প্রত্যাখ্যাত হয়ে প্রেমিককে গুলি পাকিস্তানি তরুণীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরের সান্দায় একটি কারখানায় একসঙ্গে কাজ করতেন এশিয়া (২০) ও মোহাম্মদ ফয়সাল (২২)। কাজ করতে করতেই দুজনের মধ্যে বন্ধুত্ব। আর তা থেকেই প্রেম। কথা ছিল শিগগিরই বিয়ে করার। কিন্তু হঠাৎই বেঁকে বসে ছেলেটি। জানায় অন্য আরেকজনকে বিয়ে করার কথা। এতে রাগে, ক্ষোভে ফেটে পড়ে মেয়েটি। অন্য কোনো কিছু নয়, ফয়সালকে চরম শাস্তি দিতে চান এশিয়া। আর তাই আজ শুক্রবার সকালে কারখানার সামনে কাজ করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালান এশিয়া। এতে আহত হন ফয়সাল, তাঁর সঙ্গে থাকা আরেক বন্ধু মোহাম্মদ শাকের ও একজন পথচারী।এশিয়া পুলিশকে বলেন, তাঁদের সম্পর্ক এক বছরের। কিন্তু হঠাৎ করেই ফয়সাল তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। পুলিশকে এশিয়া বলেন, ‘ফয়সাল কথা দিয়েছিল তাকে বিয়ে করবে। কিন্তু হঠাত্ সে বদলে যায়। যখন শুনি সে অন্য একজনকে বিয়ে করবে, তখন ভেঙে পড়ি আমি।’ এরপর গতকাল বৃহস্পতিবার এশিয়া একটি বন্দুক ও কিছু গুলি জোগাড় করেন। গুলি করার পর এশিয়া পালানোর চেষ্টা করেন। কিন্তু এক পথচারী তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।পিটিআইয়ের খবরে বলা হয়, আহত ব্যক্তিদের লাহোরের মায়ো হাসপাতালে নেওয়া হয়েছে। ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।