প্রথম আলো কার্যালয়ে শিক্ষক রঞ্জিত
নীলফামারীর আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায় গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আসেন। রঞ্জিত জানান, তাঁর কষ্টগাথা প্রথম আলোয় ছাপানোর পর থেকে জীবনযাত্রা পাল্টে গেছে। দেশ-বিদেশের অসংখ্য হূদয়বান মানুষ তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো অনেকে তাঁকে ফোন করেন। তাঁর নৈতিকতা ও দৃঢ়তার প্রশংসা করেন। এ জন্য তিনি প্রথম আলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রঞ্জিতের সঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মেরাজ উদ্দিন ছিলেন।আবেগাপ্লুত কণ্ঠে রঞ্জিত বলেন, ‘মাদ্রাসাটির গতি না হওয়া পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না।’ এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মাদ্রাসার অবকাঠামো নির্মাণ ও তাঁর (রঞ্জিত) পরিবারের জন্য ঘর তৈরি করে দিতে প্রথম আলোর উদ্যোগের কথা জানান।১১ বছর ধরে নীলফামারী সদর উপজেলার বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসায় বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন রঞ্জিত। কিন্তু মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকতার পাশাপাশি দিনমজুরি করছিলেন তিনি। এ নিয়ে ৯ মার্চ প্রথম আলোতে ‘এক বেলা শিক্ষকতা, অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি প্রকাশের পরপরই দেশ-বিদেশ থেকে অসংখ্য পাঠক টেলিফোন করেন প্রথম আলো কার্যালয়ে। পাঠকেরা রঞ্জিতের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। অনেকে ইতিমধ্যে রঞ্জিতকে আর্থিক সহায়তা দিয়েছেন। গত সোমবার এক পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) রঞ্জিতকে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন।মাদ্রাসার অবকাঠামো নির্মাণে ও শিক্ষক রঞ্জিতের সহায়তায় প্রথম আলোর উদ্যোগে যে কেউ শরিক হতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা প্রথম আলোর কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।