প্রত্যেক উপজেলাকে ‘ফটিকছড়ির মতো সাহসী’ হওয়ার আহ্বান খোকার
প্রত্যেক গ্রাম, উপজেলাকে ‘ফটিকছড়ির মতো সাহসী’ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে ১৮ দলের প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে খোকা এই আহ্বান জানান। ইলিয়াস আলীসহ বিরোধী দলের গুম হওয়া নেতাদের সন্ধান দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিরোধী দলের নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, ‘ফটিকছড়ির সংগ্রামী বন্ধুদের সংগ্রামী সালাম জানাই। তাঁরা যে প্রতিরোধ গড়ে তুলেছেন, আগামী দিনে এই স্বৈরাচারী সরকারের পতন ইতিহাসে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ তিনি বলেন, প্রত্যেক গ্রাম, উপজেলাকে ‘ফটিকছড়ির মতো সাহসী’ হতে হবে।পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যারেল মাটির দিকে রাখুন।’ পুলিশের যেসব সদস্য গুলি করবেন, তাঁদের নাম-ঠিকানা ‘নোট’ করে রাখার জন্যও তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে অবিলম্বে সংবিধানের ১৬তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা বিলম্ব করবেন না, যতই বিলম্ব করবেন, অর্থনীতি ও দেশ ততই ক্ষতিগ্রস্ত হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করলে রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না হলে যদি দেশ সংঘাতে দিকে যায়, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।’সংলাপ চাইলে বিরোধী দলের নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকারের কেউ কেউ আলাপ-আলোচনা, সংলাপের কথা বলছেন। নেতারা কারাগারে থাকবেন, তাঁদের ওপর নির্যাতন চালাবেন, আবার জনগণকে ধোঁকা দিতে সংলাপের কথা বলবেন, এসব জনগণ বোঝে।’ তিনি সংলাপের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টির দাবি জানান। তিনি বলেন, পরিবেশ সৃষ্টি করতে হলে আটক সব নেতাকে মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে এবং ইলিয়াস আলীসহ যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবারের কাছে ফেরত দিতে হবে।সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মঈন খান এবং ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা বক্তব্য দেন।