গত ২৩ জানুয়ারি প্রথম আলোর উদ্যোগে ‘রাজধানী ঢাকা: যানজট ও জনদুর্ভোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁদের আলোচনা সংক্ষিপ্ত আকারে ছাপা হলো এই ক্রোড়পত্রে
প্রথম আলো গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকা: যানজট ও জনদুর্ভোগ
যাঁরা অংশ নিলেনমোজাম্মেল হক খান সচিব, যোগাযোগ মন্ত্রণালয়সারওয়ার জাহান নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এ কে এম শহীদুল হক পুলিশ কমিশনার, ঢাকা মোহাম্মদ জহুরুল হক প্রধান নগর পরিকল্পনাবিদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)তপন কুমার সরকার পরিচালক, বিআরটিএসালমা এ সফি নগর পরিকল্পনাবিদঅধ্যাপক আলমগীর মুজিবুল হক পুরকৌশল বিভাগ, বুয়েটইলিয়াস কাঞ্চন সভাপতি, নিরাপদ সড়ক চাইমোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটসমতিউর রহমান সম্পাদক, প্রথম আলোযানজটের ওপর তথ্য-উপাত্ত উপস্থাপনসেলিম মো. জাহাঙ্গীরউপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটনসঞ্চালকআব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলোসূচনাআব্দুল কাইয়ুমঢাকা মহানগরে যানজট এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। পাশের দেশ ভারতের কলকাতায়ও যানজট ছিল। কিন্তু সম্প্রতি ওখানে গিয়ে দেখলাম নাটকীয় পরিবর্তন। যানজট নেই বললেই চলে। সবাই ট্রাফিক আইন মেনে চলছে। প্রচুর ফ্লাইওভার আছে সেখানে। একটি শহরের ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার। ঢাকায় আছে আট শতাংশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। উত্তর-দক্ষিণে রাস্তা বেশি, পূর্ব-পশ্চিমে কম। সিগন্যাল বাতি থাকা সত্ত্বেও হাত তুলে ট্রাফিক-সিগন্যাল পরিচালনা করতে হয়। ঢাকায় প্রতিদিন মানুষ ও গাড়ি বাড়ছে। তাই যা যা করা দরকার, তা এখনই করতে হবে। কোনো কোনো দেশ কেব্ল-কার (বিদ্যুতের তারে চালিত যান) চালু করে যানজট কমাচ্ছে। কোথাও রয়েছে পাতালরেল, কোথাও আকাশরেল। আমাদের এখানে এসব সম্ভব কি না দেখতে হবে। ভয় হয়, প্রকল্প মানেই বড় অঙ্কের টাকা। কাজের চেয়ে অপচয়ই আবার বেশি না হয়।২০০৯ সালের নভেম্বর মাসে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কাজ করেছি। যেখানে ওভারব্রিজ, আন্ডারপাস আছে। যাঁরা এগুলো ব্যবহার করছেন, তাঁদের ধন্যবাদ। প্রথম আলোর পক্ষ থেকে তাঁদের চাবির রিং দেওয়া হয়েছে। জনসচেতনতামূলক এমন কাজ ভবিষ্যতে আমরা আরও করব। আলোচনার শুরুতে সারওয়ার জাহানকে তাঁর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।আলোচনাসারওয়ার জাহানএকটি শহরের ২৫ শতাংশ রাস্তা থাকলেই যে যানজট হবে না, এমন কোনো কথা নেই। লন্ডন, সিঙ্গাপুর—অনেক শহরেই নেই। আর ঢাকা তো ৪০০ বছরের পুরোনো শহর। কম রাস্তা দিয়েও যানজট দূর করা যায়। হংকংয়ে যানজট নেই বললেই চলে। কারণ, ওখানে ৯০ শতাংশ লোক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। ঢাকায় যানজটের এই সমস্যার পেছনে প্রধান কারণ যথাযথ নগর পরিচালন-ব্যবস্থা না থাকা। ঢাকায় বিভিন্ন সময়ে রাজউক, ডেসা, ওয়াসা, ডেসকো হয়েছে। এগুলোর কাজ আলাদাভাবে দেখার কিছু নেই। এগুলোর যথাযথ সমন্বয় দরকার। সবই আলাদাভাবে গড়ে ওঠায় এবং সমন্বয়হীনভাবে কাজ করায় কোনো লাভ হয়নি।গত কয়েকটি সরকার কখনোই যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ রাখতে পারেনি। কখনো কখনো তাদের বিভিন্ন পলিসির কারণে যানজট আরও বেড়েছে। প্রথম থেকেই পরিবহনব্যবস্থা মুক্তবাজার অর্থনীতির মতো রাখা হয়েছে। হাজার হাজার বাস, হাজার মালিক, হাজার নিয়ম। ব্যবসার খাতিরে যে যার ইচ্ছামতো নিয়ম বানাচ্ছে। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা। মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্তদের জন্য কোনো পরিবহনব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে নিরুপায় হয়ে যাদের সাধ্য নেই, তারাও কষ্ট করে গাড়ি কিনে ফেলেছে। এমন একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ডিএমপির পক্ষে সামলানো সম্ভব নয়। নিয়ম না মানাটাই সংস্কৃতি হয়ে উঠেছে। বছরে ৫০ থেকে ৬০ হাজার গাড়ি যদি রাস্তায় নামে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে—এতে কোনো সন্দেহ নেই। নগর পরিকল্পনায় এখন কোনো অভিভাবক নেই। প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে কাজ করছে। এগুলোকে এক জায়গায় এনে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।