প্রত্যয়ে এগিয়ে যাওয়া
জাদুকর রাজীব বসাকের হাতে ফুল নেই, শুধুই ডাঁটি। ফুল আনতে চেয়েছিলেন কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে। কিন্তু পাননি। কী আর করা! জাদুই ভরসা। লাল রুমালটি হাতে পেঁচিয়ে ধরে হ্রদের পাশে উচ্ছ্বসিত কৃতীদের কাছে জানতে চাইলেন—লাল রঙের কী ফুল হয়? অমনি সমস্বরে চিৎকার ‘গোলাপ’। ব্যস, যেই কথা সেই কাজ, রুমাল হয়ে গেল গোলাপ। ৮ জুলাই এভাবে জাদু, গান আর কথামালায় ফয়’স লেকে অন্য রকম আনন্দে মেতেছিল কৃতী শিক্ষার্থীরা। প্রথম আলো এসএসসি জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজনে ছিল সনদপত্র নেওয়া, খাওয়া-দাওয়া, আড্ডা আর রাইডে চড়া। ঘড়ির কাঁটায় তখন আড়াইটা ছুঁই ছুঁই। তাদের দৃষ্টি আকর্ষণ করতে মঞ্চে মাইক্রোফোন হাতে অনুষ্ঠানের সঞ্চালক বন্ধুসভার জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন অভিভাবকদের উদ্দেশে বললেন, কনসার্ট দেখার জন্য শিক্ষার্থীদের আগে বসতে দিন। কথাটা কানে যেতেই নিজেদের অগ্রাধিকার ভেবে শিক্ষার্থীরা চিৎকার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। প্রথমেই ছিল বন্ধুসভার পরিবেশনা। এর পরই মাহমুদুজ্জামান বাবু মঞ্চে আসেন ব্যান্ড মৃত্তিকাকে নিয়ে। গাইলেন ‘ছেলেবেলা...’, ‘মুক্ত কর ভয়...’, কিন্তু ‘আমি বাংলার গান গাই’, যখন ধরলেন শিক্ষার্থীরাও গলা মেলাল তাঁর সঙ্গে। তাদের এই আগ্রহ কাজে লাগাতে মঞ্চে এলেন সঞ্চালক। তিনি বললেন, এখানে মনে হয় শিল্পীরাও আছেন। তোমাদের মধ্যে কে কে শিল্পী, হাত ওঠাও। সঙ্গে সঙ্গে অনেক হাত ওঠে। তবে মাইক্রোফোন হাতে পায় বাওয়া স্কুলের ছাত্রী ফারিয়া ইসলাম। সে গাইল ‘একটুকু ছোঁয়া লাগে।’ আরেকজন গাইল ‘মায়া বন বিহারিণী’। কিন্তু রোদে যতই ঝলমল করুক না কেন, এখন তো আষাঢ়। সময়টা বৃষ্টিরই। সেই বৃষ্টির কথাটুকু স্মরণ করিয়ে দিতেই যেন মঞ্চে বৃষ্টি আনলেন কনা। ঝলমলে আলোকিত আকাশে ঝরালেন খুশির বৃষ্টি। গাইলেন ‘ঝুম ঝুম ঝুম বৃষ্টি’ ও ‘ধিন তানা না’। আনন্দের ধারায় একটু পরিবর্তন আনতে মঞ্চে উঠলেন জাদুশিল্পী রাজীব বসাক। জুয়েল আইচের কথা বলতে বলতে এক গ্লাস পানি আইসে পরিণত করলেন। এরপর তিন রঙের তিনটি রুমাল থেকে একটি বড় জাতীয় পতাকা বানিয়ে ফেলেন এবং বললেন, একদিন তোমরা বিশ্বের দরবারে আমাদের দেশকে ঠিক এভাবেই বড় করে তুলে ধরবে। এ রকমই জাদুর মায়ায় মোহিত করলেন সবাইকে। জাদুর ঘোর কাটতে না কাটতেই মঞ্চে এলেন ন্যান্সি। চোখের সামনে এতগুলো জ্বলন্ত তারা দেখে ন্যান্সির কণ্ঠেও যেন অহংকারের সুর বাজল। শোনালেন ‘আমি তোমার মনের ভিতর’সহ কিছু ভালো লাগা গান। আসিফ মঞ্চ মাতিয়ে গাইলেন ‘বদলে যাও বদলে দাও’, অনেকেই অবশ্য ও প্রিয়া গানটি গাইতে বললেন কিন্তু তিনি জানিয়ে দিলেন আজ দেশাত্মবোধক গান ছাড়া হবে না। তিনি নবীনদের মাঝে দেশাত্মবোধটা ছড়িয়ে দিতে চান। এরপর গাইলেন ‘বেশ বেশ শাবাশ বাংলাদেশ’। সব মিলিয়ে যেন দেশ বন্দনার একাটা পরিবেশ সৃষ্টি হয়। তিনি মোট তিনটি গান করেন। এবার অনুষ্ঠানকে কথার জাদুতে ধরে রাখতে মঞ্চে আসেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। তিনি মেয়েদের উদ্দেশে বললেন, ‘দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই নারী, বেগম রোকেয়ার মতো একজন জেগেছিল বলেই আজকের মেয়েদের এত দূর আসা।’ পেছনে বসে থাকা ছেলেদেরও নিরাশ করেননি তিনি। তাদের খুশি করেন ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।/তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে’ কবিতাটি শুনিয়ে। সবশেষে মঞ্চে আসেন সুমি। এক পায়ে লাল আরেক পায়ে হলুদ স্যান্ডেল, কপালে বড় টিপ সবারই দৃষ্টি আকর্ষণ করে। তাঁর ব্যান্ড লালনকে সঙ্গে নিয়ে গাইলেন ‘হিন্দু-মুসলমান’, ‘এক চোখেতে হাছন আমার আরেক চোখে লালন’। সুমি শুধু গাননি, প্রজাপতির মতো নেচে নেচে রং ছড়ালেন। সেই রং ছড়িয়ে পড়ে সবার মধ্যে। প্রাঙ্গণজুড়ে সুরের তালে তালে নাচল সবাই।অবশেষে ফেরার পালা। আইসক্রিমের ঠান্ডায় শীতল হতে হতে ফিরতি পথ ধরে সবাই, সঙ্গে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা...।