প্রথম আলোই প্রধান যোগসূত্র
একটা সময় ভোরের চায়ের সঙ্গে বা নাশতার টেবিলে প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস ছিল। ইন্টারনেটের এই যুগে সে অভ্যাস প্রায় হারিয়েই গেছে বলা চলে। এখন গুগল বা ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন যে কারোরই আঙুলের নাগালে আছে। ইন্টারনেটে লগ ইন করে কি-বোর্ডে টাইপ করা মাত্র অতি চেনা খবরের কাগজের ওয়েবসাইট চোখের সামনে আপনা থেকেই খুলে যাবে। পড়ে নেওয়া যাবে চলতি দিনের বা আগের যেকোনো দিনের খবর। এখন আর চায়ের টেবিলজুড়ে খবরের কাগজ মেলে ধরে পড়ার দরকার হয় না। আমার বিদেশবাস তিন দশক পেরোতে যাচ্ছে। প্রথম দিকে দেশ থেকে ডাকে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা আনতাম। তাতে সুবিধা না হওয়ায় স্থানীয় বাজারে দেশি কাগজ সুলভ হলে সেখান থেকে তা সংগ্রহ করতাম। এক দশক আগে সব ঝক্কিঝামেলা পেরিয়ে দেশের বেশ কটি পত্রিকা তাদের পাঠকদের জন্য অনলাইন সংস্করণ খুলতে শুরু করে। এর সূচনালগ্ন থেকেই প্রতিদিন আমি কম করে হলেও দুটি দেশি দৈনিক খবরের কাগজ অনলাইনে দেখতে শুরু করি। আমি ও আমার স্ত্রী নাজু সাধারণত রাত ১২টা থেকে একটার মধ্যে ঘুমাতে যাই। ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে সাতটায় আমি অফিসে হাজিরা দিই। নাজু ৪০ মিনিট বাসে চেপে আটটার আগে তার স্কুলে পৌঁছায়। কাজেই সকালে আমাদের আর কোনো কিছু করারই অবকাশ থাকে না। আমরা খবরের কাগজ পড়ি রাতে। মজার ব্যাপার হলো, দুবাইয়ের সঙ্গে ঢাকার সময়ের ব্যবধান দুই ঘণ্টা হওয়ায় দেশের সবচেয়ে পঠিত ইংরেজি দৈনিকটি দুবাই সময় ১০টার মধ্যেই পড়ে ফেলতে পারি। রাত ১০টায় ডেইলি স্টার-এর শিরোনাম পড়া শেষ করতে করতে আমি সার্ফিং করতে থাকি প্রথম আলোর ওয়েবসাইটে। প্রথম পাতার খবর শিরোনাম হিসেবে প্রায় সব সময়ই পড়া সম্ভব। প্রথম আলোয় আমার নিজের পছন্দের পৃষ্ঠাগুলোর মধ্যে শেষের পাতা অন্যতম। ১৬, ২০ ও ২৪ পৃষ্ঠার কিছু কিছু খবরের সঙ্গেও আমার বেশ নিবিড় সম্পর্ক থাকে। এর কারণ এখানেই ছাপা হয় দেশের প্রাণী, উদ্ভিদ ও পরিবেশ বিষয়ে নানা খবর ও প্রবন্ধ। কিন্তু প্রথম আলোর অনলাইন সংস্করণ পেতে পেতে বেশির ভাগ সময় এখানকার মাঝরাত পার হয়ে যায়। কিন্তু আমি নিজে থেকে একটি ছোট্ট পন্থা আবিষ্কার করেছি। অনলাইনে প্রথম আলোর শেষের পৃষ্ঠা পাওয়ার জন্য সাইটে ঢুকে পুরোনো সংখ্যায় গিয়ে হাল তারিখ টুকে বারবার চেষ্টা করতে থাকি। তাতে যখনই ওয়েবমাস্টার শেষ পৃষ্ঠাটি আপলোড করেন, ঠিক সেই মুহূর্তে ওই পৃষ্ঠায় ঢুকে পড়া