এ অবস্থায় রাতারাতি কোনো সমাধান হবে না। আরেকটা হচ্ছে ঘনত্ব। ঢাকায় প্রতি একরে প্রায় ৫০০ জন লোক বাস করে। নিউইয়র্কে যেখানে ২৫-৩০ জন। জনসংখ্যার ঘনত্ব ঢাকায় আরও বাড়ছে। সরকার এ ব্যাপারে পুরো ঘুমিয়ে আছে। ক্র্যাশ প্রোগ্রাম করে এখন ঢাকার এই জনসংখ্যা কমাতে হবে। সে জন্য বিশেষ টাস্কফোর্স দরকার হলে তা-ও করতে হবে।রাস্তা যা আছে, তা-ও আমরা ৩০-৪০ ভাগ ব্যবহার করতে পারছি না। সেগুলো দখলমুক্ত করতে হবে। আর সার্বিক কাজের জন্য জনগণকে সঙ্গে নিতে হবে। সরকার একা এত সমস্যা সমাধান করতে পারবে না। স্থানীয় লোকদের নিয়ে এলাকায় এলাকায় কমিটি গঠন করতে হবে। তারাই তাদের এলাকার সমস্যা সমাধান করবে। সরকার তাদের সাহায্য করবে। এসব করতে সময় লাগবে, কিন্তু শুরু করতে হবে।সরকারের এখন নীতি হচ্ছে সবার আগে গাড়ি, তারপর একে একে বাস, সিএনজি, বাইসাইকেল ও সবশেষে হাঁটা। এই নীতি উল্টে সবার আগে হাঁটাকে নিয়ে আসতে হবে। ইউরোপে এরই মধ্যে এটা শুরু হয়ে গেছে। মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করতে হবে। বাইসাইকেলকে জনপ্রিয় করতে হবে। ইউরোপে অর্ধেকের বেশি মানুষ এখন বাইসাইকেলে অফিসে যায়। এতে শরীরও ভালো থাকে। তারপর বাস এবং সবশেষে গাড়ি। বাস এখন পাঁচ হাজার থাকলে মালিক আছে এক হাজার। বাস বাড়াতে হবে, তবে এভাবে বাড়লে সমস্যা আরও বাড়বে। পুরো বাস পরিবহনকে একটা অবকাঠামোর ভেতরে নিয়ে আসতে হবে। তাইওয়ান, ভারতসহ অনেক দেশে চালু হয়েছে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) সিস্টেম। রাস্তার লেনগুলো ব্যবহার করতে হবে। ডেডিকেটেড লেন দিয়ে যে আগে যেতে চায়, তাকে সে ব্যবস্থা করে দিতে হবে। এ জন্য উন্নত এসি/নন-এসি বাস থাকতে হবে। যাঁরা গাড়ি ব্যবহার করতেন, তাঁরা যানজট এড়াতে এসব বাসেই যাবেন। যেভাবে স্কুলবাসের পরিকল্পনা করা হচ্ছে, সেটা কোনোভাবেই কার্যকর হবে না। কারণ, এর সঙ্গে অনেক কিছু জড়িত। এভাবে তাড়াহুড়ো করে আংশিক সমাধান হয় না। রাস্তার পার্কিং বন্ধ করতে হবে। ৮-১০ ভাগ লোকের জন্য পার্কিং করতে হচ্ছে। এই অল্প কয়েকজন মানুষের জন্য বাকিদের কেন দুর্ভোগ হবে? এদের জন্য বিআরটি চালু করলেই সমস্যা কমে যাবে। সংকীর্ণ রাস্তায় গাড়ি বন্ধ করতে হবে। ক্রস সেকশনগুলোতে ব্যবস্থা নিতে হবে, সেখানে আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে।ব্যাংককে ২৫ বছর ধরে প্রতিবছর সাত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে নগর উন্নয়নে। অর্থাৎ দুই লাখ কোটি টাকা খরচ করেও এখন তারা যানজটে পড়ছে। কারণ, তারা বিআরটি চালু করেনি। মানুষের গাড়ির সংখ্যা বেড়েছে। তাই যত যা-ই করেন, বিআরটি চালু করে গাড়ির সংখ্যা কমাতে হবে।আব্দুল কাইয়ুমধন্যবাদ সারওয়ার জাহান। উনি অনেক কথা বলেছেন। বিআরটির কথা বললেন, বছর পাঁচেক আগে এ রকম একটা প্রস্তাব এসেছিল। আমরা (সাংবাদিকেরা) পূর্ণ সমর্থন করেছিলাম। কিন্তু শেষমেশ কী কারণে যেন সেটা আর হয়নি। যানজটও যেমন কমত, মানুষও শতায়ু হতো। কিন্তু সমস্যা হচ্ছে ছিনতাই ও ফুটপাত। এ দিকটা ঠিক করতে হবে। এখন মোহাম্মদ জহুরুল হক বলবেন।মোহাম্মদ জহুরুল হকযানজটের এই অবস্থা কেন? আমার মতে, এর মূল কারণ অভিবাসন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ—দেশের প্রতিটি জায়গা থেকে এখানে প্রতিদিন মানুষ আসে কাজের খোঁজে। ঢাকা পুরোপুরি অর্থনীতিনির্ভর শহর হয়ে গেছে। সরকারের যেসব পরিকল্পনা, তাতে এই অভিবাসন ঠেকানোর কোনো উপায় নেই। আপনি যতই অবকাঠামোর উন্নয়ন আর আইনের কথা বলেন না কেন, সবকিছুরই সীমাবদ্ধতা আছে। একটা পর্যায়ে গিয়ে সেখানেও যানজট হবে, যদি না মানুষের সংখ্যা সহনীয় পর্যায়ে রাখা যায়। এর জন্য বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকায় লাখ লাখ গার্মেন্টসকর্মী আছে। শুধু যে তারাই এসেছে, তা-ই নয়; সঙ্গে তাদের পরিবারও আছে। প্রতিদিন যদি ১০০-১৫০ গাড়ি ঢাকায় ঢোকে, তবে দুই বছর পর দেখবেন, পুরো শহর পার্কিং স্পেস হয়ে গেছে। গাড়ির সংখ্যাও তাই কমাতে হবে। বিআরটি সিস্টেম এখানে কাজে লাগানো যেতে পারে। যে শহরে লোকসংখ্যা বেশি থাকে, সেখানে তিন ধরনের পরিবহনব্যবস্থা দরকার। সারফেস, এলিভেটর ও আন্ডারগ্রাউন্ড। আমাদের এখানে শুধু সারফেসটাই আছে। এটা কোনো বড় শহরের চরিত্র নয়।আব্দুল কাইয়ুমআপনি যে পরিকল্পনাগুলোর কথা বলছেন, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান নগর পরিকল্পক হিসেবে আপনার ক্ষমতা কতটুকু? বা কী করেছেন এযাবৎ?