প্রথম আলোর বিলবোর্ড উদ্ধারে বাধা ও হুমকি
রাজধানীর তিনটি মোড়ে প্রথম আলো পত্রিকার ভাড়া করা তিনটি বড় বিলবোর্ড দখল করে টাঙিয়ে রাখা হয়েছে বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা। বিলবোর্ড তিনটির এজেন্সির কর্মীরা সেগুলো উদ্ধারের জন্য গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তিন দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কয়েকজন যুবক তাঁদের হুমকি দিয়ে ও গালিগালাজ করে তাড়িয়ে দেন।রাজধানীর পল্টন মোড়ে রংধনু বিজ্ঞাপন থেকে ভাড়া নেওয়া ৫০ ফুট ও ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের একটি, নীলক্ষেত মোড়ে প্রবর্তনা অ্যাড থেকে ভাড়া নেওয়া ৩০ ফুট ও ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের একটি এবং মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর রোডের সংযোগস্থলে (আড়ংয়ের মোড়ে) উদয়ন আর্ট পাবলিসিটি থেকে ভাড়া নেওয়া ৩০ ফুট ও ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের তিনটি বিলবোর্ডে প্রথম আলোর বিজ্ঞাপন টাঙানো ছিল। জানা যায়, গত সোমবার প্রথম আলোর বিজ্ঞাপনের ওপরই সরকারের উন্নয়নের ফিরিস্তিসংবলিত বিজ্ঞাপনের পিভিসি শিট টাঙিয়ে দেন কিছু যুবক। গতকাল বিকেলে, সন্ধ্যায় ও রাতে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার কর্মীরা বিলবোর্ডগুলোকে আগের অবস্থায় আনতে গেলে কয়েকজন যুবক বাধা দেন।সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারা জানান, পল্টন মোড়ে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে ওই যুবকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এরপর বিজ্ঞাপনী সংস্থার কর্মীরা সেখান থেকে চলে আসেন।সম্প্রতি নজিরবিহীনভাবে রাতারাতি ঢাকা শহরের বিলবোর্ডগুলো দখল হয়ে গেছে। এসব বিলবোর্ড ভাড়া নিয়ে এত দিন যেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়ে আসছিল, সেগুলো ঢেকে ফেলে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র।বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং এসটাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন ও বিলবোর্ড মালিক সমিতির নেতারা বলেন, প্রায় ২০০ বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিলবোর্ড দখল হয়ে গেছে।বিলবোর্ডগুলো দখল হয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলো। বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ঈদের আগে সেসব প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করা যাচ্ছে না।গোটা ঢাকা শহর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিজ্ঞাপনে ছেয়ে গেলেও কারা এটা করেছে, এ ব্যাপারে বিলবোর্ডগুলোতে কোনো তথ্য নেই। এত বড় একটি ঘটনার দায়িত্ব প্রকাশ্যে কেউ স্বীকার করছে না। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে জানান। বিলবোর্ড নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারাও কিছু বলতে পারেননি।জানতে চাইলে গতকাল স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের বিলবোর্ড দখলের ব্যাপারে কোনো বিজ্ঞাপনী সংস্থা বা এজেন্সি এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কেউ লিখিত অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অবৈধ বিলবোর্ডের সংখ্যা কত এবং এর মালিক কারা—এ ব্যাপারে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ঈদের পর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হবে।