প্রথম আলোর বক্তব্য
বিশ্বজুড়ে খাদ্যপণ্য এবং দেশে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিদেশ থেকে খাদ্য আমদানি এর মধ্যে উল্লেখযোগ্য। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে সরকার যে দাম ও শর্তে খাদ্য আমদানি করছে, তাতে জাতীয় স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে, তার পর্যালোচনা তুলে ধরতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।খাদ্যমন্ত্রী তাঁর দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলেছেন, ২০১০ সালের আগস্ট মাস থেকে বিশ্ববাজারে গম ও চালের দাম বাড়তে শুরু করে। দাম বাড়-বাড়ন্ত অবস্থায় আগস্টে সরকার ভিয়েতনাম থেকে প্রতি টন ৩৮৯ ডলার দরে ৫০ হাজার টন চাল কেনে। ডিসেম্বরে দাম যখন আরও বাড়ে, তখন ৫৪৫ ডলার দরে দুই লাখ টন চাল কেনা হয়।খাদ্যমন্ত্রীর বক্তব্যেই বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি থাইল্যান্ড থেকে ৫৮০ ডলার দরে দুই লাখ টন চাল কেনার চুক্তি করে সরকার। কিন্তু এই চুক্তি করার তিন দিন পর ৭ ফেব্রুয়ারি থেকেই আন্তর্জাতিক বাজারে চালের দাম কমতে থাকে, যা বর্তমানে ৪৯৭ ডলারে নেমেছে।এ অবস্থায় সরকারের নীতিনির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের বোঝা উচিত ছিল যে এই সময়ে বিশ্ববাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম কমবে। এটা বুঝতে পারলেই ৪ ফেব্রুয়ারি চুক্তি না করে কিছুদিন অপেক্ষা করলেই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় করা যেত।প্রথম আলো আরও বলার চেষ্টা করেছে যে ভিয়েতনাম ও থাইল্যান্ডের চাল আসা শুরু হবে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে। এই সময় থেকেই দেশের হাওর এলাকায় এবং এর পর থেকে সারা দেশে বোরো ধান কাটা শুরু হবে এবং চালের দাম কমে আসবে। তাই দেশে চালের ভরা মৌসুমে সংকটের সময়ের চেয়েও বাড়তি দামে চাল কেনা যৌক্তিক হলো কি না, তা ভেবে দেখা দরকার।দেশে চালের উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে চালের মূল্য পর্যবেক্ষণের জন্য সরকারের আলাদা বিভাগ রয়েছে। অভ্যন্তরীণ বাজার থেকে কী পরিমাণে ধান-চাল সংগ্রহ করা হবে, আর বিদেশ থেকে কখন কত টাকায় খাদ্য আমদানি করা যাবে, সে সম্পর্কে সঠিক পর্যালোচনা না করে খাদ্য সংগ্রহ করতে গেলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হওয়ার আশঙ্কা থাকে। তাই এ সম্পর্কে জাতীয় স্বার্থে বহুমুখী তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।প্রতিবেদনটি তৈরির আগে এবং মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাওয়ার পর প্রথম আলোর পক্ষ থেকে দেশের কয়েকজন শীর্ষস্থানীয় চাল আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভিয়েতনাম, মিয়ানমার ও পাকিস্তান থেকে প্রতি টন ৪২০ থেকে ৪৩০ ডলার দরে চাল আমদানি করেছেন। তাঁরা বলেন, চালের দর কত হবে তা নির্ভর করে আমদানিকারকের সঙ্গে রপ্তানিকারকের সম্পর্ক ও দরকষাকষির ওপর। চুক্তি সম্পাদনের পর চাল সরবরাহের পর্যায়ে দাম হঠাৎ করে বেশি কমে গেলে দরকষাকষির মাধ্যমে তা পুনর্বিবেচনা করার জন্য রপ্তানিকারককে অনুরোধ করা যায়। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম কমলে রপ্তানিমূল্যও কমানো হয়ে থাকে।