাতে সিএমএইচে গিয়ে তাঁরা ভর্তি থাকা ২৮ জনসহ মোট ৩০ জনের পাওনা মিটিয়েছেন। এভাবে হাসপাতালে গিয়ে তাঁরা আহত ব্যক্তিদের পাওনা পরিশোধ করবেন। নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তবে সরকার, বিজিএমইএ, বিদেশি ক্রেতা মিলে একত্রে ঠিক করে এ টাকা নিহত শ্রমিকের এলাকার জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে। আর নিখোঁজদের বিষয়টি উদ্ধারকাজ শেষ হওয়ার পর নির্ধারিত হবে।