দোতলা ভবনের ওপরের তলায় চারটি কক্ষ। ছাদের ওপর বৃষ্টির পানি সংরক্ষণের সুবিধাসহ ১৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক। নিচতলা সম্পূর্ণ ফাঁকা। পাশে রয়েছে চারটি শৌচাগার ও একটি অগভীর নলকূপ। আলোর সুবিধার জন্য রয়েছে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল। দুই হাজার ৬২৮ বর্গফুট আয়তনের আধুনিক এ আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা এক হাজার ১০০ জন। দুর্যোগের সময় আরও বেশি লোক আশ্রয় নিতে পারবেন বলে সবার ধারণা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামে গতকাল শুক্রবার সকাল ১০টায় ‘প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ নামের আধুনিক এই আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।সিংহড়তলীর আবুল কাসেম গাজীর দান করা ৫০ শতক জমিতে প্রথম আলো ট্রাস্টের পরিকল্পনা ও অর্থায়নে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে এ কাজের বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুুযায়ী, এই আশ্রয়কেন্দ্র ২৬০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়েও টিকে থাকবে। এখানে মুঠোফোন ও চার্জার লাইট চার্জের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজ গঠনে ভূমিকা রাখে। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সিংহড়তলী গ্রামে এই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে প্রথম আলো যে অবদান রাখল, স্থানীয় মানুষজন তা চিরদিন মনে রাখবে। তাঁরা বলেন, আবারও প্রমাণিত হলো, প্রথম আলো পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে। প্রথম আলো বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বেনেডিক্ট আলো ডি রোজারিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাববীর আহমদ, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী, এইচএসবিসি ব্যাংকের সামাজিক যোগাযোগ ও বিপণন কর্মকর্তা সামী হাফিজ, জমিদাতা আবুল কাসেম ও কারিতাস বাংলাদেশের খুলনা অঞ্চলের পরিচালক মাইকেল বিশ্বাস এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।মতিউর রহমান বলেন, প্রথম আলো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ১২ বছর ধরে খবরের আড়ালের খবর প্রকাশ করছে। পাশাপাশি এসিড-সন্ত্রাসের শিকার নারীদের পুনর্বাসন, মাদকবিরোধী আন্দোলন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকে। এ ছাড়া গণিত উৎসব ও ভাষা প্রতিযোগের আয়োজনসহ নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।মতিউর রহমান বলেন, ‘কার্তিক পরামানিক, পলান সরকারের মতো আমাদের সময়ের নায়কদের খুঁজে বের করে তাঁদের সম্মানিত করার মাধ্যমে ভালো কাজে এগিয়ে আসতে প্রথম আলো সবাইকে উৎসাহিত করছে। প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য জমিদাতা আবুল কাসেম প্রথম আলোর একটি বড় আবিষ্কার।’ আবুল কাসেমকে এই এলাকার একজন নায়ক উল্লেখ করেন তিনি। প্রথম আলোর সম্পাদক বলেন, স্থানীয় লোকজনের কমিউনিটি ক্লিনিক নির্মাণের দাবির সঙ্গে তিনিও একমত। দুর্গম এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণে প্রথম আলোর পাশাপাশি কারিতাস ও এইচএসবিসি ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।প্রথম আলোর সম্পাদক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, সিডর ও আইলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রথম আলো কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো ভালো কাজে অংশীদারি বজায় রাখার ব্যাপারে প্রথম আলো বদ্ধপরিকর।বেনেডিক্ট ডি রোজারিও বলেন, প্রথম আলোর সঙ্গে সামাজিক কাজে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সত্তর দশকের পর থেকে কারিতাস উপকূলীয় জনগোষ্ঠীর পুনবার্সনসহ নানা বিষয়ে কাজ করছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় ২৬৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অচিরেই সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে একটি স্বয়ংসম্পূর্ণ ক্লিনিক গড়ে তোলা হবে।উপজেলা চেয়ারম্যান আবদুল বারী বলেন, আশ্রয়কেন্দ্র নির্মাণ করে এ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ। স্থানীয় লাখ লাখ মানুষকে বাঁচাতে যুগোপযোগী ও টেকসই বাঁধ নির্মাণে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের জন্য ভূমিকা রাখতে প্রথম আলোর প্রতি আহ্বান জানান তিনি। ইউএনও শাববীর আহমদ বলেন, প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র ভবনটি স্থানীয় মানুষকে আন্তরিকভাবে দেখভাল করতে হবে, যাতে এ ভবনটি সহজে নষ্ট না হয়। সঙ্গে সঙ্গে তিনি সুন্দরবনকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সামী হাফিজ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সমাজ উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন তাঁরা। জমিদাতা আবুল কাসেম বলেন, স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি যারপরনাই খুশি। প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণে সহযোগিতা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।মাইকেল বিশ্বাস বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আশ্রয়কেন্দ্র নির্মাণে এ এলাকার মানুষের উপকার হবে। স্বাগত বক্তব্যে সাইদুজ্জামান রওশন বলেন, প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। শিশুরা আশ্রয়কেন্দ্র ভবনে ক্লাস করবে। দুর্যোগের সময় এ ভবনটি ব্যবহার করা হবে আশ্রয়কেন্দ্র হিসেবে।এর আগে শাববীর আহমদ, আবুল কাসেম গাজী, বেনেডিক্ট আলো ডি রোজারিও, মতিউর রহমানসহ অন্যরা আশ্রয়কেন্দ্রটি ঘুরে দেখেন। তাঁরা আশ্রয়কেন্দ্রের ফলক উন্মোচন করেন। পরে আশ্রয়কেন্দ্র ভবনের চাবি আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জমিদাতা আবুল কাসেমের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীতসহ কয়েকটি দেশাত্মবোধক গান গেয়ে শোনান।