প্রত্যর্পণ আইনে মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনের দুই ধারা
জঙ্গিবাদ দমন ও তারেক-কোকো এবং বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এ জন্য সরকার অপরাধী প্রত্যর্পণ আইনে সংশোধনী এনেছে। এ সংশোধনীর ফলে মানি লন্ডারিং, খুনসহ বেশ কিছু অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা যাবে। এ ছাড়া ভিন্ন দেশে অপরাধ সংঘটনকারীকেও সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। অপরাধী প্রত্যর্পণ আইনে সংশোধনীর ফলে এখন থেকে শুধু সমঝোতা চুক্তি করেই অভিযুক্ত ব্যক্তিদের আনা ও হস্তান্তর করা যাবে। এ জন্য বন্দিবিনিময় চুক্তির প্রয়োজন হবে না। গত ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত আইন সংশোধনের গেজেট প্রকাশ করেছে।উচ্চপর্যায়ের সরকারি সূত্র থেকে জানা গেছে, বঙ্গবন্ধু হত্যায় দণ্ড পাওয়া আসামি এবং বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে আনার জন্যই মূলত এই উদ্যোগ। বর্তমানে তারেক ও কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং (মুদ্রা পাচার ও কালো টাকা সাদা করাসহ বিভিন্ন অপরাধ) বিরোধী আইনে করা মামলা বিচারাধীন। এর মধ্যে কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিংবিরোধী আইন ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি ধারা প্রত্যর্পণ আইনে সন্নিবেশিত করা হয়েছে। ফলে এ দুটি ধারার অপরাধে অপরাধী কাউকে বাংলাদেশ থেকে বহিষ্কার বা অন্য দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিচারের জন্য কিংবা বিচারের পর দণ্ড কার্যকর করতেও এ ধরনের আসামিকে এই আইনের আওতায় ফেরত আনা সম্ভব হবে। এ জন্য বন্দীবিনিময় চুক্তির প্রয়োজন হবে না।আইনমন্ত্রী বলেন, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দীবিনিময় চুক্তি নেই অপরাধীরা সেসব দেশে আশ্রয় নিচ্ছে। এখন মানি লন্ডারিংবিরোধী আইন ও সন্ত্রাস দমন আইনের ধারা প্রত্যর্পণ আইনে যুক্ত করায় চুক্তি ছাড়াই সমঝোতা সই করে তাঁদের ফিরিয়ে আনা যাবে। নীতিনির্ধারক মহল সূত্র জানায়, সরকার জঙ্গিবাদে অর্থায়নে জড়িত বলে সন্দেহভাজন বেশ কিছু ব্যক্তিকে দেশে ফেরত আনতে চায়। কিন্তু বাংলাদেশের প্রত্যর্পণ আইনে ওই সব অপরাধের উল্লেখ না থাকায় বাইরের দেশগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না। এ জন্য মানি লন্ডারিংবিরোধী আইনের একটি ধারা এবং ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারা ১৯৭৪ সালের প্রত্যর্পণ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যর্পণ আইনে ওই সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড এবং কমপক্ষে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সন্নিবেশিত ধারায় যা রয়েছে: প্রত্যর্পণ আইনে সন্নিবেশিত হয়েছে ২০০৯ সালের মানি লন্ডারিংবিরোধী আইনের ২ (ট) ধারা। এতে অপরাধের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করতে তা হস্তান্তর, রূপান্তর ও বিদেশে পাঠানো বা বিদেশ থেকে বাংলাদেশে আনা এবং বৈধ-অবৈধ উপায়ে অর্জিত অর্থসম্পদ বিদেশে পাচারকে মানি লন্ডারিংয়ের আওতায় ফেলা হয়েছে। ২ (থ) ধারায় অন্তর্ভুক্ত ১৬টি অপরাধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, দেশি-বিদেশি মুদ্রা পাচার, প্রতারণা, জালিয়াতি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, নারী ও শিশু পাচার, চোরা কারবার, আদম পাচার ও অবৈধ অভিবাসন ইত্যাদি। প্রত্যর্পণ আইনে যুক্ত সন্ত্রাসবিরোধী আইনের ৬ (১) ধারায় বলা হয়েছে দেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা অন্য কাউকে কোনো কাজ করতে বাধ্য করা বা তা থেকে বিরত থাকায় বাধ্য করতে হত্যা, গুরুতর আঘাত ও বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সামগ্রীর ব্যবহারকারী সন্ত্রাসী কাজ করেছেন বলে ধরা হবে। সন্ত্রাসবিরোধী আইনের ৭ (১) ধারায় সন্দেহভাজন সন্ত্রাসী কাজের উদ্দেশে কোনো ব্যক্তি কাউকে অর্থ, সেবা বা অন্য কোনো সম্পত্তি সরবরাহ করলে এবং ওই অর্থ, সেবা বা সম্পত্তি সন্ত্রাসী কাজে ব্যবহারের ইচ্ছা পোষণ করলে তিনি সন্ত্রাসী কাজে অর্থ জোগানের অপরাধে অপরাধী হবেন।