প্রথম আলোকে দেখে নেওয়ার হুমকি নাসিম ওসমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। তিনি বলেন, ‘শক্তির দিক থেকে আমরা নারায়ণগঞ্জে একচ্ছত্র। আমাদের ধারে-কাছে কেউ নেই। প্রথম আলোকে কীভাবে দেখে নিতে হয়, আমাদের জানা আছে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে উদ্দেশ করে নাসিম ওসমান বলেন, ‘একজন-দুজন কাউকে মারলে সেটি হয় মাইর। পাঁচজন মারলেও মাইর। ১০০ জন মারলেও মাইর। কিন্তু যদি ক্ষিপ্ত হয়ে লাখ লাখ লোক পত্রিকাটির সম্পাদককে মারধর করে, সেটি হবে গণমাইর। প্রয়োজনে আমরা এ কাজ করব। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে লাখ লাখ লোক ঢাকায় যাবে।’নাসিম ওসমান বলেন, ‘যারা আমাদের গডফাদার বলে, তাদের বলতে চাই, আমরা যদি গডফাদার হতাম, তাহলে তাদের কবরে এত দিনে বটগাছ জন্মে যেত।’সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিম ওসমান এসব কথা বলেন। একসঙ্গে তিনি মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভীর কঠোর সমালোচনা করেন। বলেন, ৩০ অক্টোবরের নির্বাচনে শামীম ওসমানের জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।সংবাদ সম্মেলনে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, শহর আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদমাধ্যমের সমালোচনা: সংবাদ সম্মেলনের শুরুতেই নাসিম ওসমান প্রথম আলোকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন। বলেন, ‘প্রথম আলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দ্বিধাবিভক্ত করে দেশকে জঙ্গির হাতে তুলে দিতে চায়। পত্রিকাটির সম্পাদক একসময় কমিউনিস্ট নেতা হলেও এখন পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল জীবন যাপন করেন। তাঁরা শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জননেতা শামীম ওসমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন এবং শামীম ওসমানকে হেয়প্রতিপন্ন করাসহ আমার ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের সব সুন্দর ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চান।’প্রথম আলোসহ আরও কয়েকটি পত্রিকা ও টিভি চ্যানেল নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে বলে উল্লেখ করেন নাসিম ওসমান। প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সংবাদ সম্মেলনে এসব কথা বলছেন কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব সংবাদের প্রতিবাদ করার ইচ্ছা আমার নেই। ওরা আমাদের শত্রু। ওরা বিএনপি-জামায়াতের বুলি আওড়াচ্ছে।’আইভীর সমালোচনা: সাবেক পৌর মেয়র ও সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভীরও কঠোর সমালোচনা করেন নাসিম। বলেন, ‘সাবেক মেয়র সব বিধিনিষেধ উপেক্ষা করে খাল ভরাট করেছেন, মার্কেটের নামে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। পৌরসভার জায়গায় মার্কেটের নামে যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তার কথা কি আপনাদের জানা নেই। মার্কেটগুলোর দোকানের মালিক কারা? প্রথমে কত টাকায় বিক্রি হয়েছে। পরে কত টাকায় বিক্রি হয়েছে। এসবের সংবাদ তো প্রকাশিত হয় না!’ আইভীকে ইঙ্গিত করে তিনি বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে যে-ই নির্বাচন করুক, পাঁচ হাজার ভোট পাবে।উন্নয়নের যত প্রতিশ্রুতি: এর আগে নির্বাচন সামনে রেখে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়ায় নাসিম ওসমানকে সতর্ক করে চিঠি দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই চিঠি উপেক্ষা করে নাসিম ওসমান সংবাদ সম্মেলন ডেকে নানা প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসেছি। অচিরেই সেতু চালু হবে। পানি সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করছি, যার সুফল নারায়ণগঞ্জবাসী অচিরেই পাবে। নারায়ণগঞ্জে অত্যাধুনিক হাসপাতাল হবে, একাধিক বিশ্ববিদ্যালয় হবে। জলাবদ্ধতা নিরসন হবে। পার্ক হবে। নারায়ণগঞ্জ হবে শান্তির শহর।’গত পৌনে তিন বছরে কোন কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছেন—এমন প্রশ্নের জবাবে নাসিম ওসমান বলেন, ‘নানা কারণে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়নি। অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমি এখন অনেক সিরিয়াস। মেয়াদ শেষ হওয়ার আগেই সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।’নির্বাচন সামনে রেখে এসব প্রতিশ্রুতি দেওয়া আচরণবিধির লঙ্ঘন কি না, এমন প্রশ্নের জবাবে নাসিম ওসমান বলেন, ‘আমি এলাকার সাংসদ। আমি প্রতিশ্রুতি দেব না তো কে দেবে?’নাসিম ওসমান বলেন, তাঁর ভাই শামীম ওসমান সাংসদ থাকাকালে এলাকায় দুই হাজার ৬০০ কোটি টাকার কাজ করেছিলেন। তিনি সাংসদ হওয়ার পর প্রতি মুহূর্তে উন্নয়নকাজ করে যাচ্ছেন। আর আরেক ভাই সেলিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন।নির্বাচনের আগেই জয়ের ব্যাপারে নিশ্চিত হচ্ছেন কী করে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম ওসমান বলেন, ‘আগে তো মনে হয়েছে কম ভোটে জিতব। কিন্তু এখন মনে হচ্ছে, শামীম ওসমান বিপুল ভোটে জয়লাভ করবে। কেউ তার জয় ঠেকিয়ে রাখতে পারবে না।’নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া: নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচন চলাকালে কোনো সাংসদ নতুন প্রতিশ্রুতি দিতে পারবেন না। প্রতিপক্ষের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না। কিন্তু নাসিম ওসমান গতকালের সংবাদ সম্মেলনে সবই করেছেন।এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘এর অগেও সাংসদ নাসিম ওসমানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনের ব্যাপারে কমিশনের কাছে আগেই তথ্য ছিল। আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সবকিছু নিয়ে একটি প্রতিবেদন দেবেন। এর ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’সেলিনা হায়াত আইভির বক্তব্য: সমালোচনা ও অভিযোগের বিষয়ে সেলিনা হায়াত আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী। এই মুহূর্তে কারও বিরুদ্ধে কিছু বলা সমীচীন নয়।’ আইভি বলেন, ‘আমি আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্বে থাকাকালে পৌরসভা কোনো খাল ভরাট করেনি। পৌরসভার বেদখল হওয়া জমি উদ্ধার করে সেখানে মার্কেট নির্মাণ করে পৌরসভার আয় বাড়ানো হয়েছে। ওই টাকা দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে।’ দোকান বরাদ্দে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।আইভি বলেন, ‘গত আট বছর মেয়র হিসেবে আমার যেকোনো কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে যেকোনো সময়, যেকোনো জায়গায় জবাবদিহি করতে প্রস্তুত আছি।’