প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় সংসদে সাংবাদিক ও সংবাদপত্রের তীব্র সমালোচনা করে দুজন মন্ত্রী ও কয়েকজন সাংসদের দেওয়া বক্তব্য এখনো বিভিন্ন মহলে আলোচিত বিষয়।২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই মন্ত্রী-সাংসদেরা সংবাদপত্র, বিশেষ করে প্রথম আলো ও এর সম্পাদকের নাম উল্লেখ করে এবং সমকাল ও আমাদের সময় নিয়ে যে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, তা সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার প্রতি বড় ধরনের হুমকি বলে সব মহলে বিবেচিত হচ্ছে। আমাদের সংসদীয় ইতিহাসে সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে এ রকম আক্রমণ নজিরবিহীন, যা সংসদীয় বিধি ও রীতিনীতিরও পরিপন্থী।সেদিন সন্ধ্যায় ওই অনির্ধারিত আলোচনায় অংশ নেওয়া মন্ত্রী-সাংসদদের বক্তব্যের মূল ভাষ্যটি এমন ছিল যে, সংসদে বা সংসদের বাইরে সাংসদদের কার্যক্রমের কোনো আলোচনা বা সমালোচনা সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না; করলে সেটা হবে দেশের গণতন্ত্র নস্যাৎ এবং আরেক ১/১১ আনার ক্ষেত্র প্রস্তুতির শামিল।জনগণের প্রতিনিধি ও আমাদের উদ্বেগসংসদে দুই মন্ত্রী প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদের উল্লেখ করে এ ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একজন মন্ত্রী তো প্রথম আলোর সম্পাদককে সংসদে তলব করার দাবি তোলেন। আরেকজন মন্ত্রী ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার সঙ্গে প্রথম আলোর সম্পাদককে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন। সংসদের সেই আলোচনায় অংশ নেওয়া বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ কোনো সাংবাদিক বা সম্পাদকের ছিল না। সংসদের কার্যবিধি অনুসারে কোনো অনুপস্থিত ব্যক্তি, যাঁর উত্তর দেওয়ার সুযোগ নেই, তাঁর বিরুদ্ধে সংসদে এ রকম আলোচনা হতে পারে না।সাংসদেরা জনগণের প্রতিনিধি। অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রকাশ করে তাঁদের হেয় করা হলে নিশ্চয়ই তাঁরা সে বিষয়ে বক্তব্য দেবেন, প্রতিবাদ জানাবেন, প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। কিন্তু ওই দিন প্রথম আলোর যেসব সংবাদের প্রসঙ্গ তুলে সাংসদেরা তীব্র সমালোচনা করেছেন, সেসব সংবাদের কোন তথ্যটি ভুল বা অসত্য ছিল, সে বিষয়ে তাঁদের বক্তব্য থেকে আমরা কিছু জানতে পারিনি।তা ছাড়া আমাদের ওই সব সংবাদ বা কোনো মতামত সম্পর্কে আজ পর্যন্ত কোনো মন্ত্রী বা সাংসদ কোনো প্রতিবাদপত্র বা বক্তব্য-ব্যাখ্যা প্রথম আলোতে পাঠাননি। এতে কারও প্রতি অন্যায় করা হলে, সংশ্লিষ্ট মন্ত্রী-সাংসদেরা প্রেস কাউন্সিল বা আদালতে প্রতিকার চাইতে পারতেন। জানামতে, সে প্রক্রিয়ায়ও তাঁরা কেউ যাননি।আমাদের মনে আছে, বিগত সংসদের বিএনপির চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও আবদুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি) প্রমুখের দুর্নীতি ও নানা অনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রথম আলোতে সংবাদ ও মতামত প্রকাশ করেছিলাম। তাঁরা প্রথম আলো এবং এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। কিন্তু তাঁদের মামলা টেকেনি।