মোহাম্মদ জহুরুল হকএকটু পরে আসছি সে ব্যাপারে। ঢাকা শহরের জন্য ১৯৫৯ সালের একটা মাস্টারপ্ল্যান ছিল। ১৯৯৫ সালে আরও একটি প্ল্যান করা হয়। তখন পরিবহনব্যবস্থার যে সুপারিশগুলো ছিল, তা এই প্ল্যানে যোগ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ের প্ল্যানে আমরা এখানে আরও অনেক কিছু যোগ করেছি। আমরা অনেক নতুন লিংক রোড করছি। কারওয়ান বাজার থেকে মহাখালী পর্যন্ত একটি রাস্তা করার চেষ্টা করছি। বালু নদী পর্যন্ত রাস্তার পরিকল্পনা সরকারের কাছে দেওয়া হয়েছে। এ রকম অনেক লিংক রোড নিয়ে কাজ হচ্ছে। খাল, ছোট রাস্তা—এগুলো নিয়ে কাজ করছি। পরিকল্পনা ও প্রয়োগ দুই ক্ষেত্রেই কাজ চলছে প্রচুর। তবে একাধিক বিভাগের প্রচুর অভাব। এদিকটাতেও কাজ করতে হবে।আব্দুল কাইয়ুমআপনি যে পরিকল্পনার কথা বললেন, সেগুলো বাস্তবায়নে আপনাদের কোনো কর্তৃত্ব আছে কি?মোহাম্মদ জহুরুল হকনিয়মানুযায়ী ৪০ ফুটের বড় রাস্তাগুলোর দায়িত্ব রাজউকের। এর চেয়ে ছোট রাস্তাগুলোর দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের। এ ছাড়া কিছু লিংক রোড করার পরিকল্পনাও আমাদের আছে।আব্দুল কাইয়ুমসোনারগাঁও মোড়, শাপলা চত্বর, রেলগেটগুলো—এসব জায়গায় আন্ডারপাস বা ওভারপাস করতে হবে। অভিযোগ এসেছে, প্রতিদিন ঢাকায় ২০০টি করে গাড়ি নামছে। ড্রাইভাররা হেলপার দিয়ে গাড়ি চালান। এসব ক্ষেত্রে কী করার আছে। জানতে চাইব বিআরটিএর মহাপরিচালক তপন কুমার সরকারের কাছে।তপন কুমার সরকারবিআরটিএর কাজ মূলত চারটি গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট দেওয়া। এগুলোর ওপরে প্রচুর অভিযোগ আছে বিআরটিএর ওপর।নভেম্বর ২০০৯ পর্যন্ত শুধু ঢাকায় গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩৩৬টি। এর মধ্যে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস ইত্যাদি ছোট গাড়ির সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ৫৯৭টি। এ ছাড়া মোটরসাইকেল আছে দুই লাখ ১৭ হাজার ৬৮টি। ১৪ হাজার ৫০০টি অটোরিকশা আছে। সব মিলিয়ে ৮০ ভাগের ওপরে ছোট গাড়ি আছে। বাস-মিনিবাসের রেজিস্ট্রেশন আছে ১৬ হাজার ৫০০টির। কিন্তু ঢাকায় রুট পারমিট দেওয়া আছে সাত হাজার ৩৬৭টির। ঢাকার রোড ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান, ডিএমপির কমিশনারও এ ব্যাপারে জানেন। প্রকৃতপক্ষে ঢাকায় সাধারণের জন্য কোনো পরিবহনব্যবস্থা গড়ে ওঠেনি। এখনো প্রতিদিন ১৫০ থেকে ১৮০টি নতুন গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে। সুতরাং এটা যে আরও ভয়াবহ আকার ধারণ করবে, তাতে আর সন্দেহ কি। দুয়েক বছর পর যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, তা চিন্তাও করা যায় না। সময় এসেছে ছোট গাড়িকে কন্ট্রোল করে আসা ট্রানজিট গড়ে তোলার।আব্দুল কাইয়ুমআমাদের দেশে অনেক যানবাহন হয়ে গেছে। আমাদের উচিত, বাসের সংখ্যা নিরূপণের জন্য একটা গবেষণাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, যাতে প্রকৃত প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে। আমরা অনেক সময় দেখি, রাস্তায় বাসস্ট্যান্ডে একের পর এক খালি বাস দাঁড়িয়ে থাকে। আবার অফিস সময়ে দেখা যায়, বাসের ওপর প্রচুর চাপ পড়ে। তাই বাসের সংখ্যা কিংবা বাসের লাইসেন্স প্রদান নিরূপণের জন্য শুধু মালিক সমিতিগুলোর সঙ্গে বৈঠক করলে হবে না। আমাদের তথ্য ও উপাত্তের মাধ্যমে প্রকৃত প্রয়োজনীয় বাসের সংখ্যা নিরূপণ করতে হবে। এসব বিষয়ে পরিষ্কার চিত্র দিতে পারবেন আলমগীর মজিবুল হক, তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের ট্রান্সপোর্ট শাখার অধ্যাপক।অধ্যাপক আলমগীর মজিবুল হকআমরা কয়েকজন বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু সমস্যা চিহ্নিত করে এর সমাধানের কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি, আমাদের অবকাঠামোগত অনেক দুর্বলতা আছে। এই দুর্বল অবকাঠামো যে প্রকৃতভাবে আরও কতটা দুর্বল, সে বিষয়ে আমরা পরিষ্কার নই।আমরা জানি, আমাদের শহরে শতকরা আট ভাগ রাস্তা রয়েছে যানবাহন চলাচলের জন্য। ঢাকা সিটি করপোরেশন এলাকায় তাদের হিসাব মতে যেসব রাস্তা রয়েছে, তাকে কয়েকটি স্তরে ভাগ করা যায়। প্রাথমিক স্তরের সড়ক, দ্বিতীয় স্তরের সড়ক, সংযোগ সড়ক, এলাকাভিত্তিক সড়ক ও ছোট গলি। এর মধ্যে প্রাথমিক ও দ্বিতীয় স্তরের সড়ক এবং সংযোগ সড়কসহ মোট আট ভাগ সড়কে মাত্র তিন ভাগ সড়কে পাবলিক যানবাহন চলাচল করতে পারে। বাকি পাঁচ ভাগ সড়ক হচ্ছে ছোট রাস্তা কিংবা এলাকাভিত্তিক রাস্তা, যা দিয়ে আসলে পাবলিক পরিবহন চলাচল করতে পারে না।