প্রথম আলোর খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধির বহিষ্কারাদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উম্মে উমামার বহিষ্কারাদেশের কার্যকরতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।আদালত একই সঙ্গে এই বহিষ্কারাদেশ কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।উম্মে উমামা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী। আদালতে তাঁর পক্ষে শুনানি করা আইনজীবী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত বহিষ্কারাদেশের কার্যকরতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এ সময়ে উম্মে উমামার স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।গত ৫ এপ্রিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হয়। এ ঘটনায় ৪ জুন শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও শিক্ষকদের গালিগালাজের অভিযোগে ৩৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। একই সঙ্গে তাঁদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলে আপিল করলে ২৯ জুন তাঁদের শাস্তি কমিয়ে অর্ধেক করা হয়। একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উম্মে উমামা হাইকোর্টে রিট করেন।