সংবাদমাধ্যমও জবাবদিহির ঊর্ধ্বে নয়আমরা বর্তমান মন্ত্রী-সাংসদদের বিনীতভাবে বলতে চাই, সাংবাদিক ও সংবাদপত্র যেমন জবাবদিহির ঊর্ধ্বে নয়, তেমনি সাংসদদের কার্যক্রমেরও জবাবদিহি থাকা প্রয়োজন। তাঁরা দেশ পরিচালনা করেন, সে জন্য তাঁদের দায়িত্ব আরও বেশি। ফলে সংবাদমাধ্যমের নজর তাঁদের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। সংবাদপত্রে জাতীয় সংসদ বা সাংসদদের কার্যক্রম নিয়ে কোনো সংবাদ বা মতামত প্রকাশের উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং দেশের মানুষকে প্রকৃত সত্য জানানো। তা ছাড়া পরমতসহিষ্ণুতা যে গণতন্ত্রের বড় সৌন্দর্য, সেটা তো আমরা রাজনীতিবিদদের কাছ থেকেই শুনে এসেছি। কিন্তু সাংসদ হিসেবে বিশেষ সুবিধা গ্রহণ, করমুক্ত গাড়ি ক্রয় বা সাংসদেরা নিজেদের আয়ের টাকা করমুক্ত রেখে আইন পাস করা কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের গাড়ি কোনো মন্ত্রী বা মন্ত্রীর একান্ত কর্মকর্তাদের দখলে রাখার বিষয়ে খবর কিংবা মতামত প্রকাশ করলে, সেটা কেন গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের শামিল হবে? এসব খবরের যৌক্তিক সমালোচনা নিশ্চয়ই হতে পারে, কিন্তু তা না করে সংবাদপত্রকে ১/১১-এর ষড়যন্ত্রকারী হিসেবে অপবাদ দেওয়া ও শাস্তি কিংবা সংসদে তলব করার হুমকি দেওয়া হবে কেন? সেদিন সংসদে মন্ত্রী ও সাংসদেরা ১/১১-এর পরিবর্তন নিয়ে প্রথম আলো সম্পর্কে যেসব ঢালাও অভিযোগ এনেছেন, তা সত্যের অপলাপ ছাড়া কিছু নয়। দেশবাসী ভালো করেই জানেন, কোনো সংবাদপত্র বা সম্পাদক ১/১১ আনেননি। রাজনীতিকদের দুর্নীতি, সন্ত্রাস এবং রক্তক্ষয়ী হানাহানির ঘটনা ১/১১-এর পরিবর্তনকে অনিবার্য করে তুলেছিল। সে সময়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুল আজিজ ২০০৭ সালের ২২ জানুয়ারি একতরফা নির্বাচনের যে পাঁয়তারা করেছিলেন, প্রথম আলো ও অন্যান্য সংবাদপত্র তীব্রভাবে এর বিরোধিতা করেছিল।আর এটাও স্বীকার করতে হবে, ১/১১-পরবর্তী সরকারের অনেক ভ্রান্ত নীতি ও পদক্ষেপ সত্ত্বেও ওই সময়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, প্রাপ্তবয়স্ক সব নাগরিকের ছবিসংবলিত পরিচয়পত্র তৈরি এবং সোয়া কোটি ভুয়া ভোটার বাতিল করে নতুন ভোটার তালিকার ফলেই দেশবাসী পেয়েছিল একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান সংসদ তারই ফসল।সেদিন সংসদে আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। তাই এ অবস্থায় সংসদ নিয়ে কটাক্ষ করলে এর গতি কিছুটা হলেও ব্যাহত হবে।এ কথা ঠিক, বহু চড়াই-উতরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র স্বাধীনতার প্রায় চার দশকেও শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারেনি। এখনো ‘হাঁটি হাঁটি পা পা করে’ এগোচ্ছে। তবে এও স্বীকার করতে হবে, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সাংবাদিকদের ভূমিকাও নগণ্য নয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও স্বৈরাচারবিরোধী সব আন্দোলন এবং গণতন্ত্রকে মজবুত করতে সংবাদমাধ্যম ও সাংবাদিকেরা সব সময় রাজনৈতিক নেতা-কর্মীদের পাশে ছিলেন।