আমরা সবাই বলি, শহরের মোট ২৫ ভাগ রাস্তা থাকা প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে উত্তর আমেরিকায় শুধু ২৫ ভাগ সড়ক রয়েছে পাবলিক পরিবহনের জন্য। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সড়ক রয়েছে ১৫ ভাগ। তারা কিন্তু পাবলিক পরিবহনে বহুমুখী ব্যবহারের মাধ্যমে যানজট-সংকট নিরসন করতে পেরেছে। আমাদের পক্ষে অনেক বেশি রাস্তা নির্মাণ করা সম্ভব নয়। তাই এ সীমিত সড়ককে আরও বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনের পদক্ষেপ নিতে হবে।অনেকেই আমাদের পরিবহন-নীতির অভাবকে দায়ী করেন। বিষয়টি সর্বাংশে সত্য নয়। ১৯৯১ সালে ঢাকা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট স্টাডি করা হয়। আমাদের সড়ক উন্নয়ন প্রকল্প, সিগন্যাল বাতি উন্নয়ন প্রকল্প, ফুটপাত উন্নয়ন প্রকল্প, বাস টার্মিনাল উন্নয়ন ও মহাখালী ফ্লাইওভার এই প্রকল্পের অধীনে সম্পন্ন হয়েছে। ১৯৯৫ সালে আমাদের ডিএমটিপি গঠিত হয়, যার মাধ্যমেই সড়ক উন্নয়ন মহাপরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হয়। এর অধীনেই এসটিপি নামের একটি স্টাডি ২০০৫ সালে করা হয়। এর আট মাস সময় থাকলেও প্রায় ১৮ মাস পর সেটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় বিএনপির সরকারের আমলেই। কিন্তু দীর্ঘদিন প্রকল্পটি পড়ে থাকে। অবশেষে ২০০৮ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার প্রকল্পটি অনুমোদন করে। এ প্রকল্পের অধীনে সড়ক ও রেলওয়ের উন্নয়নের জন্য কী করতে হবে—সবই উল্লেখ করা ছিল। কিন্তু প্রকল্পটির বাস্তবায়নে আর তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেমন—রেলওয়ে অধিদপ্তর ২০১২ সালের মধ্যে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত রেল পরিবহনের উন্নয়ন করবে। ২০১২ সালের মধ্যে প্রতিদিন প্রায় দুই লাখ যাত্রী পরিবহন করা হবে। আমি রেলওয়ের ডিজিকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কর্ণপাত করেননি। আসলে আমাদের ঢাকা শহরকে কেন্দ্র করে অনেক পরিকল্পনা সরকার অনুমোদন করেছে, কিন্তু সঠিক বাস্তবায়ন করতে পারছে না।আরেকটি বিষয় হচ্ছে পরিকল্পনাগুলোতে সমন্বয়হীনতা। সমস্যাটি বেশ প্রকট। যেমন, বিশ্বব্যাংকের অর্থায়নে রেলওয়ে-নির্ভর দ্রুত পরিবহন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত পাতালরেলের কথা সরকারের অতি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বলা হচ্ছে। আবার একই সময় গুলিস্তান থেকে যাত্রাবাড়ী ফ্লাইওভার বর্ধিত আকারে করার কথা বলা হচ্ছে। দুটি প্রকল্প এই সড়ক দিয়ে করার কথা বলা হচ্ছে। ফলে একই স্থানে দুটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এ দুটি প্রকল্পের মধ্যে প্রকট সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। তাই দুটি আলাদা প্রকল্পে একসঙ্গে সমন্বয়ের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।অন্যদিকে রাজউকের দায়িত্ব হলো ভূমি ও সড়ক উন্নয়ন করা, কিন্তু রাজউক সড়ক উন্নয়নে তেমন ভূমিকা পালন করছে না। কারণ, সড়ক তো বিক্রি করা যায় না। তারা কোনো একটি জায়গা একোয়ার করে ভূমির উন্নয়ন করে প্লট বিক্রি করতে পারছে। তাই তারা সড়কের উন্নয়নের চেয়ে ভূমির উন্নয়নের প্রতি বেশি আগ্রহী। তারা শুধু পরিকল্পনা করছে, কিন্তু বাস্তবায়ন করছে না।অন্যদিকে ঢাকা সিটি করপোরেশন আগ্রহী হয়ে পড়ছে শপিং মলের উন্নয়নের প্রতি। সড়কের ট্রাফিক-ব্যবস্থাপনার উন্নয়ন করা তাদের প্রাথমিক দায়িত্ব, কিন্তু সিটি করপোরেশন তা পালন করছে না।ঢাকা মহানগরের জনসংখ্যা গত ৩৫ বছরে প্রায় ১০ গুণ বেড়েছে। সম্প্রতি এক জরিপে বলা হয়েছে, ২০২৫ সালে ঢাকার লোকসংখ্যা হবে আড়াই কোটি। অন্যান্য বিভাগের জনসংখ্যা বৃদ্ধিরও প্রায় সাড়ে তিন ভাগ প্রভাব পড়বে ঢাকা শহরে। আমরা জলবায়ু পরিবর্তনের কথা কিংবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কথা শুনছি। আমরা জানি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে আমাদের জনসংখ্যার ১৮ ভাগ লোক ভূমিহীন হয়ে পড়বে। এই বিরাট জনগোষ্ঠীর একটি বড় অংশ কিন্তু ঢাকা শহরে আশ্রয় নেবে। ফলে ভবিষ্যতে আমাদের যানজটের সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়াবে। এগুলোই হচ্ছে প্রধান সমস্যা। আমাদের এসব সমস্যা সমাধানের জন্য প্রথমে ট্রাফিক-ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। ট্রাফিক-ব্যবস্থাপনার মধ্যে মূল হলো পার্কিং-ব্যবস্থার উন্নয়ন, সড়ক প্রশস্ত করা ইত্যাদি। ঢাকা সিটি করপোরেশন দায়িত্ব না নেওয়ার ফলে পুলিশকে সব দায়িত্ব পালন করতে হচ্ছে। পুলিশের ট্রাফিক-ব্যবস্থাপনার উন্নয়নের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।