প্রত্যেক হজযাত্রী যাতে নির্বিঘ্নে হজ করে ফিরতে পারেন, সে জন্য বিশেষ খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে ‘হজ ক্যাম্প ২০১০’ উদ্বোধন করার সময় তিনি এ নির্দেশ দেন। বাসস।প্রধানমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশিদের হজ পালন নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ‘জাতীয় হজনীতি’ গ্রহণ করেছে। তিনি বলেন, গত বছর মোট হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার। এ বছর সে সংখ্যা ৯৪ হাজারে উন্নীত হয়েছে। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসসহ ১০টি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহনের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ বছর হজযাত্রীরা তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা ব্যবহার করে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সৌদি আরব থেকে দেশের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হজযাত্রীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর তাঁদের সেবার জন্য ৬০ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। এ বছর তাঁদের সংখ্যা ৯৪-এ উন্নীত করা হয়েছে। তিনি বলেন, হজযাত্রীদের সেবার জন্য স্থানীয়ভাবে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া তাঁদের সাহায্য-সহযোগিতা করার জন্য পর্যাপ্তসংখ্যক প্রবাসী বাংলাদেশি নিয়োগ দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, গত বছর হজ ক্যাম্প উদ্বোধনের সময় তিনি হাজিদের সমস্যা সমাধানের যে আশ্বাস দিয়েছিলেন ইতিমধ্যে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে হজ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।পরে প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে উপস্থিত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।