প্রথম আলো বা অন্য যেকোনো পত্রিকার সংবাদ ভুলের ঊর্ধ্বে বা সমালোচনার ঊর্ধ্বে, সেটা আমরা কখনো বলি না। আমাদের দায়িত্ব পালনে ত্রুটি-বিচ্যুতি হতে পারে। কোনো সংবাদপত্র সংসদ ও সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করে উদ্দেশ্যমূলকভাবে কোনো খবর প্রকাশ করলে তা সমর্থনযোগ্য নয়। আর সংবাদপত্রের কাছে শুধু সাংসদেরাই নন, দেশবাসীও দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন। সংবাদপত্রকে প্রতিদিনই পাঠকের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এ ব্যাপারে আমরা সজাগ আছি। কিন্তু সাংসদ বা সংসদ সম্পর্কে সমালোচনামূলক কোনো খবর প্রকাশিত হলে তাতে ‘গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের’ গন্ধ খোঁজার প্রবণতা গণতন্ত্রের জন্য কতটা সহায়ক, তাও বিবেচনা করে দেখতে হবে।সেই একই ধারাপাঠকদের নিশ্চয়ই মনে আছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০১ সালের ১২ ও ২৬ জুন জাতীয় সংসদে জ্যেষ্ঠ মন্ত্রীদের উপস্থিতিতে আওয়ামী লীগের সাংসদ জয়নাল হাজারী প্রথম আলো এবং এর সম্পাদকের বিরুদ্ধে অত্যন্ত কুৎসিত ও নোংরা মিথ্যাচার করেছিলেন। পরে তৎকালীন স্পিকার ওই জঘন্য মিথ্যাচার সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করেছিলেন। (সূত্র: প্রথম আলো, ৫ জুলাই ২০০১)এক যুগ ধরে পূর্বাপর সব সরকারের সময়ে প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী বা দলীয় নেতারা প্রথম আলোর বিরুদ্ধে বহু অসত্য ও উদ্দেশ্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিরোধী দলের নেতারাও নানা সময়ে প্রথম আলোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। বিগত দুই সরকারের শাসনামলেই প্রথম আলো পত্রিকায় সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ করতে চাই, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে ধর্মভিত্তিক জঙ্গিগোষ্ঠীর উত্থানের শুরু থেকে প্রথম আলো বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশবাসীকে সজাগ করেছে। এ জন্য এসব উগ্রপন্থী গোষ্ঠী তখন প্রথম আলোর বিরুদ্ধে সভা-সমাবেশ, চট্টগ্রাম কার্যালয়ে হামলা, বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রিতে বাধা দেওয়া, হামলা-মামলা করেছিল। এমনকি তারা ২০০৪ সালের ২২ আগস্ট ঢাকায় প্রথম আলো কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দিয়েছিল, যদিও শেষ সময়ে তারা সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছিল। এসবের পেছনে জোট সরকারের কোনো কোনো প্রভাবশালী মহলের ইন্ধন ছিল।১/১১-এর পটপরিবর্তনের পরও প্রথম আলোর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ থাকেনি। তখনকার সরকারের প্রভাবশালী একটি মহল আমাদের বিরুদ্ধে নানা বানোয়াট তথ্য, অপবাদ দিয়ে বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছিল। সেসব আবার তারাই বিদেশি বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ করেছিল, যা তখন বিএনপি-জামায়াত সমর্থক কোনো কোনো পত্রিকা পুনর্মুদ্রণ করে ওই বিশেষ মহলটির অপপ্রচারকে এগিয়ে নেওয়ার অপচেষ্টা করে।