এ ছাড়া ঢাকার জনসংখ্যার বিকেন্দ্রীকরণ বা ঢাকার বাইরে পুনর্বাসনের কথা বলছি। কিন্তু যারা এ কাজটি করবে, তারা নিজেদের ঢাকার ভেতরে রেখে অন্য মানুষকে কীভাবে ঢাকার বাইরে পুনর্বাসন করা যায়, সে পরিকল্পনা করতে চাইছে। এটি একটি সমস্যা হয়ে দাঁড়াবে এই জনসংখ্যা বিকেন্দ্রীকরণ কিংবা পুনর্বাসনের ক্ষেত্রে। এ জন্য বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।আব্দুল কাইয়ুমধন্যবাদ অধ্যাপক আলমগীর মজিবুল হককে। আমাদের অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু সমন্বয়হীনতার কারণে এর বাস্তবায়িত হয় না। আমরা চাই, পরিকল্পনা শুধু অনুমোদনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন চাই। আলোচনার এ পর্যায়ে অনুরোধ করছি নগর পরিকল্পনাবিদ সালমা এ সফিকে বলার জন্য।সালমা এ সফিঢাকার ৪০০ বছর পূর্তিতে আমার পরিচিত প্রবাসী কিছু বিশেষজ্ঞ এসেছিলেন। তাঁদের কাছে জানতে চাইলাম, ঢাকা কেমন লাগল। সবাই বলেছেন, সবকিছুই ভালো লেগেছে, শুধু যানজট ছাড়া। আমরা সাধারণত দেখি, যখনই বিদেশি সংস্থা কিংবা আমাদের নিজস্ব কোনো ফান্ড গঠন করা হয়, তখন আমরা তাড়াহুড়ো করি ফান্ডের অর্থ ব্যয় করার জন্য। অল্প সময়ে আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি না। ঢাকা শহর এলাকাকে আমরা এখন চারটি পরিধির মধ্যে ভাগ করি। প্রথমটি হচ্ছে ঢাকা সিটি করপোরেশন এলাকা—এটির পরিধি ১২০ বর্গমাইল। তারপর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকা, যার পরিধি ১৪০ বর্গমাইল। এরপর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান এলাকা, যার পরিধি ৫৯০ বর্গমাইল। এসটিপি ঢাকাকে আরও অনেক বড় এলাকার কথা বলা হয়েছে, যার পরিধি হচ্ছে প্রায় তিন হাজার বর্গমাইল।ঢাকার আশপাশে আরও ছয়টি জেলার কিছু কিছু অংশ নিয়ে এই পরিকল্পনা করতে হবে। এখন কথা হচ্ছে, এই বিশাল ঢাকার বিভিন্ন অংশের উন্নয়নের দায়িত্ব আসলে পালন করবে কারা। সুনির্দিষ্ট করতে হবে কার কোন এলাকা, কী দায়িত্ব হবে। স্থানীয় সরকার উন্নয়নব্যবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে। সবকিছুর জন্য পুলিশের মুখাপেক্ষী হলে হবে না। যার যার দায়িত্ব তার নিজের পালন করতে হবে।ঢাকার পরিকল্পনা এমনভাবে করতে হবে, যাতে মানুষের থাকার উপযোগী হয় এবং পাশাপাশি সড়ক পরিবহনব্যবস্থাও থাকে। ঢাকার মূল সমস্যা হচ্ছে কোনো পরিকল্পনা না থাকা। আরেকটি হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আমাদের ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। যদি পাবলিক বাসে যাতায়াতের সুবিধা বাড়ানো সম্ভব হয়, তবে আর কেউ ব্যক্তিগত গাড়ি কেনার প্রতি আগ্রহী হবে না। এ ছাড়া পার্কিং-ব্যবস্থা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে।পুলিশের ওপর নির্ভরশীলতা কমিয়ে ঢাকায় কীভাবে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা যায়, তার ওপর জোর দিতে হবে। ঢাকার মানুষের প্রায় ৪০ শতাংশ দরিদ্র। তাদের আবাসনের ব্যবস্থা নেই। যদি গার্মেন্টস সরানো হয়, তবে প্রায় ১০ লাখ লোক ঢাকা থেকে সরে যাবে। এসব আবাসনহীন হতদরিদ্রের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। রাজউক যখন প্লট করে, তখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্রদের জন্য প্লটের ব্যবস্থা করে তাদের আবাসনের একটি স্থায়ী সমাধান দিতে পারে। ঢাকার ভূমি, পরিবহন, পরিকল্পনার একটি সমন্বিত চেষ্টা করতে হবে—কীভাবে ঢাকা নগরকে বসবাসের উপযোগী করে গড়ে তোলা যায়। আমাদের বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসন-সমস্যা কীভাবে নিরসন করা যায়, তা নিয়ে চিন্তা করতে হবে।আব্দুল কাইয়ুমস্থানীয় সরকার কিংবা ঢাকা সিটি করপোরেশনকে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে। তা না হলে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ ছাড়া নদীভাঙন এলাকার মানুষকে তাদের পার্শ্ববর্তী জেলায় কীভাবে পুনর্বাসন করা যায়, তা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। ঢাকামুখী মানুষের স্রোত কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে আমাদের পরিকল্পনার অভাব রয়েছে। এর নিরসন করতে হবে। আলোচনার এই পর্যায়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি ইলিয়াস কাঞ্চনকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি।