প্রথম আলোর চোখে সেরা ৫
ডিফেন্ডাররক্ষণভাগে খেলে তারকা হওয়া খুব কঠিন। তার পরও কেউ কেউ ব্যতিক্রম হয়ে যান। যেমন হতে পারেন এই পাঁচের কেউ। একমাত্র ডিফেন্ডার হিসেবে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ফ্যাবিও ক্যানাভারোর জন্য এই বিশ্বকাপ শেষবারের মতো জ্বলে ওঠার সুযোগ। গত বিশ্বকাপে টানা ৩৮৬ মিনিট কোনো ফাউল না করে রেকর্ড গড়া লুসিও এবার ব্রাজিলের অধিনায়ক। ইংল্যান্ডের জন টেরি অনেকের মতেই বিশ্বসেরা ডিফেন্ডার। রক্ষণে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ওয়াল্টার স্যামুয়েল। তারুণ্যের ঝান্ডা উঁচিয়ে এই চারজনের সঙ্গী স্পেনের জেরার্ড পিকে। গোলরক্ষকফুটবল খেলার আনন্দ-উত্তেজনা-শিহরণ সবই গোলকে কেন্দ্র করে। অথচ মাঠের দু প্রান্তে দুজন থাকেন, যাঁরা ভেসে চলেন মূল স্রোতের বিপরীতে। তাঁরা গোলরক্ষক, কাজ—গোল ঠেকানো। তা করেও তারকা হয়ে যেতে পারেন অনেকে। যেমন স্পেনের ইকার ক্যাসিয়াস। সেরা গোলরক্ষকের পুরস্কার ‘লেভ ইয়াসিন ট্রফি’ পাওয়ায় তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের হুলিও সিজার। একসময়ের অবিসংবাদিত বিশ্বসেরা ইতালির জিয়ানলুইজি বুফন এখনো সেরাদের একজন। যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড সামর্থ্যের প্রমাণ দিয়েছেন গত কনফেডারেশনস কাপের সেরা হয়ে। আর ডেনমার্কের টমাস সোরেনসেন প্রায় এক যুগ ধরে গোলবারের নিচে নির্ভরতার প্রতীক।ফরোয়ার্ড‘ফুটবলের সবচেয়ে সুন্দর জিনিস হলো গোল’—মারিও জাগালো বলেছেন সবার মনের কথাটাই। তারকাদ্যুতিও তাই ফরোয়ার্ডদেরই বেশি। গত কিছুদিন যা সবচেয়ে বেশি ছড়িয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদো তো তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েই আছেন। ওয়েইন রুনির সাম্প্রতিক ফর্মই ৪৪ বছর পর শিরোপার স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। স্পেনের ডেভিড ভিয়া আর ব্রাজিলের লুইস ফ্যাবিয়ানো হয়তো তারকাখ্যাতিতে একটু পিছিয়ে। কিন্তু ম্যাচপ্রতি গোলের হিসাব দেখলে সেরা পাঁচে রাখতেই হবে তাঁদের।মিডফিল্ডারমিডফিল্ডাররাই দলের প্রাণভোমরা, খেলাটা তৈরি হয় তাঁদের পায়ে পায়েই। ব্রাজিল যেমন আবর্তিত হবে ২০০৭-এর বর্ষসেরা কাকাকে ঘিরেই। বার্সেলোনার খেলা বানানোর কারিগর জাভি বিশ্বকাপেও একই ভূমিকায় থাকবেন স্পেনের হয়ে। চোট চোখ রাঙাচ্ছে, তার পরও গত বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা আন্দ্রে পিরলো জ্বলে উঠতে পারেন আবারও। ইংল্যান্ডের জার্সি গায়ে লিভারপুলের স্টিভেন জেরার্ডকে খুঁজে পাওয়া গেছে খুব কমই, তবে তাঁর সেরাটা হয়তো বের করে আনবে হঠাৎ পাওয়া অধিনায়কের আর্মব্যান্ড। ফ্রাঙ্ক রিবেরির মধ্যে ফ্রান্স খুঁজবে জিনেদিন জিদানের ছায়া।