প্রথম আলো প্রতিনিধির ক্যামেরা কেড়ে নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের পর অবৈধ লেনদেনের ছবি তোলার কারণে সাংবাদিকদের গালাগাল করে ‘প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের ক্যামেরা কেড়ে নিয়েছে পুলিশ।আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজারের টেকনাফ থানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকেরা জানান, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের ট্রাফিক পুলিশ টেকনাফে নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে টাকার বিনিময়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ছেড়ে দেওয়ার সময় ছবি তোলেন ‘প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন। এ সময় স্থানীয় সাংবাদিকেরা ট্রাফিক সার্জেন্ট অমিতাভকে কয়টি মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার জানা নেই।’ তাঁর পুরো নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘নাম দিয়ে কাম কী?’ এ সময় কনস্টেবল সৌরভ বড়ুয়া ও কনস্টেবল মো. ইউনুছ ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন ও ‘প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধির সনি ডিএসসি-এইচ ৫০ ক্যামেরাটি কেড়ে নেন।এ ব্যাপারে সার্জেন্ট অমিতাভের কাছে অভিযোগ করলে তিনি বলেন, ‘ক্যামেরা কি আমি নিয়েছি?’ ঘটনার ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ সুপার আজাদ মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।