প্রথম আলো, চিরকালের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় পড়েছি, জাপান হলো সূর্যোদয়ের দেশ। মানে পৃথিবীতে সবার আগে সূর্য ওঠে জাপানে, তাই এই নাম। অস্ট্রেলিয়ায় এসে সময় গুনে দেখলাম, যেমন জাপান ঠিক, তেমনি অস্ট্রেলিয়াও।অস্ট্রেলিয়াও একটি সূর্যোদয়ের দেশ। তার মানে যখন সারা পৃথিবী—ইউরোপ, মধ্যপ্রাচ্যে রাত, তখন বাংলাদেশে রাত দুইটা। তখন অস্ট্রেলিয়ায় সময় সকাল সাতটা। আক্ষরিক অর্থে দিনের প্রথম আলো আসে অস্ট্রেলিয়ায়। আর তার সঙ্গে আসে একই নামের একটি সংবাদপত্র, ইন্টারনেটে চড়ে। তার নামও প্রথম আলো।সারা বাংলাদেশ যখন ঘুমিয়ে, প্রথম পরিষ্কার আলো আর সূর্যোদয়ের দেশে বসে আমি তখন পড়ি সেই প্রথম আলো। পড়ি তার ওয়েব পোর্টাল। জানতে পেরেছি, বাংলা ভাষাভাষী মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় এই সংবাদপত্র ও ওয়েব পোর্টাল।কেন পড়ি? আরও তো অনেক সংবাদপত্র আছে, সেগুলো অতটা না পড়ে প্রথম আলো পড়ি কেন? কারণ, প্রথম আলো শুধু একটা সংবাদপত্র নয়। এই পত্রিকার আছে একটা দৃষ্টিভঙ্গি, একটা অঙ্গীকার, একটা শপথ।মানবমনের বিভিন্ন উদ্যমী ইচ্ছা, স্বপ্ন, উচ্চাশা যেখানে বিরাজ করে, যেখানে হতাশা ও অন্ধকার পেরিয়ে মানুষ আলোকের খোঁজ করে, ঠিক সেই জায়গাটাকে প্রথম আলো উজ্জীবিত করতে চায়।তাই দীর্ঘদিন প্রবাসে নিরবধি থাকার পর আমি যখন দেশমুখী হলাম, তখন প্রথমেই এই পত্রিকাটা আমার চোখে পড়ল। এই পত্রিকার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সঙ্গে পরিচিত হলাম। তাঁদের শুরু করা সারা দেশে গণিত আন্দোলনের সঙ্গে আমিও সম্পর্কিত হলাম। আমার দেশমুখী হওয়ার পেছনে এই মানুষগুলোর একটা ভূমিকা আছে। দেশের প্রতি আমার যে সীমাহীন উচ্চাশামিশ্রিত ভালোবাসা, তার ছায়া আমি প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম এবং আজ পর্যন্ত সেটা দেখছি।তাই যখন বিদেশে থাকি, আর দিনের পর দিন প্রবাসে থেকেও যখন দেশ নিয়ে লালন করা স্বপ্নকে জাগিয়ে রাখতে চাই, তখনই প্রতি সকালে প্রথম আলো পড়ি।কিন্তু আমাদের সামনে দীর্ঘ পথ। শুধু স্বপ্নে তার প্রকাশ যথেষ্ট নয়। আমার প্রত্যাশা থাকবে, প্রথম আলো আরও বেশি করে এ স্বপ্ন পূরণের দিকে নজর দেবে। সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে একটা নতুন ধারা সৃষ্টি করবে, যেখানে মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে নিত্যনতুন সামাজিক আন্দোলন।আমাদের মতো দেশে এটাই স্বাভাবিক ও সংগত। ১৫ বছরে পা দেওয়া প্রথম আলো এখন এক যুবকে পরিণত হচ্ছে। প্রত্যাশায়, সাহসে আর উচ্চাশায় জাতি এখন তার কাছে আগামীর আলোভরা ভবিষ্যৎ আশা করে। প্রথম আলো যেন শেষ অবধি আলোকিত থাকে, এই কামনা করি।