প্রত্যাশার চেয়ে বেশি ব্রিটেনের প্রবৃদ্ধি
যুক্তরাজ্যের অর্থনীতি এ বছর যে হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছিল ত্রৈমাসিক হিসাব অনুযায়ী এপ্রিল-জুন মাসে তার চেয়ে বেশি মাত্রায় বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে, প্রাথমিক অবস্থায় মোট দেশজ উত্পাদন (জিডিপি) বৃদ্ধির হার আশা করা হয়েছিল ১.১ শতাংশ। কিন্তু এ সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১.২ শতাংশ। ২০০১ সাল থেকে এ পর্যন্ত সময়ে প্রবৃদ্ধির এ হার সর্বোচ্চ। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর বলেছে, নির্মাণ খাতের ব্যাপক অবদানের কারণে প্রবৃদ্ধির উচ্চহার সম্ভব হয়েছে। এপ্রিল থেকে জুন মাসে মোট দেশজ উত্পাদনে নির্মাণ খাতের অবদান ৬.৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৫ শতাংশ। তবে এ সময়ে বিমান পরিবহন খাতের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। এ খাতে প্রবৃদ্ধি কমে গেছে মোট ১১ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দপ্তরের কর্মকর্তা এইলিন সিমকিনস বলেছেন, বেসামরিক বিমান চলাচল খাতের এ অবনতির মূলে রয়েছে আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে বিমান চলাচলে বিপর্যয় এবং ব্রিটিশ বিমান কর্মচারীদের ধর্মঘট। এইলিন সিমকিনস আরও বলেন, সব মিলিয়ে এ তিন মাসে অর্থনীতির সামগ্রিক গতি-প্রকৃতি যথেষ্ট ইতিবাচক।ব্রিটিশ অর্থ দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, অর্থনীতি নিয়ে সরকার সাবধানতার সঙ্গে এগোচ্ছে। তবে তাঁদের কাজ এখনো শেষ হয়নি। বাজেটের পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করাটাই আসলে জরুরি। এটা তাঁদের অর্থনীতিকে পুনরায় ভারসাম্যে ফিরিয়ে আনতে ও একটি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে। তবে অনেক অর্থনীতিবিদ যুক্তরাজ্যে এ মাত্রার প্রবৃদ্ধি প্রত্যাশা করেননি। ইনস্টিটিউট অব ডাইরেক্টরের প্রধান অর্থনীতিবিদ গ্রেইমি লেস বলেন, ‘আমরা এ বছরের দ্বিতীয়ার্ধে এই মাত্রার প্রবৃদ্ধি আশা করিনি। বর্তমানের এই হার অবশ্যই একটি ভালো খবর। কিন্তু আমরা এটা ধরে রাখতে পারব না। আমাদের সামনের দিকে তাকানোটাই হবে বুদ্ধিমানের কাজ।’ অনেক ব্যবসায়ীও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রবৃদ্ধির এই হার বেশি দিন স্থায়ী হবে না। ব্রিটিশ চেম্বার অব কমার্সের মহাপরিচালক ডেভিড ফ্রস্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতির চলমান প্রবৃদ্ধির হারটিও আমাদের জন্য সমান চিন্তার কারণ। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির অন্যতম বড় চালক। চীনও এ ক্ষেত্রে বেশ ভালো করছে। সুতরাং কোনো ধরনের অবহেলা আমাদের অর্থনীতিতে ধস নামাতে পারে।’ ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রার হার নির্ধারণ কমিটির সাবেক সদস্য ডেভিড ব্লান্সফ্লাওয়ার বলেন, যত দিন না ব্রিটিশ সরকার একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করবে; তত দিন তাঁরা টেকসই অর্থনীতি গড়তে পারবে না ।