প্রত্যাহারের সুপারিশ করা আট মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় খুন-ধর্ষণের আরও ১০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি। এগুলোর মধ্যে আটটি খুনের, একটি ধর্ষণের এবং একটি শ্লীলতাহানির অভিযোগে করা মামলা।টাঙ্গাইল: জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রউফকে ২০০৪ সালের ২৮ অক্টোবর গভীর রাতে শহরের দিঘুলিয়ার বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। দুই দিন পর তাঁর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় কমিটি।টাঙ্গাইল পৌরসভার বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মামলার তিন নম্বর আসামি। এক ও দুই নম্বর আসামি সহিদুরের বড় দুই ভাই আমানুর রহমান খান (জেলা আওয়ামী লীগের নেতা ও নবনির্বাচিত সাংসদ) ও জাহিদুর রহমান খান। তাঁদের বাবা জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খানের নামও ছিল আসামির তালিকায়। তবে অভিযোগপত্রে তাঁকে অব্যাহতি দেয় পুলিশ। রউফ হত্যা মামলাটি বর্তমানে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। ২১ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) আকবর আলী খান জানান, সহিদুর রহমান খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যাপারে তিনি কোনো মত দেননি।সাতক্ষীরা: ১৯৯৯ সালের ২৫ নভেম্বর চারদলীয় জোটের হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে পরে মারা যান আলী মোস্তফা। তাঁর বাবা রিয়াজুদ্দিন গাজী বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।২০০০ সালের আগস্টে মামলার তদন্ত কর্মকর্তা আসামি বাবুর নামে অভিযোগপত্র দিয়ে অন্যদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত তদন্ত শেষে অব্যাহতি পাওয়া ১১ জনের মধ্যে আটজনকে মামলায় অন্তর্ভুক্ত করেন।এই ১১ জনের সাতজনের নাম মামলা থেকে প্রত্যাহার করেছে জাতীয় কমিটি। সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, মামলাটি প্রত্যাহারের ব্যাপারে সাতক্ষীরা থেকে কোনো সুপারিশ করা হয়নি। নোয়াখালী: জেলার সেনবাগের যুবদলের নেতা ওমর ফারুক ওরফে বাচ্চু হত্যা মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় কমিটি।২০০১ সালের ১৭ সেপ্টেম্বর বীজবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুককে শ্যামেরগাঁও এলাকায় সন্ত্রাসীরা পিটিয়ে আহত করার পর তিনি মারা যান। ২২ সেপ্টেম্বর তাঁর বাবা সৈয়দ আহম্মদ বাদী হয়ে সেনবাগ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন।মামলার প্রথম তদন্ত কর্মকর্তা, তৎকালীন উপপরিদর্শক আলী নূর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন মামলাটি পুনঃতদন্ত করে আরও একজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।জানতে চাইলে নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এ টি এম মহিবউল্লা বলেন, জেলা কমিটির সভায় প্রত্যাহারের আবেদনটি অনুমোদনের পর সংশ্লিষ্ট নথিপত্র ঢাকায় পাঠানো হয়। মামলার বাদী বলেন, ‘আমার ছেলে যে খুন হয়েছে, এটা তো সত্য। এর পরও যদি সরকার মামলা প্রত্যাহার করে, তাহলে আমার কীই-বা করার আছে? আল্লাহই বিচার করবেন।’খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলার হাতিয়াপাড়ার রাজমিস্ত্রি, যুবলীগের সমর্থক মো. ইব্রাহিম ২০০১ সালের ৫ অক্টোবর খুন হন। খুনিরা লাশের মুখে মদ ঢেলে রেখে প্রচার করে যে, ইব্রাহিম মদ খেয়ে মারা গেছেন। ফলে তখন অপমৃত্যুর মামলা হয়। ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শামসুল হকসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের এ ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়।শামসুল হক বলেন, ইব্রাহিম আওয়ামী লীগের সমর্থক ছিলেন। আর আসামি করা হয়েছে তাঁকেসহ জেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের। এ জন্যই মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।ভোলা: চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজের ইউপি সদস্য জয়নাল আবেদীন ২০০৮ সালের ২৪ নভেম্বর খুন হন। নিহতের স্ত্রী কাজল রেখা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। এতে চরমাদ্রাজ ইউনিয়নের যুবলীগের সভাপতি মনির হোসেনের নামও ছিল, যা জাতীয় কমিটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।জেলা জজ আদালতের পিপি জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের অন্যায় মামলা থেকে রক্ষা করতে স্থানীয় নেতাদের সুপারিশ জাতীয় কমিটির কাছে পাঠানো হয়। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নাম প্রত্যাহারের আবেদন তাঁরা নিজেরা পাঠাননি। গত ৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটির নথি পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী ২০ মে ওই মামলার নথি পাঠানো হয়।