শুধু তা-ই নয়, প্রথম আলোর ওপর এযাবৎকালের সবচেয়ে বড় আঘাত আসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন আমাদের একটি ক্রোড়পত্রে একটি অনভিপ্রেত কার্টুনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্র ধর্মীয় গোষ্ঠী ও দল এবং উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর জরুরি অবস্থার মধ্যে প্রথম আলো বন্ধের দাবিতে বিক্ষোভ, ঘেরাও ও মিছিল কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রিতে বাধা দিয়েছিল। আর হিযবুত তাহ্রীরকে তখন নেপথ্যে সহযোগিতা ও উসকানি দিয়েছিল ওই সময়ে প্রভাবশালী বিশেষ মহলটি। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা প্রথম আলোর প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব করেছিলেন। তখন প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তারের প্রস্তাব নিয়েও আলোচনা করেছিল সেই মহলটি। এখানে আরও উল্লেখ্য যে, ২০০৬ সালের জুলাই থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত পুরো সাত মাস দেশের সব সেনানিবাসে প্রথম আলো নিষিদ্ধ ছিল।বিরামহীন কুৎসা, অপপ্রচারআরেকটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাঁচ-ছয় মাস ধরে একটি স্বার্থান্বেষী মহল ২১ আগস্টের ভয়ংকর সেই গ্রেনেড হামলার সঙ্গে প্রথম আলো ও এর সম্পাদককে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালিয়ে আসছে। এই প্রচারণা চালানো হচ্ছে একটি বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীর দুটি দৈনিক পত্রিকায়। পত্রিকা দুটিতে একই বানোয়াট তথ্য কিছুদিন পরপর ঘুরেফিরে লিখলেও আমরা জঘন্য এই মিথ্যাচারের কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি।ওই গোষ্ঠীটি পত্রিকা বের করার আগেই, ২০০৯ সালের মধ্যভাগ থেকেই রাজধানীর দেয়ালে কুৎসাপূর্ণ হাজার হাজার পোস্টার সেঁটেছিল। ‘ফাঁসি চাই’ শিরোনামে ওই পোস্টারে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং প্রথম আলোর সম্পাদকের ছবিও যুক্ত করেছিল তারা। শুধু তা-ই নয়, নিজেদের পত্রিকা প্রকাশের আগে ‘দেশের বিচার বিভাগ, গণতন্ত্র, শিল্প-বাণিজ্য ধ্বংসের চক্রান্তে দৈনিক প্রথম আলো’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিয়ে বহু মিথ্যা ও আজগুবি অভিযোগ ছাপিয়েছে। ওই সব বিজ্ঞাপন ছাপা হয়েছিল ‘বসুন্ধরা গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের’ নামে। শুধু তা-ই নয়, বসুন্ধরা সিটিতে আগুন ধরানোসহ আরও কিছু বানোয়াট এবং মিথ্যা অভিযোগ তুলে তারা প্রথম আলোর সম্পাদক, সমকাল-এর সম্পাদক ও প্রকাশককে (বর্তমানে এফবিসিসিআইয়ের সভাপতি) আসামি করে তেজগাঁও থানায় ও আদালতে মামলার এজাহার জমা দিয়েছিল। অবশ্য আদালত মামলা নেননি। তেজগাঁও থানা সেটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিবদ্ধ করে।এত সব করেও যখন প্রথম আলোর অগ্রযাত্রা থামানো যায়নি, তখন তারা দুটি পত্রিকা বের করে বহু মিথ্যা তথ্য প্রকাশ করে। সর্বশেষ ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে প্রথম আলোর সম্পাদককে জড়িয়ে কল্পকাহিনি প্রচার শুরু করে। একই সঙ্গে তারা প্রথম আলোর (ডেইলি স্টার পত্রিকা ও ট্রান্সকম গ্রুপসহ) সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে জড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একটি বিশেষ সংস্থার প্রচার করা বানোয়াট কাহিনিগুলো পুনর্মুদ্রণ শুরু করে। উলফার সঙ্গে প্রথম আলোকে জড়িয়ে পূর্বাপর এসব প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। একই