ইলিয়াস কাঞ্চনআমাদের সড়ক যারা ব্যবহার করছে অর্থাৎ গাড়িচালক যারা, তারা কিন্তু খুব বেশি শিক্ষিত কিংবা সচেতন নয়। এ কারণে তারা সঠিকভাবে ট্রাফিক নিয়মনীতি অনুসরণ করছে না, ফলে যানজট দেখা দিচ্ছে। আমাদের গাড়িচালকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি সঠিক নয়। গাড়িচালকদের লাইসেন্স দেওয়ার আগে কিছু কঠোর নিয়ম অনুসরণ করা উচিত। কারণ, গাড়িচালকদের হাতে গাড়ির যাত্রীদের জীবন থাকে। তাই গাড়িচালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে সড়ক দুর্ঘটনা কিংবা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমাদের দেশে প্রায় প্রতিবছর এসএসসি পরীক্ষার্থীদের ৭০ শতাংশ উত্তীর্ণ হয়। এই ৭০ শতাংশের আবার ২০-৩০ শতাংশ উচ্চশিক্ষার সুযোগ পায় না। উচ্চশিক্ষার সুযোগ না পাওয়া এসব তরুণ হতাশার কারণে মাদকাসক্ত হয়ে পড়ে। গাড়ি চালনার প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এর মাধ্যমে আমাদের সড়ক-ব্যবস্থাপনায় একটি বিরাট পরিবর্তন আনা সম্ভব। আমরা যদি ঢাকা মহানগরে রেলওয়ের ব্যবহার ও পরিমাণ বাড়াতে পারি, তবে যানজটের সমস্যা সহজে নিরসন করা সম্ভব। আর আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করছি, তা খুব স্বল্পমেয়াদি। আমাদের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করে পরিকল্পনা নিতে হবে।২০৫০ সালে আমাদের জনসংখ্যা হবে ৩০ কোটি। তখন এই বিশাল জনসংখ্যার শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা সরকার কীভাবে পূরণ করবে, তা নিয়ে আমাদের এখনই পরিকল্পনা করতে হবে। এখন যেসব শপিং মল কিংবা অফিস করার অনুমতি দেওয়া হচ্ছে, তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কোথায় হবে, তা নিশ্চিত করে অনুমতি দিতে হবে। রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ট্রাফিক আইন বিষয়ে কোর্স চালু করতে হবে। তাহলে ছোট থেকেই মানুষ সচেতন হয়ে গড়ে উঠবে। রাস্তায় ট্রাফিক সিগন্যাল-বাতির নিয়ম মানা হচ্ছে না, ট্রাফিক নিজের ইচ্ছায় ট্রাফিক-ব্যবস্থাপনা করছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের সড়ক সংযোগগুলোতে যদি ছোট ছোট ফ্লাইওভার নির্মাণ করা যায়, তাহলে যানজট অনেকাংশে নিরসন করা সম্ভব। আমাদের সরকারের উচিত, বড় বড় মার্কেট কিংবা ভবন নির্মাণের অনুমতি দেওয়ার আগে তাদের নিজস্ব অর্থায়নে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে কি না, তা নিশ্চিত হয়ে অনুমতি দেওয়া।আব্দুল কাইয়ুমআমাদের গাড়িচালকদের কীভাবে আরও দক্ষ ও সচেতন করে গড়ে তোলা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বড় বড় ভবন নির্মাণের অনুমতি দিতে সরকারকে কঠোর নীতিমালা অনুসরণ করতে হবে। আলোচনার এই পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল কমিশনার (ট্রেনিং) মোহাম্মদ রফিকুল ইসলাম খানকে অনুরোধ করব তাঁর বক্তব্য দেওয়ার জন্য। স্কাউটদের একটি মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি ও মানুষকে উদ্বুদ্ধ করা। সেই পরিপ্রেক্ষিতে তিনি আলোচনা করবেন, যানজট নিরসনে কীভাবে জনসাধারণকে আরও সচেতন করা যায়।মোহাম্মদ রফিকুল ইসলাম খানস্কাউট আন্দোলনের মূল কাজ হচ্ছে পর্যায়ক্রমিক প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাদের দৈনন্দিন জীবনে সবকিছুতে সচেতন হতে হয়। পুলিশ প্রতিবছর যে পুলিশ সপ্তাহ উদ্যাপন করে, তাতে ট্রাফিক-ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য স্কাউটরা তাদের সহযোগিতা করে থাকে। আমাদের তরুণ স্কাউটরা যখন এই ট্রাফিক-ব্যবস্থাপনা সম্পর্কে নিজেরা সচেতন হবে, তখন তারা তাদের বন্ধু, পরিবার তথা সমাজের একটি বড় অংশকে সচেতন করতে পারবে। আমাদের যারা গাড়িচালক, তাদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি গত বছর। বিশেষ করে, যারা বাস কিংবা ট্রাক চালায়, তাদের চোখের কোনো সমস্যা আছে কি না, তার পরীক্ষা করেছি। বিআরটিএর উচিত, গাড়িচালকদের স্বাস্থ্যগত পরীক্ষা নিয়মিত করা। নগর পরিকল্পনার যে সমস্যা, তা নিরসনের জন্য, সমন্বয় সাধনের জন্য জনগণকে সচেতন করতে মিডিয়াকে ভূমিকা নিতে হবে। অবকাঠামোগত উন্নয়নের জন্য সময় লাগবে। কিন্তু আমাদের যে মানবসম্পদ আছে, তাদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই অল্প সময়ে সমস্যা নিরসন সম্ভব। যুবসমাজকে সচেতন করে গড়ে তুলতে হবে, যারা সমাজকে সচেতন করে গড়ে তুলতে পারবে যানজট নিরসনে।