হাইকোর্টের দুই বিচারপতির ছবিসংবলিত সংবাদকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতি বিষোদ্গার করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ নিয়ে আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে একটি প্রতিবাদ সভা হয়েছে। সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে এ সভার আয়োজন করেছেন বলা হলেও সভায় মুখ্য আলোচক ছিলেন বিএনপির আইনজীবী নেতারা। সভা শেষে সমিতি ভবনের সামনে প্রথম আলো পত্রিকার আজকের একটি কপিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।আজ ‘জামিনে ব্যাপক অনিয়ম’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দিনভর আদালত অঙ্গন ছিল সরগরম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।বেলা একটার আগেই বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা সমিতির দক্ষিণ হলে জড়ো হতে থাকেন। আইনজীবী রুহুল কুদ্দুস সভা শুরু করেন। তিনি বলেন, তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। মনগড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ছবি প্রকাশের মধ্য দিয়ে আইনজীবী সমাজের চরিত্র হনন করা হয়েছে।