প্রত্যেক নাগরিককে করের আওতায় আনতে চান অর্থমন্ত্রী
দেশের প্রত্যেক নাগরিককে করের আওতায় নিয়ে আসার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর মতে, প্রত্যেক নাগরিকের ন্যূনতম ১০ টাকা হলেও কর দেওয়া উচিত।রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘বাংলাদেশে প্রত্যক্ষ করের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন অর্থমন্ত্রী।বৈঠকে দেশকে স্বনির্ভর করতে রাজস্ব আহরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য করের আওতা বাড়ানোর পাশাপাশি করদাতাদের হয়রানি কমানোর পরামর্শ দিয়েছেন আলোচকেরা।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।অনুষ্ঠানে ‘কর ভিত্তি সম্প্রসারণ’ এবং ‘কর ফাঁকি রোধ’ বিষয়ে দুটি পৃথক ধারণাপত্র উপস্থাপন করেন এনবিআরের সদস্য (আয়করনীতি) আমিনুর রহমান। এ দুটি পত্রে তিনি আয়কর আহরণের অগ্রগতি, সম্ভাবনা ও বাধাগুলো তুলে ধরেন।আলোচনায় অংশ নিয়ে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী বলেন, দেশের উন্নয়নের জন্য কর বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু রাজস্ব আহরণ প্রক্রিয়ায় এত বেশি জটিলতা থাকে, যে সাধারণ মানুষ কর দেওয়ার আগ্রহ পায় না।মেট্রো চেম্বারের সভাপতি আনিস-উদ-দৌলা বলেন, কর যারা ফাঁকি দেন, তাঁরা কোনো ধরনের অপরাধ বোধে ভোগেন না। এর বড় কারণ হলো করের সুফল তেমনভাবে দেখা যায় না।মশিউর রহমান কর ফাঁকির প্রবণতা রোধের জন্য উেস কর কর্তনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ক্ষুদ্র প্রাতিষ্ঠানগুলোর আয়-ব্যয় সঠিকভাবে নিরীক্ষা করা হয় না। তাই এসব প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র পাওয়া যায় না। অথচ এ রকম অনেক প্রতিষ্ঠানই ভালো আয় করে।সাংসদ আলী আশরাফ বলেন, বিগত সময়ে যারা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে তার অপব্যহার করেছেন, তাঁদের সামনে নিয়ে আসার অনুরোধ জানান তিনি।সব শেষে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের কর্মকর্তাদের করদাতারা ভয় পান—এ অভিযোগ সবার। করদাতারা যাতে কর দিতে এসে কোনো ধরনের ভয়ভীতির মুখোমুখি না হন, এনবিআরকে তা নিশ্চিত করতে হবে।বৈঠকে আরও বক্তব্য দেন সাংসদ গোলাম দস্তগীর গাজী, ফরিদা রহমান, ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক সাজ্জাদ জহির, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান, ফরেন চেম্বারের সভাপতি এ এম হামিম রহমতুল্লাহ ও সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশিদ প্রমুখ।