আব্দুল কাইয়ুমসচেতনতামূলক কাজের মাধ্যমে সব দেশ তাদের জাতীয় সমস্যার সমাধান করছে। আমাদের নিজেদের সচেতন হিসেবে গড়ে তোলার মাধ্যমে যানজট সমস্যা নিরসনে ভূমিকা পালন করতে হবে। পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের কাছে জানতে চাইব, সড়কের নিরাপত্তা প্রদানে তিনি আমাদের কতটুকু আশ্বস্ত করবেন।এ কে এম শহীদুল হকট্রাফিক-ব্যবস্থাপনার সঙ্গে নগরবাসীর প্রত্যেকে জড়িত। কিন্তু সব দায়দায়িত্ব পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হয়। আমাদের সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধানে নগরবাসীকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। ঢাকা শহরে দেড় কোটি মানুষের মধ্যে ৫০ লাখ প্রতিদিন রাস্তায় বের হয়। এর মধ্যে খুব সীমিতসংখ্যক লোকই ছিনতাইকারীর কবলে পড়ে পুলিশের রেকর্ড অনুযায়ী। জনগণ ও পুলিশ যদি সচেতন হয়, তাহলে অবশ্যই সড়কগুলোতে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব। আমরা যদি হাঁটার অভ্যাস গড়ে তুলি, তা যানজট নিরসনে অনেক বড় ভূমিকা পালন করবে। পথচারীদের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেবে পুলিশ। আগে আমাদের যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেখানে রয়েছে অনেক ত্রুটি। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা না করেই সড়ক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনসংখ্যা অত্যধিক বাড়ার কারণে বহুতল ভবনের সংখ্যা বেড়েছে অতিদ্রুত। কিন্তু সেই তুলনায় সড়কের সংখ্যা বাড়েনি। অনেক মার্কেট, হাউজিং, বহুতল ভবনে গাড়ি রাখার জন্য নিজস্ব কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। রাজউকের নীতিমালা অনুযায়ী বহুতল ভবন নির্মাণে ট্রাফিক-ব্যবস্থাপনার জন্য পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু ঢাকা শহরে বেশির ভাগ বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পুলিশ কিছু পরামর্শ দেয় এবং সেসব পরামর্শ মেনে পুলিশের ছাড়পত্র নিতে হয়। কিন্তু বাস্তবে পুলিশের পরামর্শ অগ্রাহ্য করে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব খাটিয়ে পুলিশের ছাড়পত্র ছাড়াই রাজউকের অনুমতি নিয়ে বহুতল ভবনগুলো গড়ে উঠছে। এর পরিপ্রেক্ষিতে যানজটের সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। পরে সব দোষ পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেই সব বিশেষ মহল কিংবা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ট্রাফিক আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইলেকট্রিক সিগন্যাল বাতি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশে আইন না মানার সংস্কৃতি চালু রয়েছে। লাইন মেনে চালকদের গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে জরিমানা, লাইসেন্স আটক ও মামলার মাধ্যমে। আমরা চাচ্ছি, ঢাকার যানজট নিরসনে আইনের যথোপযুক্ত প্রয়োগ।আমাদের দেশের চালকদের প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমরা চেষ্টা করছি, চালকদের ১৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। মালিক সমিতিগুলোর নামে মাসে কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়। কিন্তু তারা পরিবহন খাতে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে না। আমি অনেক মালিক সমিতির নেতাদের বলেছি, আপনারা মাসে যে চাঁদা তোলেন, তা দিয়ে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। কিন্তু এ ব্যাপারে তাঁরা কোনো পদক্ষেপ নেন না।আমরা বলেছি, আপনারা প্রশিক্ষণের আয়োজন করেন, ট্রাফিক পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আমরা প্রতি মাসে প্রতিটি বিভাগে দুটি প্রশিক্ষণের আয়োজনের চেষ্টা করছি।ট্রাফিক-ব্যবস্থাপনার জন্য শুধু পুলিশকে দায়ী করলে চলবে না, পুলিশে জনবলের সংকট রয়েছে। স্বল্পসংখ্যক জনবল দিয়ে আমরা চেষ্টা করছি যানজট নিরসনের। আমাদের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট হতে হবে।আব্দুল কাইয়ুমআমাদের পুলিশে লোকবল বাড়াতে হবে। যানজট নিরসনে আইন মানার সংস্কৃতি চালু করতে হবে ও ট্রাফিক-ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খানের কাছে আমরা জানতে চাইব, ট্রাফিক-ব্যবস্থাপনা সমন্বয়ের ক্ষেত্রে তাঁদের মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে।