প্রথম আলোর পাবনা কার্যালয় তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোর পাবনা কার্যালয়ে তছনছ ও চুরির ঘটনা ঘটেছে। ইফতারের সময় কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা করা হয়েছে।পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার উল্লাস ও অফিস সহকারী রাকিবুল ইসলাম ইফতার করতে কার্যালয় তালাবদ্ধ করে বাসায় গেলে এ ঘটনা ঘটে। ইফতারের পর রাকিবুল প্রথমে কার্যালয়ে এসে তালা ভাঙা দেখতে পান। তিনি কার্যালয়ে প্রবেশ করে টেবিল, চেয়ার, ল্যাপটপসহ অফিসের জিনিসপত্র তছনছ অবস্থায় পান। তিনি জানান, কম্পিউটার টেবিলে রাখা ডিজিটাল ক্যামেরা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা সম্ভবত সেগুলো নিয়ে গেছে। ঘটনার পর পাবনা প্রেসক্লাবের সভাপতি রুমি খোন্দকার, সাধারণ সম্পাদক উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাজিউর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ ভৌমিকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি দাবি করেছেন।