যায়। আর আমি সেটা করি মাঝরাতেই। শোয়ার আগে প্রথম আলো পড়তে না পারলে অফিসে গিয়ে দিনের সব কর্মসূচির তালিকা দেখে, ই-মেইল চেক করে বা জরুরি চিঠিগুলোর জবাব দিয়ে প্রাথমিক কর্তব্য সেরে ফেলি। এরপর অফিসের জাম্বো ফ্লাস্কসদৃশ চায়ের মগে চুমুক দিতে দিতে প্রথম আলোর পুরো ২৪ পৃষ্ঠায় চোখ বুলাই। দেখি, দেশের কোথায় কোন প্রাণী ধরা পড়ল বা মারা গেল। দেখি, সরকার ও বন বিভাগ যখন বন ও বন্য প্রাণী সংরক্ষণের নামে দেশি গাছ সাবাড় করে বিদেশি গাছ লাগাচ্ছে কিংবা বিদেশি মাছের আবাদ করছে, তখন প্রত্যন্ত গ্রামে কোন দরদি মানুষটি একা বা সমবেতভাবে তাদের এলাকায় বক, কাস্তেচরা, পানকৌড়ি বা শামুকখোলের বাসা সংরক্ষণ করে চলেছে। জানতে পারি, মাদারীপুরের চর মুগুরিয়ার মানুষ বানরের এবং যশোরের কেশবপুরের মানুষ হনুমানের যত্ন করছে। জানতে পারি, সুন্দরবন বেষ্টন করে রাখা বিশাল জনগোষ্ঠী এখনো যুঝছে আমাদের জাতীয় প্রাণী বাংলার বাঘের সঙ্গে।দেখার চেষ্টা করি, সুশীল সমাজ কী ভাবছে দেশ, পড়শি ও বিদেশিদের সম্পর্কে। দেখি, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের ছোট ছোট উদ্যোগে সম্পন্ন হচ্ছে কত বড় বড় কাজ; বাল্যবিবাহ ঠেকাতে বা নারী নিগ্রহকারীকে শাস্তি দিতে কীভাবে এগিয়ে আসছে তরুণেরা; নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানি থেকে ডুবন্ত মানুষকে তুলে আনছে আরেকজন মানুষ। এসব দেখে আশায় বুক ভরে যায়।তার মানে এই নয় যে জাতীয় বিষয়বস্তু নিয়ে যেসব প্রতিবেদন বেরিয়েছে তার কোনোটা পড়া বাদ গেছে। হোক তা একাত্তরের ঘাতকদের বিচারপ্রক্রিয়া, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায়, জেলহত্যা বা কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডের অজানা নেপথ্য কাহিনি। সম্পাদকীয় পাতায় রাজনীতির চেয়েও বেশি আগ্রহ নিয়ে পড়ি সামাজিক বা প্রতিবেশী রাষ্ট্রবিষয়ক লেখাগুলো। অধীর আগ্রহে অপেক্ষা করি শুক্র আর শনিবারের জন্য। কারণ এ দিন বেরোয় ‘অন্য আলো’ ও ‘ছুটির দিনে’। এগুলোতে মনোরঞ্জক খবর বেরোলেও প্রায়ই প্রকাশিত হয় গুরুত্বপূর্ণ সব তথ্য। আর ‘রস+আলো’ও না পড়লেই নয়। দেশের রাজনীতির ও হইহট্টগোলের খবর দেখি বটে টিভি চ্যানেলগুলোতে, রাতের বেলা। কিন্তু সারা দেশের বিশদ সংবাদ ও জীববৈচিত্র্যের খবরের জন্য অধীর আগ্রহে বসে থাকি প্রথম আলোর অনলাইন সার্ফ করার মুহূর্তটির জন্য। বলাই বাহুল্য, বাংলাদেশের মাটি ও প্রকৃতির সঙ্গে আমার দীর্ঘ প্রবাসজীবনের প্রধান যোগসূত্র প্রথম আলো।ড. রেজা খান: দুবাই চিড়িয়াখানার প্রধান।