প্রথম আলোর কালকিনি প্রতিনিধির ওপর হামলা
‘প্রথম আলো’র মাদারীপুরের কালকিনি প্রতিনিধি খায়রুল আলম আজ শনিবার সকালে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ মুজিবুল হায়দার নামের একজনকে আটক করেছে।মাদারীপুরের কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ও তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে দুলালের বক্তব্য পাওয়া যায়নি।কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কালকিনি উপজেলায় পত্রিকা বিলি করতে বাধা দেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ও তাঁর সমর্থকেরা। কালকিনি প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকেরা কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় পত্রিকার এজেন্টের অফিসে গেলে সেখানে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে। এ সময় তাদের আঘাতে ‘প্রথম আলো’র কালকিনি প্রতিনিধি খায়রুল আলমের মাথা ফেটে যায়।মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ এর মধ্যে অভিযান শুরু করেছে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।