প্রত্যক্ষদর্শী দুই সাক্ষীর হদিস মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার প্রত্যক্ষদর্শী দুই সাক্ষী পাপিয়া গাইন ও সাদিয়া আখতার ওরফে রাত্রীর হদিস পাওয়া যাচ্ছে না।ওই দুজন সাক্ষী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সানবীরকে দায়ী করে সাব্বির হত্যার বিবরণ দেন তাঁরা।আদালত সূত্র জানায়, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ চলতি বছরের ৩ মার্চ সাব্বির হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর সাক্ষ্য দিতে পাপিয়া ও রাত্রীর গ্রামের ঠিকানায় কয়েক দফায় সমন পাঠানো হয়। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় পুলিশ আদালতে প্রতিবেদন পাঠায়। তাই প্রত্যক্ষদর্শী ও গুরুত্বপূর্ণ এ দুই সাক্ষীকে বাদ রেখেই গত ৩০ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। আজ বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।মামলার বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ ও নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, পাপিয়া ও রাত্রীর জবানবন্দি গ্রহণকারী হাকিম সেলিনা আখতার আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি পাপিয়া ও রাত্রীর দেওয়া জবানবন্দি ও তাঁদের স্বাক্ষর শনাক্ত করেছেন।প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ার রামনগরের বাড়িতে গিয়ে পাপিয়াকে পাওয়া যায়নি। তাঁর বাবা সুরঞ্জন গাইন প্রথম আলোকে বলেন, ‘পাপিয়া ঢাকায় থাকত। সেখান থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাইনি।’ তিনি আরও বলেন, ২০০৩ সালে পাপিয়ার বিয়ে হয়। এক বছরের মাথায় তাঁর স্বামী মারা যান। এরপর ২০০৬ সালে গ্রামের আরও কয়েকজন মেয়ের সঙ্গে পোশাক কারখানায় চাকরির জন্য ঢাকায় যান পাপিয়া। সেখানে জুয়েল মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ নয় মাস আগে স্বামী-সন্তান নিয়ে পাপিয়া গ্রামের বাড়ি আসেন। কদিন বেড়িয়ে আবার ঢাকায় ফিরে যান।যোগাযোগ করা হলে পাপিয়ার স্বামী জুয়েল মণ্ডল জানান, প্রায় ছয় মাস আগে ঝগড়া করে পাপিয়া তাঁকে ছেড়ে চলে গেছেন। এরপর পাপিয়া তাঁর বোন সুপ্রভার বাসায় ওঠেন।বোন সুপ্রভা জানান, তাঁর বাসায় কিছুদিন থেকে পাপিয়া চলে যান। এরপর আর কোনো খোঁজ জানেন না।সাব্বির হত্যা মামলার নথিতে আরেক প্রত্যক্ষদর্শী সাক্ষী রাত্রীর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামে বলে উল্লেখ রয়েছে। তাঁর বাবার নাম জালাল মোড়ল লেখা রয়েছে।প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি জানান, ওই গ্রামে জালাল মোড়ল নামে কেউ নেই। ফকিরহাট থানার পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর দুই দফায় আদালত থেকে রাত্রীর নামে সমন পাঠানো হয়। কিন্তু ওই ঠিকানার কাউকে পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন পাঠায় পুলিশ।নথিপত্রে দেখা যায়, ২০০৭ সালের ১৭ এপ্রিল ঢাকার মহানগর হাকিম সেলিনা আখতারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন পাপিয়া ও রাত্রী। তাঁরা জবানবন্দিতে বলেন, রাজধানীর গুলশানের ভিনটেজ ইন গেস্ট হাউসে তাঁরা কাজ করতেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে গেস্ট হাউসের কর্মচারী হারুন তাঁদের দুজনকে ডেকে নিয়ে একটি গাড়িতে ওঠান। ওই গাড়ির সামনের আসনে ছিলেন বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সানবীর ও তাঁদের প্রতিষ্ঠানের কর্মকর্তা সাব্বির। তাঁরা গুলশানের ১০৪ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে যান। এ সময় আরেকটি গাড়িতে সেখানে আসেন উজ্জ্বল নামে একজন।জবানবন্দিতে পাপিয়া ও রাত্রী বলেন, ওই রাতে একপর্যায়ে এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখাকে কেন্দ্র করে সাব্বিরকে গালিগালাজ করেন সানবীর। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কে যুক্ত হন উজ্জ্বলও। একপর্যায়ে উজ্জ্বল ধাক্কা মেরে সাব্বিরকে মেঝেতে ফেলে দেন। মেঝে থেকে উঠে দাঁড়ানোর পর সাব্বিরের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করেন সানবীর। সঙ্গে সঙ্গে সাব্বির মেঝেতে পড়ে যান। তখন রাত্রী ও পাপিয়াকে অন্য একটি কক্ষে পাঠিয়ে দেন সানবীর। শেষ রাতের দিকে তাঁরা দুজন সানবীরের সঙ্গে বের হওয়ার পর বাসার নিচে সাব্বিরকে পড়ে থাকতে দেখেন। এরপর সানবীর তাঁর গাড়িতে করে রাত্রী ও পাপিয়াকে ভিনটেজ গেস্ট হাউসে পৌঁছে দেন।এ ঘটনায় ২০০৬ সালের ৫ জুলাই সাব্বিরের ভগ্নিপতি এ এস এম আসিফ বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। সিআইডি ২০০৮ সালের ৮ মে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।বিগত বিএনপি সরকারের আমলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছে।তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সানবীরকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পর বাবর রিমান্ডে স্বীকার করেন যে সানবীরকে খুনের মামলা থেকে রক্ষা করতে তিনি বসুন্ধরার মালিকের কাছ থেকে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। ওই টাকার মধ্যে ২০ কোটি টাকা তখন রাষ্ট্রীয় কোষাগারে ফেরতও দেন বাবর। ওই ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আহমেদ আকবর সোবহান জামিনে আছেন।