প্রতীক্ষায় স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার বাসস্ট্যান্ড, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়, আর এনাম হাসপাতাল। সব মিলিয়ে এ তিন কিলোমিটার এলাকা। স্বজনহারা মানুষের বিলাপ, ছোটাছুটি, অ্যাম্বুলেন্সের সাইরেন আর স্বেচ্ছাসেবীদের বাঁশির শব্দ দুর্যোগময় আবহ তৈরি করেছে। ধসে যাওয়া নয়তলা রানা প্লাজার ভেতর থেকে এখনো বের হচ্ছে জীবিত ও মৃত মানুষ। জীবিত ব্যক্তিদের নেওয়া হচ্ছে থানা রোডের এনাম মেডিকেল হাসপাতালে। আর মৃত ব্যক্তিদের ঠাঁই হচ্ছে এ মেডিকেল ছাড়িয়ে এক কিলোমিটার দূরের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের বারান্দায়। সেখানে পৌঁছে তাঁরা যখন সংখ্যায় পরিণত হচ্ছেন, তখন কান্নার রোল ওঠে মাঠজুড়ে অপেক্ষমাণ স্বজনহারা ব্যক্তিদের মধ্যে। খানিক পরপরই একটি করে অ্যাম্বুলেন্স এসে ঢুকছিল স্কুলের মাঠে। স্বজনহারা মানুষগুলো ছুটে যাচ্ছিলেন তার পিছু পিছু। দুর্ঘটনার পর দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের চেয়ে এ বিদ্যালয়ের মাঠেই ভিড় ছিল বেশি। সময় যত গড়াচ্ছে, স্বজনদের জীবিত পাওয়ার আশা তত কমছে। পাবনার আতাইকুলা থেকে জয়নাল আবেদিন এসেছেন ছোট ভাই রিপনের খোঁজে। তাঁদের বাবা নেই। দুর্ঘটনার খবর পেয়েই বৃদ্ধা মা অস্থির হয়ে পড়েন। বুধবার ছিল হরতাল। তা সত্ত্বেও চাচা বাবুল হোসেন, ফুপা আবদুর রহিম ও বয়েন উদ্দিনকে সঙ্গে নিয়ে সকাল ১০টায় তাঁরা যাত্রা করেছিলেন ঢাকার পথে। আতাইকুলা থেকে ৬০০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নগরবাড়ী-দৌলতদিয়ার মাঝামাঝি কাজীরঘাটে পৌঁছান। দুপুর তখন সাড়ে ১২। ঘাট থেকে ৫০০ টাকায় ট্রলার ভাড়া করে যমুনা পাড়ি দিয়ে আরিচায় পৌঁছান। আরিচা থেকে কোনো গাড়ি পাননি। অনেক অনুরোধ করে ৪০০ টাকায় আবার সিএনজিচালিত অটোরিকশায় আসেন সাভারের নবীনগর। নবীনগর থেকে ১০০ টাকায় একটি ভটভটিতে করে আসেন সাভার সেনানিবাসের জাহাঙ্গীর গেটে। তারপর হেঁটে যখন সাভার বাজারে আসেন, তখন বেলা ডুবুডুবু। জয়নালেরা রাত প্রায় তিনটা পর্যন্ত একবার রানা প্লাজা, একবার এনাম হাসপাতালে ছোটাছুটি করেছেন। ভাইকে পাননি। তারপর সাভারের শাহীবাগের এক আত্মীয়বাড়িতে বাকি রাতটুকু কাটিয়ে আবার গতকাল সকালে ছুটে এসেছেন দুর্ঘটনাস্থলে। জয়নাল বলেন, ‘আইজ সকালে এনাম হাসপাতালে গিয়া দেখি, রুগীর তালিকা দেছে। তাতে রিপন নাম লেখা ৬০১ নম্বর বেডে। কি যে খুশি হলাম, সবাই ছুটে গেলাম ছয় তালায়। গিয়া দেখি, এই রিপন আমার ভাই না।’ বলতে বলতে কান্নায় রুদ্ধ হয়ে এল তাঁর কণ্ঠ। বেলা প্রায় গড়িয়ে গেছে। জয়নাল ভাইয়ের প্রতীক্ষায় বসে আছেন অধর চন্দ্র বিদ্যালয়ের মাঠে। গত রাত নয়টায়ও জয়নাল বিদ্যালয়ের মাঠের আলো-আঁধারিতে অপেক্ষা করছিলেন ভাইয়ের জন্য। গতকাল অপেক্ষমাণ ব্যক্তিদের অনেকেই উদ্ধারকাজের ধীরগতি নিয় ক্ষোভ প্রকাশ করেছেন। ভবনের ভেতরে অনেক হতাহত রয়ে গেছেন। পূর্বদিকে একটি ক্রেন দিয়ে খুব সতর্কতার সঙ্গে ভেঙে পড়া ছাদের বড় বড় টুকরা ও থাম সরিয়ে আনা হচ্ছিল। দমকলের উদ্ধারকর্মীরা ঝুঁকি নিয়ে ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ছিলেন ভেতরে। একটি-দুটি করে মৃতদেহ বা প্রায় সংজ্ঞাহীন গুরুতর আহত কাউকে কাউকে বের করে আনছিলেন তাঁরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর মৃত্যু নিশ্চিত হলে অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ে। উদ্ধারকাজে আগের দিনের মতো স্বেচ্ছায় নিয়োজিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। একটি নতুন পরিস্থিতি দেখা গেল গতকাল উদ্ধারকাজে। যাঁরা ভেতরে নেমে গিয়েছিলেন জরুরি চিকিৎসা বা উদ্ধারকাজের