গোষ্ঠীর মদদে গত আগস্টে হঠাৎ প্যাডসর্বস্ব দুটি তথাকথিত সংগঠনের নামে প্রেসক্লাবের সামনে কিছু ভাড়াটে লোক নিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে ‘জঙ্গি তাজউদ্দিনের সহযোগী প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিচার চাই’ মর্মে ব্যানার লিখে মানববন্ধন করেছে। আর এই মানববন্ধনের সচিত্র খবর ছাপাও হয়েছে শুধু ওই গোষ্ঠীর দুই পত্রিকায়। গত আগস্টের তৃতীয় সপ্তাহে নগরের বিভিন্ন স্থানে ‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের পৃষ্ঠপোষক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ফাঁস চাই’ লেখা বড় বড় ব্যানার-ফেস্টুনও লাগিয়েছে তারা। তাদের এই বিদ্বেষপূর্ণ প্রচারণা নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না, শুধু নৌপরিবহনমন্ত্রীর ছাড়া। এখন এটা অবিশ্বাস করা কঠিন যে, নৌপরিবহনমন্ত্রী ওই বিশেষ গোষ্ঠীর অপপ্রচারকে এগিয়ে নিতে চাইছেন। যার কারণে ওই স্বার্থান্বেষী গোষ্ঠীর কতিপয় ভাড়াটে লোকের ওই মানববন্ধনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং প্রথম আলোর সম্পাদকের বিচার দাবি করেছেন। আর এ ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন জাতীয় সংসদকে।প্রসঙ্গ ২১ আগস্ট ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা নিয়ে বিশেষ গোষ্ঠীর এই ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে আমরা স্পষ্ট জানাতে চাই, বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত সেই ভয়ংকর ঘৃণ্য হামলার সঙ্গে প্রথম আলো ও এর সম্পাদক বা কোনো কর্মীর কোনোভাবে যুক্ত থাকার প্রশ্নই ওঠে না। এই মিথ্যা, উদ্দেশ্যমূলক ও হাস্যকর প্রচারণার মূল লক্ষ্য হলো, ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। যেভাবে জোট সরকার ওই মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে নোয়াখালীর সেনবাগের এক ভবঘুরে ‘জজ মিয়া’কে নিয়ে আষাঢ়ে গল্প সাজিয়েছিল; সেদিন প্রথম আলোই সেই কল্পকাহিনি ফাঁস করে (সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী! প্রথম আলো, ২৯ জুন, ২০০৫) বিএনপি-জামায়াত জোট সরকারের রোষানলে পড়েছিল।জোট সরকারের আমলে সংঘটিত ওই হামলার সত্য উদ্ঘাটনে প্রথম আলো শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশবাসী ও প্রথম আলোর পাঠকদের স্মরণে আছে যে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে গত ছয় বছরে আট শতাধিক ছোট-বড় সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। এর মধ্যে অন্তত ৫০টি ছিল অনুসন্ধানী বা বিশেষ প্রতিবেদন। ভয়ংকর ওই হামলার রহস্য উদ্ঘাটনে জনমত সৃষ্টি এবং তৎকালীন জোট সরকার ও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রথম আলো ৩৫টি সম্পাদকীয় ও বিশিষ্ট ব্যক্তিদের ৬৫টি উপসম্পাদকীয় এবং প্রথম আলো সম্পাদকের পাঁচটি মন্তব্য প্রতিবেদন ছাড়াও ২০০৮ সালের ২১ আগস্ট চার পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। কোনো একক ঘটনায় আর কোনো পত্রিকা এত প্রতিবেদন, মতামত, নিবন্ধ প্রকাশ করেনি।