প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধির বিরুদ্ধে আবার মিথ্যা মামলা
গত ২৫ ডিসেম্বর ছিল ঢাকায় প্রথম আলোর প্রতিনিধি সম্মেলন। সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেনও। সম্মেলনে যোগ দিতে ২৪ ডিসেম্বর তিনি ঢাকায় আসেন এবং ২৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে যান।কিন্তু গত রোববার রাত ১০টার দিকে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা মো. ফেরদৌস একটি চাঁদাবাজির মামলা করেন আলতাফ হোসেনের বিরুদ্ধে। এজাহারে বাদী দাবি করেছেন, তিনি বদরগঞ্জে পশুমেলার ইজারা নিয়ে মেলা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে গত ২৫ ডিসেম্বর সাংবাদিক নামধারী আলতাফ হোসেন, বাদশাহ ওসমানীসহ চার-পাঁচজন মিলে তাঁর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি কয়েকজনের উপস্থিতিতে ওই দিনই ৩০ হাজার টাকা দিয়ে দেন। কিন্তু ৫ জানুয়ারি আসামিরা মেলা কমিটির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মেলা বন্ধের হুমকি দেওয়া হয়। পরে আলোচনা সাপেক্ষে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এরপর আসামিরা আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এবার টাকা না দেওয়ায় তাঁরা বাদীকে মেলা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টিসহ প্রাণনাশের হুমকি দেন।রোববার রাতে মামলা করার সময় সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবার রহমানসহ স্থানীয় ছাত্রলীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী থানায় উপস্থিত থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকারকে মামলা নিতে বাধ্য করেন।এ নিয়ে সাংবাদিক আলতাফ হোসেনের বিরুদ্ধে তিনটি হয়রানিমূলক মামলা হলো। এর আগের মামলা দুটির একটি করেছিলেন উপজেলার দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অপরটি করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মণ্ডল। গত রোববার মামলা করার সময় তাঁরাও থানায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।গত সংসদ নির্বাচনের আগে উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে দুই দলের নেতা-কর্মীরা আলতাফ হোসেনের ওপর ক্ষুব্ধ হন।আলতাফ হোসেনের বিরুদ্ধে একই চক্র বারবার মিথ্যা মামলা করায় স্থানীয় সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমি এলাকায় কোনো মামলা-মোকদ্দমা দেখতে চাই না। এখন ঢাকায় আছি। এলাকায় ফিরে এসব মীমাংসা করে দেব।’ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘মেলা কমিটির লোকজনের চাপে মামলা নিতে বাধ্য হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’