নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ সারাহ হোসেন কবরী বলেছেন, ‘আমি মনে করি না প্রথম আলো মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু লিখেছে। পত্রিকাটি নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছে বলে আমি মনে করি। আর এ জন্যই পত্রিকাটি ও এর সম্পাদকের বিরুদ্ধে এমন অশালীন ও অগণতান্ত্রিক বক্তব্য দিয়েছেন ওই সাংসদ (নাসিম ওসমান)। একটি গণতান্ত্রিক দেশে একজন সাংসদের এ ধরনের বক্তব্য কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।’আজ মঙ্গলবার দুপুরে বরগুনায় আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (ইসিডিএসপি)-বাংলাদেশের অধীনে গ্রামীণ দিবাযত্ন কেন্দ্র উদ্বোধনকালে প্রথম আলো অনলাইনকে দেওয়া সাক্ষাত্কারে কবরী এসব কথা বলেন। সাংসদ কবরী গণমাধ্যম সম্পর্কে সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের বক্তব্যকে সস্তা জনপ্রিয়তা আদায় ও ভোটে জেতার অপকৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গণমাধ্যমকে নিয়ে এ ধরনের বক্তব্য শালীনতা ও সভ্য আচরণের মধ্যে পড়ে না। আমি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’কবরী বলেন, ‘গণমাধ্যমে ভুল বা বিভ্রান্তিকর কিছু প্রকাশ হয়ে থাকলে তার প্রতিবাদের ভাষা এমন হতে পারে না।’সাংসদ কবরী আরও বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং এ লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই এ ধরনের বিচ্ছিন্ন কারও বক্তব্যকে সরকারের মনোভাবের বহিঃপ্রকাশ ভাবা উচিত নয়। গণমাধ্যম আমাদের (সরকারের) প্রতিপক্ষ নয়।’প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত রোববার প্রথম আলোকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, ‘শক্তির দিক থেকে আমরা নারায়ণগঞ্জে একচ্ছত্র। আমাদের ধারে-কাছে কেউ নেই। প্রথম আলোকে কীভাবে দেখে নিতে হয়, আমাদের জানা আছে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে উদ্দেশ করে নাসিম ওসমান বলেন, ‘একজন-দুজন কাউকে মারলে সেটি হয় মাইর। পাঁচজন মারলেও মাইর। ১০০ জন মারলেও মাইর। কিন্তু যদি ক্ষিপ্ত হয়ে লাখ লাখ লোক পত্রিকাটির সম্পাদককে মারধর করে, সেটি হবে গণমাইর। প্রয়োজনে আমরা এ কাজ করব। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে লাখ লাখ লোক ঢাকায় যাবে।’নাসিম ওসমান বলেন, ‘যারা আমাদের গডফাদার বলে, তাদের বলতে চাই, আমরা যদি গডফাদার হতাম, তাহলে তাদের কবরে এত দিনে বটগাছ জন্মে যেত।’