প্রথম আলোর উদ্যোগে সারা দেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে দেশের মানুষ। উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেক নেমে গেছে। এ ধরনের শীত মোকাবিলার প্রস্তুতি দেশের বেশির ভাগ নিম্ন আয়ের মানুষের নেই। শীতবস্ত্রের অভাবে তারা কাজের জন্য ঘর থেকে বের হতে পারছে না।এ পরিস্থিতিতে প্রথম আলো ট্রাস্ট শীতার্তদের সহযোগিতার জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ করেছে। এই অর্থে কম্বল ও শীতবস্ত্র কিনে দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা সেগুলো বিতরণ করছেন। গত বৃহস্পতিবার দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় এবং গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী ও নওগাঁয় ২০০টি করে এবং পঞ্চগড়, গোপালগঞ্জ, রাজশাহীর বাগমারা ও জামালপুরের সরিষবাড়ীতে ১০০টি করে কম্বল পাঠানো হয়েছে। গোপালগঞ্জ বন্ধুসভা ৪০০ কম্বল এবং ফরিদপুর, সিরাজগঞ্জ ও ভোলা বন্ধুসভা স্থানীয়ভাবে শীতবস্ত্র কিনে বিতরণ করেছে।এ ছাড়া প্রত্যন্ত এলাকায় বিতরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কম্বল, জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের শীতবস্ত্র প্রথম আলোর কার্যালয়ে জমা দিয়েছেন। ঢাকা বন্ধুসভার বন্ধুরাও শীতবস্ত্র ও কম্বল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছেন বিতরণের জন্য। হোটেল র্যাডিসনের দেওয়া ৯৫০টি কম্বল, ব্যান্ডবক্স নামের আরেকটি প্রতিষ্ঠানের দেওয়া এক হাজার শীতবস্ত্র এরই মধ্যে বিতরণ করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামেও একটি প্রতিষ্ঠানের দেওয়া ৪০০ কম্বল পাঠানো হয়েছে। ইপিলিয়ন গ্রুপের দেওয়া এক হাজার জ্যাকেট আজ শনিবার গাজীপুরে বিতরণ করা হবে।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, গতকাল সদর উপজেলার নাধাই ও গনশাপাড়ার ৬৫ জন আদিবাসী বয়স্ক নারীকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহায়তা করেন দেলবাড়ির আদিবাসী কর্নেলিউস মুর্মু, শিমুল মারান্ডি, নাধাই সাঁওতাল গ্রামের রাইসান সরেন, বন্ধুসভার জহিরুল ইসলাম, গিয়াসুর রহমান, নুরুল সরকার, নজরুল ইসলাম, নাহিদুল হক ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। কম্বল পেয়ে গোবরাতলা ইউনিয়নের বরেন্দ্র অঞ্চলের দেলবাড়ি সাঁওতাল গ্রামের ৯০ বছর বয়সী জবা মুর্মু বলেন, ‘গাদলা (কাঁথা) আর খাজুরের পাটিয়া গায়ে দিয়া শুয়ে থাকি বাবু। তাতে কি আর ঠান্ডা মরে। ঠান্ডার চোটে রাতে নিন্দ আসে না। আজ তোরা কম্বল দিলি, তোরঘে কম্বল লিয়া রাতে আরাম কোরে শুয়্যা নিন্দ যাব।’ আদিবাসী নেতা শিমুল মারান্ডি বলেন, বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামের অধিকাংশ মানুষ পাটি গায়ে দিয়ে শীত মোকাবিলা করছে। এ পর্যন্ত তাদের কেউ শীতবস্ত্র দেয়নি। প্রথম আলোর বিতরণ করা কম্বল আদিবাসী গ্রামের বয়স্ক মানুষ ও শিশুসন্তানের মায়েদের শীতের কষ্ট থেকে বাঁচবে।দিনাজপুর অফিস জানায়, গত বৃহস্পতিবার জেলার বোঁচাগঞ্জ উপজেলার মাছকুড়িয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল নিতে এসে কষ্টের কথা বর্ণনা করেন গ্রামের ৭২ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘বুড়া হইচো, মোর দামও ফুরাইচে। মোক এলা দেখিবার কাঁহো নাই। যে জাড় বা, তোমরা বড় নোক। শীতের তনে তোমহার গতরত কত কাপড়-চোপড়? আর হামার করুণ দশা।’কম্বল হাতে পেয়ে কয়েকজন বৃদ্ধা জানান, এর আগে আর কেউ এসব অজপাড়াগাঁয়ে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করেনি। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ছবিলাল সরকার, দিনাজপুর বন্ধুসভার সভাপতি এখলাছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি দেড় শ শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন।