প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহউদ্দিন মুখোশ পরা সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনে এ ঘটনা ঘটে। মিসবাহকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিসবাহউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক ছাত্র।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত পৌনে আটটার দিকে মিসবাহ হলের সামনে বের হন। এ সময় হলের রাস্তা দিয়ে দুটি মোটরসাইকেলে করে মুখোশ পরা ছয় ব্যক্তি আসে। তারা মিসবাহর পথরোধ করে। মিসবাহ দৌড় দিলে দুর্বৃত্তরা রামদা দিয়ে কোপ দেয়। একটি কোপ তাঁর বাঁ হাতে লেগে জখম হয়েছে। পরে তিনি হলের পুলিশ ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে সেখানে তাঁর সহকর্মী সাংবাদিকেরা জড়ো হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত সাড়ে আটটার দিকে মিসবাহকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত সাড়ে নয়টায় যোগাযোগ করলে কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে জানান, মিসবাহর বাঁ হাতের দুটি জায়গায় জখম রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। হাড়ের কোনো ক্ষতি হলো কি না তা দেখতে এক্স-রে করা হয়েছে।মিসবাহ বলেন, ‘হামলাকারীরা মোটরসাইকেলযোগে এসে আমাকে ঘিরে ধরে। তাদের হাতে রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। সাংবাদিক পরিচয় পেয়ে দুর্বৃত্তরা রামদা উচিয়ে বলে “আমরা তুকে চিনেই এসেছি...”। এ অবস্থায় আমি দৌড় দিই।’ মিসবাহ ধারণা করছেন, সাংবাদিকতার কারণে ক্ষিপ্ত কোনো মহল তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। মিসবাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাঁর সহকর্মীদের সঙ্গে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের হামলার ঘটনায় আমরা ভীতসন্ত্রস্ত।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে জানান, খবর পেয়ে মিসবাহকে বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজ নিচ্ছে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, রাত নয়টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারী শনাক্ত করতে একদল পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে মিসবাহকে দেখতে আসেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্রকল্যাণ উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, সহকারী প্রক্টর নিলয় সরকার প্রমুখ। এ সময় মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রথম আলোকে বলেন, হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।