‘খবরটা সিডনির এবিসি রেডিও সকাল সাড়ে আটটায় জানিয়েছে; যখন কাজে যাচ্ছিলাম। টি ব্রেকে বেলা ১১টায় (বাংলাদেশ সময় সকাল ছয়টা) প্রথম আলোতে কিছুই দেখলাম না। প্রিয় পত্রিকার কাছে আরেকটু তৎপরতা প্রত্যাশা করি।’ ‘নিউইয়র্কে বোমা হামলার চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার’ শীর্ষক সংবাদে পাঠকের মন্তব্যে অস্ট্রেলিয়া থেকে এই প্রতিক্রিয়া লিখে পাঠিয়েছেন হালিম শান। আসলেই পাঠকের গগনচুম্বী প্রত্যাশা প্রথম আলোর কাছে। তা সেটা ছাপা পত্রিকা হোক বা অনলাইন। দেশে, দেশের বাইরে যে ছড়িয়ে আছেন হালিম শানের মতো প্রথম আলোর নিয়মিত ৬০ লাখ পাঠক (ছাপা ও অনলাইন সংস্করণ মিলিয়ে)। বাঙালি, বাংলাভাষী, বাংলাদেশি যেখানেই থাকুন, তাঁরা সাগ্রহে অপেক্ষা করেন প্রথম আলোর জন্য। পাঠক, আপনি কি জানেন, সত্যিই কতগুলো দেশ ও এলাকা (কান্ট্রি/টেরিটরি) থেকে প্রথম আলো (www.prothom-alo.com) পড়া হয়? গুগল অ্যানালেটিকস বলছে, এই সংখ্যা ১৯০। আর আমরা কয়জনই বা খোঁজ রাখি নিউ ক্যালেডোনিয়া, অ্যালান্ড আইল্যান্ড, আইলে অব ম্যান, পালাউ, ভানুয়াতু বা লিস্টেনস্টাইনের মতো দেশের কথা? আমরা হয়তো কোনো দিন জানতেও পারতাম না যে এসব দেশ বা এলাকায় এমন কেউ আছেন, যাঁরা নিয়মিত দেশের খবরাখবর রাখেন। প্রথম আলোর অনলাইন সংস্করণে নিয়মিত চোখ রাখেন বলেই আমরা তাঁদের কথা জানতে পেরেছি। শুধু কি পড়েই নিজেদের দায়িত্ব শেষ করেন অনলাইন সংস্করণের এই লাখ লাখ পাঠক? অবশ্যই না। যেকোনো ঘটনা সম্পর্কে তাঁরা দ্রুত নিজেদের সুচিন্তিত মতামত দেন। সম্প্রতি নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের ঘটনাটিই ধরি। সংবাদটা সকালে অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম আলোর পাঠকদের একটা বড় অংশ তাঁদের উদ্বেগের কথা জানান। এ উদ্বেগ দেশের সুনাম নিয়ে, ভাবমূর্তি নিয়ে। তাঁদের সবাই যে দেশের বাইরে থাকেন এমন না। আবার এমনও কেউ আছেন, যিনি বিষয়টি গভীর সন্দেহের চোখে দেখেছেন। মো. নূরুল ইসলাম লিখেছেন, ‘কোনো তথ্য-প্রমাণ নেই। অনেকে চিলের পেছনে ছুটছেন।’গত এক বছরে আমরা হারিয়েছি বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল জ্যোতিষ্ক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে। দুই লেখকের মন্ত্রমুগ্ধ পাঠকের হাহাকার মূর্ত হয়ে ওঠে তাঁদের হূদয়সঞ্জাত মন্তব্যে। সুনীলহীন সকালে ফারহান ফারদীন নিজেকে প্রকাশ করেন এভাবে: “কত যে বই পড়েছি আপনার, সেই যেদিন থেকে বই পড়া শুরু করলাম,/ অথচ আপনি নেই,/ চলে গেলেন অযুত দূরের কোনো এক অজানা দেশে.../ হুমায়ূনের সাথে দেখা করতে কি?/ উনাকে দেখলে বলবেন, আমরা ভুলিনি তাঁর কথা/ বই পড়া ছাড়িনি এখনো,/ তোমাদের বই শোভা পাবে আমাদের মননে আর চিন্তায়/ ভালোবাসায় আর ভালো লাগায়...।”হুমায়ূন আহমেদের চলে যাওয়ার খবর আমরা নিশ্চিত হই রাত ১১টার দিকে। তা অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় পাঠকের সংখ্যা। প্রাথমিক সংবাদটি প্রচ্ছদ বা হোমপেজে ছিল মাত্র ঘণ্টা তিনেক। তাতেই খবরটি উঠে আসে সর্বোচ্চ পঠিত সংবাদের তালিকায় দুই নম্বরে। এই খবরে প্রথম মন্তব্যটি ছিল, ‘আমাদের এত না পাওয়ার মাঝে তুমি একটু শান্তি দিতে। সেই তুমিও চলে গেলে।’ ‘চোখের পানি ধরে রাখতে পারছি না। কী যে হারিয়েছি বুঝতে পারছি না। কীভাবে বিশ্বাস করব হুমায়ূন আহমেদ নেই।’ পাঠক-হূদয়ের এই আর্তনাদে বেদনায় নীল হয়ে ওঠে অন্যরাও।গত ১১ ফেব্রুয়ারির সকালে শীতঘুম কাটিয়ে না-ওঠা পাঠককে সমূলে নাড়িয়ে দিয়েছিল সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ড। স্বাভাবিকভাবে ওই দিন খবরটি পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এ খবরে মন্তব্য প্রকাশিত হয় ২৬৩টি, যা অন্য যেকোনো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক অনেক বেশি। এর মধ্যে প্রথম মন্তব্য ছিল: ‘সুষ্ঠু তদন্ত করেন এবং সঠিক বিচার করেন।’ যার প্রতীক্ষায় আজও আমরা সবাই। অত্যন্ত রাজনৈতিক সচেতন প্রথম আলোর পাঠকেরা দেশের বর্তমান রাজনীতির আবহে ভীষণভাবে চিন্তিত; ক্ষুব্ধও বটে। রাজনীতিকদের কাছে তাঁদের অনেক প্রত্যাশা। তাই সামান্য বিচ্যুতিতে তার সংক্ষুব্ধ প্রকাশ ঘটে মন্তব্যে। পাঠকের এ ক্ষোভ দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা থেকে। পাঠকই জানিয়ে দেন, ‘বিবেকের দায়বদ্ধতা হলো রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় সম্পদ। আমরা তো সে রকম রাষ্ট্রনায়ক গত চার দশকে পাইনি। এখানেই আমাদের মূল সমস্যা।’ অনেক অপ্রাপ্তির অন্ধকার জমেছে চারপাশে। তার পরও আমরা সবাই আশায় বুক বাঁধি, আশা আলোর মতো। আলো তিমির বিনাশীও।