সিদ্ধিরগঞ্জ: পেশায় কসাই দীন ইসলাম উপজেলার গোদনাইলের চৌধুরীবাড়ী এলাকার মাঝিপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। স্থানীয় সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে ফেলায় তাঁকে খুন করা হয়। স্ত্রী শেফালি বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সরকারি দলের নেতাদের আশ্রয়প্রাপ্ত।দীন ইসলাম হত্যা মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রত্যাহারের জন্য জেলা কমিটির কাছে আবেদন করেছিল আসামিপক্ষ। কিন্তু যাচাই-বাছাই করে আসামিপক্ষের আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় জেলা কমিটি তা প্রত্যাহারের সুপারিশ করেনি।তবু জাতীয় কমিটি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দীন ইসলামের স্ত্রী শেফালি বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সাতকানিয়া: ২০০০ সালের ৬ এপ্রিল সাতকানিয়া সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও কর্মী হেলালকে ক্লাস চলাকালে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার পেছন থেকে আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। ঘটনার দিন সাতকানিয়ার বাসিন্দা ওসমান গণি থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন থানার ওসি মোসলেম আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন।মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক শিহাবউদ্দিন ২০০৩ সালের ৭ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন ১৮ জনকে আসামি করে। এঁরা সবাই বর্তমান সরকারি দলের নেতা-কর্মী।আদালত ২০০৫ সালের ৪ জুন এ মামলায় অভিযোগ গঠন করেন। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে ৩১ জুলাই মামলার প্রথম শুনানি হয়। ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। জাতীয় কমিটি এ মামলাটিও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।ফটিকছড়ি: ১৯৯৯ সালের ২৯ জানুয়ারি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা আবুল বশর ওরফে বাইশ্যা উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ জিয়ারত করে ফেরার পথে খুন হন। দুই দিন পর উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গি বিল থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।ওই দিন নিহতের স্ত্রী তছলিমা বেগম নানুপুরের সৈয়দপাড়ার সৈয়দ বাকেরসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা সবাই পলাতক। মামলার নিয়মিত কার্যক্রম চলছে। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।জাতীয় কমিটি এই মামলা থেকে সৈয়দ বাকেরের নাম প্রত্যাহারের সুপারিশ করেছে। কিন্তু মামলার তদন্তকারী পুলিশের প্রতিবেদন অনুযায়ী, আসামিরা এলাকায় ত্রাস সৃষ্টিকারী ছিনতাই, ডাকাতি ও অপরাধী দলের সদস্য। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগেরও সত্যতা রয়েছে। শরীয়তপুর: রাজনৈতিক বিবেচনায় শরীয়তপুরের দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় কমিটি। এর একটি ধর্ষণের মামলা। আসামি স্থানীয় জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি রাশেদুল ব্যাপারী। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।সদর উপজেলার দক্ষিণ ভাসানচর গ্রামে একটি ধর্ষণের ঘটনায় ২০০২ সালের ১ ফেব্রুয়ারি পালং থানায় মামলা করেন ধর্ষণের শিকার মেয়েটির মামা কাশিপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লা। পালং থানার পুলিশ ২০০২ সালের ২৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটি ২০০৯ সালের ২ আগস্ট এ মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের সুপারিশ করে।অপর মামলাটি করেন ২০০৩ সালের ১৭ সেপ্টেম্বর ভেদরগঞ্জ উপজেলার মাদবরকান্দি গ্রামের জামসেদা বেগম। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে করা মামলায় আসামি করা হয় একই গ্রামের মঈনুল শিকদার ও দাদন মিয়াকে। এ মামলা থেকে মাঈনুল শিকদারের নাম প্রত্যাহারের সুপারিশ করেছে জেলা কমিটি।২০০৩ সালের ১৫ ডিসেম্বর পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। মাঈনুলের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জামসেদা বেগম বলেন, মাঈনুলের বোনের সঙ্গে তাঁর ঝগড়া হলে মাঈনুল ও তাঁর ভগ্নিপতি দাদন মিয়া তাঁকে মারধর করেন। মাঈনুল শিকদার বলেন, ‘আমাকে বিপদে ফেলতে তারা তিনটি মামলা দায়ের করেছে।’{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টাঙ্গাইলের কামনাশীষ শেখর, সাতক্ষীরার কল্যাণ ব্যানার্জি, নোয়াখালীর মাহবুবুর রহমান, চট্টগ্রামের মিঠুন চৌধুরী, খাগড়াছড়ির সৈকত দেওয়ান, ভোলার নেয়ামতউল্যাহ, নারায়ণগঞ্জের আসিফ হোসেন ও শরীয়তপুরের সত্যজিৎ ঘোষ}