প্রথম আলোর বর্ষপূর্তির দিনভর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর উৎসবের আয়োজন। প্রথম আলোর ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ‘যে খবর বদলে দিয়েছিল’ নামে প্রদর্শনীর মধ্য দিয়েই শুরু হবে দিনবদলের অঙ্গীকারদীপ্ত বর্ষপূর্তির এই অনুষ্ঠানমালা। সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও বরেণ্য শিল্পী রফিকুন নবী।গতানুগতিক ধারার চেয়ে একেবারেই আলাদা হবে এই প্রদর্শনী। যে পাঠকগোষ্ঠী প্রথম আলোর সফল অগ্রযাত্রায় জুগিয়ে চলেছে প্রাণশক্তি, তাদের জন্য প্রদর্শনীর দরজা অবারিত থাকবে বেলা সাড়ে চারটা অবধি। প্রদর্শনীতে থাকবে গত ১৩ বছর প্রথম আলোতে প্রকাশিত যেসব খবর সমাজের ইতিবাচক পরিবর্তনের ধারায় নিয়ামক হিসেবে কাজ করেছে, তার প্রণিধানযোগ্য কিছু নমুনা। বিশেষ বিশেষ ঘটনার আলোকচিত্র, শিশির ভট্টাচার্য্যের কার্টুন আর হরেক রকমের স্মারক।এসব ছাড়া দর্শকদের জন্য রয়েছে মজার মজার কিছু আয়োজন। ‘নকশা’র স্টলে থাকবে মেহেদি দেওয়া, মুখচিত্র অঙ্কন, টি-শার্টে নকশা করার ব্যবস্থা। শেখানো হবে বস্ত্র রাঙানোর প্রাকৃতিক রঙের ব্যবহার, মৃৎপাত্রে নকশা করার পদ্ধতি। দেশের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও রূপচর্চা বিশেষজ্ঞ ও মডেল তারকারা থাকবেন এই স্টলে। ‘আনন্দ’র স্টলে থাকবেন অভিনয়, সংগীত ও মডেল তারকারা। তাঁরা অটোগ্রাফ দেবেন, দর্শকদের সঙ্গে ছবি তুলবেন এবং তাঁদের সঙ্গে প্রাণখুলে আড্ডাও দিতে পারবেন আগ্রহীরা। প্রদর্শনীতে দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে থাকছে পাপেট শো, মাইম শো ও সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে দিনের বিভিন্ন সময় গান করবেন বিপ্লব, মেহরীন, শফিক তুহিন, সন্দীপন, আরফিন রুমী, ন্যান্সি, মিনার, কিশোর, মুহিন, সাব্বির, পুলক, শহীদ, মিমি, কাজী শুভ, ডি রকস্টার শুভ, পৃথ্বিরাজ, কোনাল, পড়শী, শশী, ইমরানসহ অনেকে।‘রস+আলো’ ও ‘ছুটির দিনে’র স্টলে থাকবে মজার মজার খেলা ও চমকপ্রদ বিভিন্ন বিষয়। চাইলে ভাগ্য গণনা করেও নিতে পারেন। জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরী থাকবেন হস্তরেখা বিচার করতে।‘স্বপ্ন নিয়ে’ ও ‘প্রথমা’র স্টলে থাকবেন আমেরিকান সেন্টারের শিক্ষাবিষয়ক কাউন্সেলর আরেফিন জাহান। তাঁর কাছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। আর প্রথমা প্রকাশনের বইগুলো থাকবেই।প্রথম আলো ট্রাস্টের স্টলে থাকবে প্রথম আলো সমাজকল্যাণ-বিষয়ক যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তার পরিচিতি।এলেই উপহারের প্যাকেট পাওয়া যাবে প্রথম আলো জবসের স্টলে। আর জবসের বিস্তারিত তথ্যসংবলিত প্রচারপত্র। উপরন্তু চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনে নিবন্ধনও করতে পারবেন। এদিকে প্রদর্শনীর উদ্বোধনের পরেই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে যাবে প্রথম আলোর সব কর্মীর সম্মিলনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনী শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকবে।