প্রথম অগ্রাধিকার পূরণ অনেক দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ছিল আওয়ামী লীগের মূল পাঁচটি অগ্রাধিকারের শীর্ষে। সরকার গঠনের পর প্রথম বছর বাজারের পরিস্থিতি খানিকটা সহনশীল থাকলেও দ্বিতীয় বছরে তা অসহনীয় হয়ে উঠেছে। ফলে সার্বিকভাবে দুই বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ তো হয়ইনি বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামই অস্বাভাবিক হারে বেড়েছে।গরিবের দৈনিক আয় ফুরিয়ে যাচ্ছে এখন শুধু চাল কিনতেই। ওই চালের দামের কারণে অস্বস্তিতে রয়েছেন মধ্যবিত্ত লোকেরাও। কলেজশিক্ষক দিল আফরোজা আক্তার জানান, বেতন বাড়ার কোনো সুফল পাননি তিনি। সব টাকা খরচ হয়ে যায় চাল, ডাল ও তেল কিনতে। সরকারি ব্যাংকের কর্মকর্তা ফিরোজ আনছারীর মত হলো, দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই দায় হয়ে পড়েছে। জীবন চলছে তাঁর শুধু সমন্বয় করে করে। রিকশাচালক শুক্কুর আলী বলেন, টিকে থাকার স্বার্থে তাঁরা এখন ভাড়া বেশি নিচ্ছেন। তার পরও কুলোতে পারছেন না।২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিন গরিবের প্রধান খাদ্য এক কেজি মোটা চালের (বিআর-১১, বিআর-৮, স্বর্ণা বা চায়না ইরি) দর ছিল ২৪ থেকে ২৭ টাকা। বিশ্বমন্দার কারণে ২০০৮ সালে বিশ্বজুড়েই খাদ্যপণ্যের উচ্চ দাম ছিল। কিন্তু ২০০৯-এর শুরু থেকেই মন্দার ধাক্কা সামলে উঠতে থাকে প্রায় সব দেশ। কমতে থাকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দরও। যার প্রভাব পড়ে দেশীয় বাজারে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পরের মাস ফেব্রুয়ারিতেই মোটা চালের কেজি কমে ২৬ টাকা, মার্চে ২৪ টাকা, এপ্রিলে ২২ টাকা এবং মে-জুনে এমনকি ২০ টাকায় পর্যন্ত নেমে আসে।তবে ২০০৯-এর জুলাই থেকে আবারও চড়া হতে থাকে মোটাসহ সব ধরনের চালের বাজার। প্রতি মাসে অল্প অল্প করে বাড়তে বাড়তে দুই বছরের মাথায় এক কেজি মোটা চাল কিনতে এখন ভোক্তাকে ৩৪ থেকে ৩৬ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।দুই বছর আগের ও বর্তমানের-উভয় তথ্যই রাষ্ট্রীয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে পাওয়া। জুনকে ভিত্তি ধরলে সরকারি হিসাবে দেড় বছরেই মোটা চালের দর বেড়েছে কেজিতে ১৪ থেকে ১৬ টাকা। শুধু মোটা নয়, মিনিকেট, নাজিরশাইল, পাইজামসহ সব ধরনের চালের দরই গত দুই বছরে বেড়েছে উল্লেখযোগ্য হারে। টিসিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বৃদ্ধির পরিমাণ কেজিতে ১০ টাকার কম নয় কোনো চালেরই।একইভাবে আটা, ভোজ্যতেল এবং চিনির দরও বেড়েছে অস্বাভাবিক হারে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের শুরুর দিন যে খোলা আটার কেজি ছিল ২৩ টাকা, ঠিক দুই বছরের মাথায় তা বিক্রি হচ্ছে এখন ৩৪ টাকা দরে। ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিনের দর ছিল ৮৭ টাকা লিটার, আর গতকালের বাজার দর ৯৮ টাকা। এভাবে পামতেল দুই বছরে ৬৫ থেকে বেড়ে ৮৭ টাকা, চিনি ৩২ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ৫৮ টাকা, দেশি রসুন ৪০ থেকে বেড়ে ১৮০ টাকা এবং আদা ৬০ থেকে বেড়ে মানভেদে ১২০ টাকা পর্যন্ত হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে।’ইশতেহারে দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির বন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ, মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ভোগ্যপণ্য মূল্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, সরকার নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রুখতে চাইলেও করণীয় পদক্ষেপ নিচ্ছে না, অথবা নিতে পারছে না। যেমন-ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। সংশোধন করে একে আরও ভোক্তাবান্ধব করতে হবে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। তা ছাড়া অসাধু সংঘবদ্ধ ব্যবসায়ী (সিন্ডিকেট) রোধে প্রতিযোগিতামূলক নীতি ও আইন পাসের বিষয়টিও ঝুলে রয়েছে। আইনের খসড়া মন্ত্রিপরিষদের বৈঠকে তোলাই হয়নি। টিসিবিকে অধিকতর কার্যকর করার কথাও বলা হচ্ছে শুধু মুখে। বাস্তবে এরও কোনো অগ্রগতি নেই। ক্যাব সভাপতি কাজী ফারুক প্রথম আলোকে বলেন, জনবান্ধব বাজারনীতি গ্রহণ না করলে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাবে না। রাজধানীতে সরকারের নিয়ন্ত্রণে কয়েকটি পাইকারি বাজার স্থাপন করতে হবে। যে বাজারে কৃষক তাঁর পণ্য ন্যায্য দামে বিক্রি করতে পারবেন। ১৯৫৬ সালের মজুদ আইন হালনাগাদেরও পরামর্শ দেন তিনি। ব্যবসায়ীদের দ্বৈত ভূমিকার সমালোচনা করে ক্যাব সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ধুয়া তুলে দেশীয় বাজারে তাৎক্ষণিক পণ্যমূল্য বাড়িয়ে দেন তাঁরা, কিন্তু দাম কমলে দেশীয় বাজারে তা কমাতে চান না।এদিকে, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে টিসিবিকে শক্তিশালী ও গতিশীল করার কার্যক্রমেও কোনো উন্নতি নেই। এ ব্যাপারে উপেক্ষিত থাকছে প্রধানমন্ত্রীর নির্দেশনাও। নতুনের মধ্যে প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে শুধু।টিসিবির সদ্যবিদায়ী চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান টিসিবির ক্ষমতা কম। এক কেজি চিনি কিনতে গেলেও মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। বাড়তি বরাদ্দ তো দূরের কথা, নিজের তহবিলে যে ৪৫ কোটি টাকা রয়েছে, তা-ও খরচ করার এখতিয়ার নেই টিসিবির।’ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অধিকতর কার্যকর করতে কয়েক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু সুপারিশ করেছে টিসিবি। এগুলো হচ্ছে, নিত্যপণ্যের মোট চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ আমদানি বা স্থানীয়ভাবে সংগ্রহ করা, পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ করা, দক্ষ জনবল বৃদ্ধি, স্থায়ী তহবিল এক হাজার কোটি টাকায় উন্নীত করা, তেজগাঁওয়ের টিন শেড গুদাম ভেঙে বহুতলবিশিষ্ট গুদাম নির্মাণ, গুদামের সংখ্যা বাড়ানো ইত্যাদি। এসব সুপারিশের একটিও বাস্তব রূপ লাভ করেনি।তবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ‘কিছু কাজ যে হচ্ছে না, তা নয়। দুটি পণ্যে সরবরাহের আদেশ প্রথার পরিবর্তে পরিবেশক প্রথা চালুর সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। তবে টিসিবির চাওয়া বাস্তবায়ন করতে গেলে যে বিপুল অর্থের দরকার, সরকারের পক্ষে এর জোগান দেওয়া কতটুকু সম্ভব চিন্তার বিষয়।’ উদাহরণ দিয়ে তিনি জানান, ‘চালের চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নিজের হাতে রাখা টিসিবির পক্ষে সম্ভব নয়।’তবে অস্ট্রেলিয়াসহ অনেক দেশেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির মতো প্রতিষ্ঠানের সফল হওয়ার নজির রয়েছে বলে উল্লেখ করেন এম এ তসলিম।