প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘৪ মার্চ প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে, বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে জেতার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিল। প্রথম আলো উনাদেরই পছন্দের পত্রিকা। ওই নির্বাচনের পর আমি সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছিলাম। কিন্তু আমার ওই বক্তব্য নিয়ে অনেক সমালোচনাও হয়। এই সংবাদের সত্যতা আছে। এই সত্য আদালতে প্রকাশ হয়েছে। কেউ পয়সা দিয়ে এটা লেখায়নি।’আজ বুধবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি বারবার এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, তা হতে দেওয়া যায় না। আইএসআইয়ের টাকা খাওয়া এই শক্তির বিরুদ্ধে সাতই মার্চের ভাষণের প্রেরণা নিয়ে রুখে দাঁড়াতে হবে।প্রধানমন্ত্রী বলেন, সাতই মার্চের ভাষণ শুনলে এখনো উদ্দীপ্ত হই। পঁচাত্তরের পর এ ভাষণ নিষিদ্ধ করা হয়। এ ভাষণের মাধ্যমেই মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। একমাত্র বিরোধীরা মুক্তিকামীদের সঙ্গে আসেনি। তারাই পরে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীতে যোগ দেয়। তারাই দেশে গণহত্যা, লুটপাট আর অগ্নিসংযোগ করেছিল। যুদ্ধের পর এদের বিচার শুরু হয়। এই যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা মার্চ মাসে আন্দোলনের ডাক দেয়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।