প্রথম আলোর বিরুদ্ধে বসুন্ধরার মামলার কার্যক্রম স্থগিত
প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমান এবং মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালত থেকে মামলার নথি তলব করা হয়েছে। আগামী ৮ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে।পাশাপাশি নিম্ন আদালত থেকে মামলাটি কেন হাইকোর্টে স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।এ ছাড়া মানহানিকর ও কুৎসাপূর্ণ বিজ্ঞাপন প্রকাশ এবং অন্যান্য অপতৎপরতার অভিযোগে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রথম আলোর করা মামলাটির কার্যক্রম স্থগিত করে নথি তলব করা হয়েছে। গতকাল বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালত থেকে মামলা স্থানান্তরের জন্য প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যা ও জনগুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকায় মামলা দুটি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে গত ৫ মে আবেদনটি করা হয়। শুনানি: বেলা সোয়া ১১টায় শুনানিতে অংশ নিয়ে মতিউর রহমানের আইনজীবী কামাল হোসেন বলেন, মামলা দুটির সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। এর সঙ্গে জড়িত রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিষয়টিও। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার কথা বলা আছে। এটি গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের স্তম্ভ। স্বৈরশাসনের সময় সংবাদমাধ্যমের ওপর আঘাত এসেছে। আদালত বলেন, আবেদনটি কি সাংবিধানিক বিষয় নিয়ে? জবাবে কামাল হোসেন বলেন, এর সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত। আদালতের এখতিয়ার রয়েছে বিষয়টি বিবেচনার। সংবিধান অনুযায়ী অধস্তন আদালতের বিচারাধীন কোনো মামলায় সংবিধানের ব্যাখ্যাসংক্রান্ত আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকলে অধস্তন আদালত থেকে তা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ঘটনা বর্ণনা করে কামাল হোসেন বলেন, ২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। অথচ বসুন্ধরা গ্রুপের পক্ষে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কাল্পনিক অভিযোগ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা প্রত্যাখ্যাত হয়। পরে বসুন্ধরা কর্তৃপক্ষ নিম্ন আদালতে মামলা করতে গেলে তাও খারিজ হয়। এ ছাড়া দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে মতিউর রহমান ও লতিফুর রহমানের ফাঁসির দাবি করা হয়। এমনকি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ছাপিয়ে দেশে-বিদেশে আবেদনকারীর (মতিউর রহমান) ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। সবই করা হয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে, যা সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা।শুনানি শেষে সাড়ে ১১টায় আদেশ দেন আদালত। তাঁকে শুনানিতে সহায়তা করেন আইনজীবী রমজান আলী সিকদার ও সারা হোসেন। রমজান আলী সিকদার জানান, মামলা দুটির কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। দুটি মামলা: গত বছরের ২২ নভেম্বর ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে প্রথম আলোর স্বত্বাধিকারী মিডিয়া স্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান এবং প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমান ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত বসুন্ধরার ১১ কোম্পানিকে বিবাদী করে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীপক্ষকে জবাব দাখিলের নির্দেশ দেন। প্রথম আলোর পক্ষ থেকে মামলা করার প্রায় তিন মাস পর ৪ মার্চ প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমান এবং মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।