জোট সরকারের আমলে ‘শেখ হাসিনাকে হত্যার সব চেষ্টাই করেছিল হামলাকারীরা’ (২২ আগস্ট ২০০৪), ‘তিন গ্রেনেড হামলার তদন্ত চাপা পড়েছে’ (২০ নভেম্বর ২০০৪), ‘এ গল্পের গাঁথুনি দুর্বল/স্বীকারোক্তিতে সাত অসংগতি’ (২৯ জুন ২০০৫), ‘তদন্তে জজ মিয়ার জবানবন্দি সিআইডির একমাত্র ভরসা’ (১১ আগস্ট ২০০৫), ‘জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি’ (২১ আগস্ট ২০০৬), ‘সব গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা’ (১২ সেপ্টেম্বর ২০০৬), ‘তদন্তের নামে চলেছে নানা গল্প’ (২১ আগস্ট ২০০৭), ‘কাশ্মীরি জঙ্গিদের ঘনিষ্ঠ মাওলানা তাজ জানেন গ্রেনেডের উৎস’ (১৬ নভেম্বর ২০০৭), ‘হরকাতুল জিহাদের ১২ জঙ্গি গ্রেনেড হামলা চালায়’ (২১ আগস্ট ২০০৭), ‘হামলায় দুই অংশগ্রহণকারী ভারতে নিহত, তথ্য গোপন করে জোট সরকার’ (৬ জানুয়ারি ২০০৮), ‘সাবেক উপমন্ত্রী পিন্টুরা তিন ভাই জড়িত’ (১৫ মে ২০০৮), ‘শেখ হাসিনাকে চারবার হত্যার চেষ্টা চালায় হরকাতুল জিহাদ’ (২১ আগস্ট ২০০৮), ‘জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত’সহ (২১ আগস্ট ২০০৮) আরও অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম আলো এই গ্রেনেড হামলার রহস্য উদ্ঘাটনে সচেষ্ট ছিল এবং এখনো আছে। তদন্তকারী সংস্থাকে উদ্ধৃত করে প্রথম আলোই প্রথম প্রকাশ করেছিল, বিএনপির উপমন্ত্রী পিন্টু ও তার দুই ভাই গ্রেনেড হামলায় জড়িত। এসব অনুসন্ধানী ও তথ্যবহুল প্রতিবেদন তদন্ত পরিচালনাকারী সংস্থাসহ সব মহলে সমাদৃত হয়।আমরা লক্ষ করছি, ২১ আগস্ট মামলাটির তদন্ত ভিন্ন খাতে নিতে চারদলীয় জোট সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো যে তৎপরতা চালিয়েছিল, বিশেষ কোনো মহল থেকে এখনো সে চেষ্টা চলেছে। হীন স্বার্থে বা প্রকৃত অপরাধীদের আড়াল করতে বা শাস্তির বাইরে রাখতে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার তৎপরতায় এখনো কেউ জড়িত কি না, তার তদন্ত হওয়া দরকার।সত্য প্রকাশে অবিচলসংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যই হলো সমষ্টির দায়বদ্ধতা। সেখানে ব্যক্তিবিশেষের কোনো ভ্রান্ত কিংবা বিদ্বেষপ্রসূত কর্মকাণ্ডের দায় সরকারকেই বহন করতে হয়। সাংসদদের ক্ষেত্রে এটা বহুগুণ বেশি তাৎপর্যমণ্ডিত। সেদিনের আলোচনায় সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলার বিষয়টিও আমরা লক্ষ করেছি। সংবাদপত্রের গুরুত্ব অনুধাবন করেন বলেই তাঁরা সেটা বলেন। সংসদের কাছ থেকে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি। কিন্তু বিশেষ স্বার্থান্বেষী মহলের অব্যাহত বিদ্বেষপূর্ণ, মানহানিকর অপপ্রচার যখন কোনো সাংসদ জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যান, তখন আমরা আক্রান্ত বোধ করি। আমরা মনে করি, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবি পূরণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া প্রয়োজন।১২ বছর ধরে বহু হুমকি, আক্রমণ ও মিথ্যা প্রচারের মুখেও প্রথম আলো তার স্বাধীন সাংবাদিকতার নীতি সমুন্নত রেখে চলেছে। প্রথম আলো সব সময় ন্যায়, স্বাধীনতা, গণতন্ত্র ও প্রগতির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের লাখ লাখ সচেতন পাঠক ও গণতন্ত্রকামী মানুষ আমাদের শক্তি। কোনো ভয়ভীতি ও চাপের কাছে নতিস্বীকার না করে প্রথম আলো স্বাধীন, সৎ ও নির্ভীক সাংবাদিকতায় অবিচল থাকবে।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।