জন্য, নানা ধরনের সরঞ্জামের দরকার পড়ছিল তাঁদের। প্রথম দিকে তাঁরা হাতমাইকে সেসব জিনিস চেয়ে পাঠাচ্ছিলেন। একটা পর্যায়ে দেখা গেল মাথায় সাদা কাপড়ের পাগড়ি বাঁধা স্বেচ্ছাসেবীরা কাগজে বড় বড় হরফে সেসব সামগ্রী চেয়ে কাগজটি দুই হাতে মাথার ওপর বা বুকের সামনে তুলে ধরেছেন। কোনো কাগজে লেখা ‘কাঁচি চাই’, সঙ্গে সঙ্গে নিচ থেকে কাঁচি ছুড়ে দেওয়া হচ্ছিল। কেউ চান পেভিসন ক্রিম, হেক্সাসল, ব্যান্ডেজ ও পানির বোতল। একজনের হাতে দেখা গেল ‘বেশ কয়েকটি শাবল চাই’। কখনো শূন্যে ছুড়ে, কখনো দড়িতে বেঁধে, কখনো ঝুঁকি নিয়ে ওপরে উঠে সেসব পৌঁছে দেওয়া হচ্ছিল উদ্ধারকারীদের কাছে।প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ, রক্ত, পানির বোতল, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে সামনের রাস্তায় ছোট ছোট দলে অপেক্ষমাণ ছিলেন উদ্ধারকাজের সাহায্যকারীরা। বিভিন্ন হাসপাতাল, বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে রেড ক্রিসেন্ট, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরাও এসেছিলেন উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতে। দ্রুত তাঁরা সেসব সামগ্রী জোগান দিচ্ছিলেন উদ্ধারকারীদের। বিদ্যালয় মাঠে স্বজনহারাদের মধ্যে খাবার ও পানি বিতরণ করছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে। আগের দিনের মতোই পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড ও সেনাবাহিনীর সদস্যরাও সক্রিয় ছিলেন এলাকার ভিড় নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজে। সাধারণ লোক মুখে বাঁশি, হাতে লাঠি নিয়ে এনাম মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণ করছিলেন।গতকালও সাভার বাসস্ট্যান্ডের দিকে বিপুল জনস্রোত অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ বিধ্বস্ত ভবনের সামনে-পেছনে আশপাশে দাঁড়িয়ে দেখছেন উদ্ধারকাজ। নিখোঁজ স্বজনের অপেক্ষায় অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন আপনজনেরা। হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে অধর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে। বিদ্যালয়ের পূর্ব-পশ্চিম লম্বা দ্বিতল ভবনের নিচতলা এবং রায় ননী বালা ষোড়শী মোহন পাঠাগারের বারান্দায় সাদা পলিব্যাগে ভরা মৃতদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। মাঠের পশ্চিমে আমগাছের তলায় পুলিশের একটি দল টেবিল পেতে মৃতদেহের বিবরণ ও প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করছেন। একটি কালো বোর্ডে লিখে রাখা হচ্ছে কতটি মরদেহ এল আর কতটি স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। খানিক পর পর সেই সংখ্যা বেড়ে যাচ্ছিল। পাশেই একটি কক্ষে খেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে কন্ট্রোল রুম। সেখানে মৃতদেহের সৎকারের জন্য সরকারি তহবিল থেকে নগদ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছিল। দায়িত্বে ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘লাশ নিতে যাঁরা আসছেন, তাঁদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়ে লাশ হস্তান্তর করছি। সঙ্গে সরকারি সাহায্য কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে।’ মাঠে নিখোঁজ স্বজনের সন্ধানে আসা মানুষে দীর্ঘ লাইন। ধীরে ধীরে তাঁরা এগিয়ে যাচ্ছিলেন বারান্দায় ব্যাগে ভরা মৃতদেহগুলোর দিকে। মুখের ওপরের ঢাকনা খুলে দেখছিলেন। প্রিয় মুখটির দেখা পেলে তাঁর নাম ধরে ডুকরে কেঁদে উঠে পরম মমতায় আঁকড়ে ধরছিলেন সেই নিথর রক্তাক্ত দেহ। সে দৃশ্য এতই মর্মস্পর্শী, এমনই হূদয়বিদারক যে সেদিকে তাকালে আপনা থেকেই চোখে পানি এসে যায়।