প্রত্যাশা সীমিত রাখতে হবে: ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়কে ঘিরে মানুষের প্রত্যাশা সীমিত রাখতে হবে। আগামী জুনের আগে নতুন কোনো সড়ক নির্মাণ করা হচ্ছে না। তবে ভাঙা রাস্তাগুলো মেরামত করে তা চলাচলের উপযোগী করা হচ্ছে বলে জানান মন্ত্রী।রাতারাতি সব কিছু পাল্টে ফেলা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি এড়াতে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে।আজ রোববার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সাংসদ তানভীর শাকিল ও শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, আওয়ামী লীগের নেতা জান্নাত আরা তালুকদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম উপস্থিত ছিলেন।দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তায় এম এস পাইপ স্থাপন করে ডিভাইডার নির্মাণ করা হবে। দুটি ফুট ওভারব্রিজ খুব দ্রুত সময়ে শেষ করা হবে বলে আশ্বাস দেন ওবায়দুল কাদের।সড়ক বিভাগে দুর্নীতি ও অনিয়মগুলো তদন্তে টাস্কফোর্স গঠন করা হবে কি না, জানতে চাইলে টাস্কফোর্সের প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি নিজেই রাস্তায় থাকি। শুরু হওয়া কাজগুলো আগামী এক বছরে শেষ করতে হবে। মানুষের সদিচ্ছা থাকলে কাজের সফলতা আসবে।’আগামী অক্টোবর মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতকাজ শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফাটল বন্ধে পরীক্ষামূলক কাজের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।