বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তির দাবিতে রংপুরে আজ সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আংশিক হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে ‘প্রথম আলো’র আলোকচিত্রীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রংপুর জেলা বিএনপি এই আধাবেলা হরতাল আহ্বান করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হরতাল চলাকালে শহরের সেন্ট্রাল রোডে বিএনপির বিক্ষোভ মিছিলের ছবি তোলার সময় দলের কর্মীরা ‘প্রথম আলো’র আলোকচিত্রী মঈনুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া হরতাল চলাকালে শহরের পার্কের মোড় ও পাকার মাথা এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন শহরের পায়রা চত্বরে সড়কে ক্যামেরা রেখে তাত্ক্ষণিক প্রতিবাদ জানায়।হরতালের সময় শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। রিকশাসহ হালকা যানবাহন চলাচল করেছে। শহরের বিপণিবিতানগুলো বন্ধ ছিল। রংপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি।