প্রতুলের অ্যালবামে আগ্রহ নেই কলকাতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর হলো ভারতের কলকাতা থেকে প্রতুল মুখোপাধ্যায়ের নতুন কোনো অ্যালবাম বের হয়নি। একটু ক্ষোভ নিয়েই তিনি বললেন, ‘বাজার-খাওয়া গান তো বানাতে পারি না। যে গান নিজেকে তৃপ্ত করে, সেটাই করি। আমি চাই, ভালো গানের প্রচার হোক। কিন্তু আমার সেসব গানে তো রাতারাতি ওদের পকেট ফুলে উঠবে না। তাই আমার গানের ব্যাপারে ওদের তেমন আগ্রহ নেই। আর এখানে-ওখানে কড়া নাড়া আমার পোষায় না। কিন্তু কড়া না নাড়লে যে কিছুই হয় না। তেলে ভাজা যেমন খেতে ভালো লাগে, ওরা চায় আমি তেমনি তেলে ভাজা গান করি। এমন গান হলে ওরা খুব খুশি।’ সম্প্রতি কলকাতা থেকে মুঠোফোনে কথা হলো প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। নতুন গানের প্রসঙ্গে প্রতুল মুখোপাধ্যায় বলেন, ‘আমার ভান্ডারে গানের অভাব নেই। অন্তত ৫০ খানা গান আছে, যা এখনো রেকর্ড করা হয়নি, কিন্তু মঞ্চে গাই। শ্রোতারা আনন্দ পান। তাতেই আমি খুশি।’এদিকে গত বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করে প্রতুল মুখোপাধ্যায়ের অ্যালবাম আমি বাংলায় গান গাই। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান এখনো আয়োজন করা সম্ভব হয়নি। শিল্পীকে ঢাকায় আনার চেষ্টা করছি। তারিখটা চূড়ান্ত হলেই তা ঘোষণা করব।’তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতুল মুখোপাধ্যায়ের আরও অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে বেঙ্গল ফাউন্ডেশনের।