মোজাম্মেল হক খানযোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করি, কিন্তু শেষ করতে পারি না। আমাদের সারা দেশে ২০ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এ রাস্তায় আবার ২০ হাজার ব্রিজ ও কালভার্ট রয়েছে। আমাদের দেশে অনেক নদী ছিল। কিন্তু এর অনেকটি এখন মৃতপ্রায়।আমাদের সড়ক বাড়ানোর ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয় এসব ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে। সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের অবকাঠামোর অনেক উন্নয়ন করতে হয়। ঠিকাদার ও তাঁদের পৃষ্ঠপোষকদের দুর্নীতির কারণে আমাদের সড়ক নির্মাণ মানসম্মত হয় না। কিছু দিন পরপর আমাদের সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আবার নতুন করে সড়ক নির্মাণ করতে হচ্ছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের সীমাবদ্ধতা প্রকট হয়ে দাঁড়ায়। ঢাকা মহানগরে যানজট নিরসনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, তাদের সহায়তা করতে হবে। আমাদের ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থার আরও আধুনিকায়ন করতে হবে। আমাদের সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আন্তরিকতার সঙ্গে। যাঁরা আইন প্রবর্তন করে থাকেন, তাঁদের নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের কঠোর নীতিমালা তৈরি করতে হবে, কীভাবে নতুন গাড়ি নিবন্ধন করা যায়। আমাদের নাগরিকদের দায়িত্বশীল, শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে হবে।চালকদের ট্রাফিক-নিয়ম, গাড়ির যন্ত্রাংশ ও আনুষঙ্গিক বিষয়ে জ্ঞান থাকা দরকার। আমাদের আরও নির্ধারণ করতে হবে কোন পরিকল্পনাটি কত দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, কোনটিকে অগ্রাধিকার দিতে হবে। ঢাকা মহানগরের যানজট নিরসনে রেলওয়ের উন্নয়ন করতে হবে, পাতাল রেল চালু করতে হবে।সরকারের সদিচ্ছা আছে যানজট নিরসন করার। আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করছি। এগুলো বাস্তবায়নের জন্য সময় লাগবে, কিন্তু আমরা সরকারকে সময় দিতে চাই না। সবকিছু দ্রুত পেতে চাই। সব পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের নির্দিষ্ট সময় দিতে হবে।রাজউক, ঢাকা সিটি করপোরেশন ও পুলিশের সমন্বয়ের মাধ্যমে ঢাকা মহানগরের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু দেখা যায়, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ের ক্ষেত্রে আন্তরিকতার অভাব রয়েছে। যেসব প্রতিষ্ঠান ঢাকা মহানগরের যানজট নিরসনের সঙ্গে সম্পর্কিত তাদের উচিত একসঙ্গে কাজ করা। দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করা উচিত। এ জন্য সরকারকে সময় দিতে হবে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। ঢাকার চারপাশের নৌপথকে চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে। যানজট নিরসনে আমাদের নৌপথের ব্যবহার বাড়াতে হবে।মতিউর রহমানআমাদের আমন্ত্রণে ‘রাজধানী ঢাকা: যানজট ও জনদুর্ভোগ’ শীর্ষক প্রথম আলোর গোলটেবিল বৈঠকে আপনারা এসেছেন। স্বাধীনতার ৩৮ বছর পর আমরা সবাই একত্র হচ্ছি পরিবর্তনের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যানজট নিরসনে ঢাকা মহানগরকে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসতে হবে। এ ছাড়া ঢাকা মহানগরের উন্নয়ন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার-ব্যবস্থাপনারও উন্নয়ন করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ নিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি কিংবা আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে আমাদের পত্রিকা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। আমরা গত ৪ নভেম্বর প্রথম আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা ফুটপাত, ফুটওভারব্রিজ কিংবা আন্ডারপাস ব্যবহার করেছে, তথা ট্রাফিক আইন মেনে চলেছে, তাদের উৎসাহিত করতে ধন্যবাদ কার্ডসহ চাবির রিং দিয়েছি। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা প্রচার করেছি। আমরা শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই সংবাদ প্রকাশের পাশাপাশি জনগণের মধ্যে পৌঁছে ট্রাফিক আইনের প্রতি জনগণকে শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ঢাকা শহরের যানজট যে জনদুর্ভোগ সৃষ্টি করছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। এ ব্যাপারে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।সবাইকে ধন্যবাদ।